ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচ জিতেছিল হাড্ডাহাড্ডি লড়াই করে। তবে সোমবার দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল পাত্তাই পায়নি। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে সাত ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ শুরুটা ভাল করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। উদ্বোধনী জুটি ভাঙ্গে দলীয় ৪১ রানে। জেমস ভিন্সকে (২৫) সরাসরি বোল্ড করে দেন পেসার আবুল হাসান। পরের বলেই বিদায় দেন আসা জোস বাটারকে। এরপর শাকের আর সৈকতের বোলিং তোপের মুখে একে একে সাজ ঘরে ফেরেন বাকি ব্যাটসম্যানরা। ৩৫.৪ ওভারে ৯৭ রান তুলেই অল-আউট হয়ে যায় সফরকারী দল। ১০ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন সৈকত আলী, দুটি করে উইকেট নেন আবুল হোসেন ও শাকের আহমেদ।
জবাবে লক্ষ্যে পৌঁছাতে মোটেও বেগ পেতে হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। এনামুল হকের ৫৬ রানই কাজ অনেকটা সহজ করে দেয়। ৩ উইকেট হারালেও ২২.১ ওভারে ১০০ রান করে ফেলে স্বাগতিক দল। ম্যাচ সেরা হয়েছেন সৈকত আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৬৪২ ঘ.
bdnews24