ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাগতিক হিসেবে বাংলাদেশকে এগিয়ে রাখার যত চেষ্টাই করুক জিম্বাবুয়ে, তাতে আত্মতুষ্টিতে ভুগছেন না কোচ জেমি সিডন্স। তার দৃষ্টিতে জয়ের সুযোগ দু'দলেরই সমান। প্রথম ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে যুক্তি দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টাও করলেন,"জিম্বাবুয়ে কিছু দিন হলো ভালো ক্রিকেট খেলছে। তাদেরকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। উদ্বোধনী ম্যাচে যাদের ভুল কম হবে তারাই জিতবে।"
অধিনায়ক সাকিব আল হাসানও চান না দু' দেশের সর্বশেষ সিরিজের সাফল্যে বুঁদ হয়ে নিশ্চিন্ত থাকতে। তাই কথায় তিনিও হাঁটলেন কোচের পথেই,"আমরা ভুল করলেই তার সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিতে যাবে জিম্বাবুয়ে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আগের সিরিজের ভুলগুলো এবার আর করতে চাই না।"
তবে ম্যাচে বাংলাদেশকে ফেবারিট না মানলেও সামর্থ্যের দিক দিয়ে নিজেদেরকে এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে,"আমরা অনেক দিন হলো জিম্বাবুয়ের সঙ্গে খেলছি। ওদের চেয়ে আমাদের ম্যাচ উইনার বেশি। তাদের দু'জন ম্যাচ উইনার হলে আমাদের দলে আছে চার জন।"
সিরিজ শুরুর আগে টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট হওয়ায় ব্যাটসম্যানরা অতিমাত্রায় শট খেলার ভুল করতে পারে এমন একটা শঙ্কা তাড়িয়ে বেড়াচ্ছে কোচকে। অবশ্য শঙ্কাটা যে অমূলক নয় তা বোঝা গেল সাকিবের কথাতেও, "টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলার পর নেট প্র্যাকটিসেও বেশি শট খেলতে ইচ্ছে করেছে। একদিনের ম্যাচে এভাবে শট খেললে আউট হওয়ার ঝুঁকি বেড়ে যাবে।"
বাংলাদেশের অধিনায়ক এবং কোচ যত রকমের শঙ্কার কথাই বলুন না কেন নিজেদের মাঠে বাংলাদেশই ফেবারিট। উইকেট তৈরি যথারীতি স্বাগতিকদের পছন্দে। সেরা একাদশ তৈরি করা হচ্ছে সেই উইকেটের কথা মাথায় রেখেই। দুই পেসার রুবেল হোসেন আর ডলার মাহমুদ খেলবেন। আব্দুর রাজ্জাকসহ চার স্পিনার থাকছেন। তার মানে, বাংলাদেশের ছয় বোলারের বিপক্ষে লড়তে হবে জিম্বাবুয়েকে।
ওদিকে কাগজে-কলমে স্বাগতিক দলকে ফেবারিট মেনে নিয়েই সিরিজ শুরু করতে যাচ্ছে জিম্বাবুয়ে। তবে প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশের কন্ডিশন ভালোই বুঝে নিয়েছেন তারা। বাংলাদেশকে ফেবারিট মেনে নিয়েই জিম্বাবুয়ে অধিনায়ক প্রসপার উতসেইয়া বললেন,"নিঃসন্দেহে বাংলাদেশ এগিয়ে থাকছে। তবে তাদের পারফরম্যান্স নিয়ে ভাবছি না। আমরা শুধু নিজেদের সেরা খেলাটা খেলতে চাই।"
এমনিতে পরিসংখ্যানে দু পক্ষই সমান। এ পর্যন্ত ৪২ ম্যাচ খেলে ২১টি করে জিতেছে দুই দেশ। যদিও জিম্বাবুয়ের বেশির ভাগ সাফল্যই টেস্ট ক্রিকেটে থাকার সময়ে আর বাংলাদেশের বেশি সাফল্য সঙ্কটাপন্ন জিম্বাবুয়ের বিপক্ষে।
মঙ্গলবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে দিবারাত্রির ম্যাচ দিয়ে। ম্যাচটি বিটিভি, নিও স্পোর্টস এবং সুপার স্পোর্টস সরাসরি স
bdnews24