ওয়েলিংটন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং, ক্রিস কেয়ার্নস ও ব্রেন্ডন ম্যাককালামের মতো ক্রিকেটার নিউজিল্যান্ডের সর্বকালের সেরা একাদশে জায়গা পাননি। যাচাই-বাছাইয়ে নির্বাচকরা কত কঠিন ছিলেন তা বোঝাই যাচ্ছে। তারপরও দলে ঢুকে পড়েছেন ড্যানিয়েল ভেট্টোরি এবং ফাস্ট বোলার শেন বন্ড। নিউজিল্যান্ডের সর্বকালের সেরা একাদশ নির্বাচন করেছেন বিশিষ্ট ক্রিকেট লিখিয়ে ও সাবেক ক্রিকেটাররা।
সবকালের অন্যতম সেরা তিন ক্রিকেটার গ্লেন টার্নার, মার্টিন ক্রো ও রিচার্ড হ্যাডলিকে বেছে নিয়েছেন ১০ সদস্যের নির্বাচক প্যানেলের সবাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের দুই ক্রিকেটার ফাস্ট বোলার জ্যাক কাওয়ি ও উদ্বোধনী ব্যাটসম্যান ডেম্পস্টারও স্থান পেয়েছেন সেরা একাদশে। নয় টেস্টে ৪৫ উইকেট নিয়েছেন কাওয়ি। আর দশটি টেস্ট খেলা ডেম্পস্টারের ব্যাটিং গড় ৬৫।
অলরাউন্ডারের জায়গাটি পেয়েছেন নিউজিল্যান্ডের প্রথম তিন টেস্ট জয়ী দলের অধিনায়ক জন রিড। উইকেটরক্ষকের স্থানটি পেয়েছেন ইয়ান স্মিথ।
ভেট্টরি ৯৪ টেস্টে ২৯.৫৯ গড়ে ৩ হাজার ৪৯২ রান করেছেন। একদিনের ২৪৫টি ম্যাচে রান করেছেন এক হাজার ৬৩২। গড় ১৬। এছাড়া টেস্টে উইকেট নিয়েছেন ৩০৩টি এবং একদিনের ম্যাচে ২৫১টি।
শেন বন্ড ১১ টেস্টে উইকেট নিয়েছেন ৭৯টি। আর ১৩৪টি উইকেট নিয়েছেন ৭৪টি একদিনের ম্যাচে।
নিউজিল্যান্ডের সর্বকালের সেরা একাদশ: গ্লেন টার্নার, ডেম্পস্টার, বার্ট সাটক্লিফ, মার্টিন ক্রো, মার্টিন ডোনলি, জন রিড, রিচার্ড হ্যাডলি, ড্যানিয়েল ভেট্টোরি, ইয়ান স্মিথ, শেন বন্ড ও জ্যাক কাওয়ি। দ্বাদশ ব্যক্তি: ক্রিস কেয়ার্নস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯৪৫ ঘ.
bdnews24