ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার ঘরোয়া দল ভিক্টোরিয়া বুশরেঞ্জার্সের বিপক্ষে আন্ডারডগ হিসেবে নেমেছিল জিহান মোবারকের দল ওয়াইয়াম্বা একাদশ। কিন্তু খেলায় তার প্রমাণ মিললো না। আন্ডাডগেরাই ম্যাচ জিতে নিল ১৫ রানে। কিন্তু এ জয়ও তাদের তুলতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে। রান রেটে লঙ্কানদের পিছনে ফেলে দ্বিতীয় পর্বে চলে গেছে দিল্লী ডেয়ারডেভিলস ও ভিক্টোরিয়া বুশরেঞ্জার্স।
টস জিতে ব্যাট করতে নামা ওয়াইয়াম্বা ৪ রানের মাথায় হারায় প্রথম উইকেট । দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়ে তোলেন ভ্যানডর্ট ও কুলাতুঙ্গা। টোয়েন্টি টোয়েন্টি ক্যারিয়ারের ৮৯.৩৮ স্ট্রাইক রেট ধরে রেখে ভ্যানডর্ট শুরুটা করেন খুবই ধীর গতিতে। প্রথম চার রান তুলতেই খেয়ে ফেলেন ১৭ টি পাওয়ার প্লে-বল। শেষ পর্যন্ত নিজের স্কোরটাকে ৪২-এ নিয়ে গেলেও খেলেছেন ৪৪ বল। সঙ্গী কুলাতুঙ্গা ৩৯ বলে করেন ৪১ রান। এ দুজনের বিদায়ের পর উইকেট বিলিয়ে দেয়ার মিছিলে নামে লঙ্কান দলটি। ২০ রানে হারিয়ে ফেলে ৬ টি উইকেট। শেষ পর্যন্ত ধুঁকতে ধুঁকতে নির্ধারিত ২০ ওভারে তাদের স্কোর গিয়ে দাঁড়ায় ১১৮।
শেন হারউড ৩টি এবং ম্যাকে ও ম্যাকডোনাল্ড পান ২টি করে উইকেট।
১১৯ রানের ছোট্ট টার্গেটকে সামনে রেখে খেলতে নেমেও বিপদে পড়ে যায় ভিক্টোরিয়া। প্রথম ওভারেই রবার্ট কুনিকে সাজঘরে ফেরান ওলেগেদারা। ব্লিজার্ড ফিরে যান ১৭ রানের মাথায়। ডেভিড হাসি ২২ বল খেলে সংগ্রহ করেন মাত্র ৭ রান। পেরেরা, মেন্ডিস, মাহরুফ ও ওলেগেদারার নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলা কষ্টসাধ্য হয়ে পড়ে অস্ট্রেলিয়ান দলটির জন্য। কিন্তু লুক্কারাচির এক ওভারে ১৮ রান তুলে ভিক্টোরিয়াকে আবারও ম্যাচে ফিরিয়ে আনেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। কিন্তু শেষ দুই ওভারে মেন্ডিস ও ওলেগেদারার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২ রানের বেশি তুলতে পারেননি তারা। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ১০৩।
দুর্দান্ত বোলিং করায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ভিক্টোরিয়ার শেন হারউড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২১১৭ ঘ.
bdnews24