চেন্নাই, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের স্ত্রী হুমা মারা গেছেন। চিকিৎসকরা বলছেন, হার্ট ও কিডনি সমস্যা দেখা দেয়ার পর রোববার সকাল দশটার দিকে তিনি মারা যান।
তিনটি টিউমারের চিকিৎসার জন্য গত মঙ্গলবার লাহোর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সময় হুমার অবস্থার অবনতি ঘটে। এতে জরুরিভিত্তিতে অ্যাম্বুলেন্সটি চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে সঙ্গে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হুমাকে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মস্কিষ্কের টিউমার তিনটির অপারেশন করার কথা ছিল।
মৃত্যুকালে হুমার বয়স হয়েছিল ৪২। তামিউর ও আকবর নামের দুই সন্তান রেখে গেছেন তিনি। মরদেহ পাকিস্তানে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে। হুমা নিজেও একজন মনোচিকিৎসক ছিলেন। কাজ করেছেন পাকিস্তানের প্রধান কয়েকটি হাসপাতালে।
১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে দ্বিতীয় দফায় ওয়াসিম যখন অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন তখন হুমা পাকিস্তান ক্রিকেট দলের মনো-উপদেষ্টা হিসেবে কাজ করেন। এছাড়া ১৯৯৩-৯৪ সালে ওয়াসিমের অধিনায়কত্বের বিরুদ্ধে খেলায়াড়দের বিদ্রোহের সময় স্বামীকে মানসিকভাবে চাঙ্গা রাখতে সহায়তাও করেছিলেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (পিসিবি) ইজাজ বাট হুমার মৃত্যুতে শোক জানিয়েছেন।
সর্বকালের সেরা পেসারদের অন্যতম আকরাম ১৭ বছরের ক্রিকেট জীবনে ১০৪টি টেস্টে ৪১৪ ও ৩৫৬টি একদিনের ম্যাচে ৫০২টি উইকেট নিয়েছেন। ক্রিকেটকে বিদায় জানান তিনি ২০০২ সালে। বর্তমানে টেলিভিশন ভাষ্যকার হিসেবে কাজ করছেন ৪৩ বছর বয়সী ওয়াসিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১৫ ঘ.
bdnews24