ঢাকা, অক্টোবর ২৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশঙ্কাটার কথা কোচ আর অধিনায়ক ম্যাচের আগের দিনও বলেছিলেন। টোয়েন্টি-টোয়েন্টির কুপ্রভাব পড়তে পারে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেও। ঠিকই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানের কাছ থেকে এলো মাত্র ৫৪ রান। তাদের অধিকাংশের আউটের ধরণ কাছাকাছিই। তাই ম্যাচ পরবর্তি সংবাদ সম্মেলনে ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে ক'দিন আগের টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টকেই দুষলেন অধিনায়ক সাকিব আল হাসান। বললেন,"ব্যাটিংয়ে আমরা ঠিক মনস্থির করতে পারিনি। টপ অর্ডার ব্যাটসম্যানদের সবাই বেশি বেশি শট খেলতে গিয়ে উইকেট বিলিয়েছে। ওয়ানডের প্রস্তুতিতে ঘাটতি থাকার কারণেই হয়তো এমনটি হয়েছে।"
টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৫ উইকেটে হেরে যাওয়ার জন্যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামকেও খানিকটা দায়ী করেছেন সাকিব,"উইকেট ভালো ছিল না। তবে এ ধরণের উইকেটেও ২৩০ থেকে ২৪০ রান তোলা সম্ভব।" একটু ঘুরিয়ে হলেও অবশ্য ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা আবার এলো অধিনায়কের বক্তব্যে।
সিরিজের শুরুতে হোঁচট খেলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঝরেছে বাংলাদেশ অধিনায়কের কন্ঠে। কাগজে-কলমে দু দলের তফাৎ এখনো আশাবাদী করছে তাকে ,"তুলনামূলকভাবে আমরা ওদের চেয়ে অনেক ভালো দল। আশা করি পরের ম্যাচেই ব্যাটসম্যানরা রানে ফিরবে।"
বাংলাদেশকে ফেবারিট মেনে সিরিজ শুরু করলেও ম্যাচ শেষে এলটন চিগুম্বুরা ভেবে পাচ্ছিলেন না এখন আর নিজেদের বাংলাদেশের চেয়ে পেছনে রাখা ঠিক হবে কি না। তবে আগের বক্তব্য থেকে একেবারে সরে না গিয়ে প্রথম ম্যাচের নায়ক এবং জিম্বাবুয়ে দলের সহ-অধিনায়ক শুধু বললেন,"বাংলাদেশ এগিয়ে থাকতে পারে, তবে আমরা আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। "
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৫৫ ঘ.
bdnews24