নয়া দিল্লী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুরুটা ভালো না হলেও মইসেস হেনরিকের ঝড়ো অর্ধ শতকে ১৩০ রান করে নিউ সাউথ ওয়েলস ব্লুজ। জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯৫ রানেই থেমে যায় সাসেক্সের ইনিংস। ফলে ৩৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়ার দলটি। সেই সঙ্গে উঠে যায় দ্বিতীয় পর্বে।
দিল্লীর ফিরোজ শাহ কোটলায় শনিবার টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে টস জিতে নিউ সাউথ ওয়েলস ব্যাটিং-এর সিদ্ধন্ত নেয়। জয়ের জন্য ইংলিশ দল সাসেক্সকে বেঁধে দেয় ১৩১ রানের লক্ষ্য। কিন্তু এই লক্ষ্য তাড়া করতে নেমে সাসেক্স ব্যাটসম্যানদের কেউই কোনো সুবিধা করতে পারেননি। উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে।
একমাত্র উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস ন্যাশ ২৪ রান করেন। এছাড়া উল্লেখ করার মতো রান কেউই সংগ্রহ করতে পারেননি।
নিউ সাউথ ওয়েলসের সব চেয়ে সফল বোলার ছিলেন মইসেস হেনরিক। ৪ ওভার বল করে ২৩ রানে উইকেট নেন তিনটি।
এর আগে নিউ সাউথ ওয়েলস ব্লুজের শুরুটা খুব একটা ভালো হয়নি। মাত্র ৪০ রানে দুই উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন ফিলিপ হিউজেস ও মইসেস হেনরিক। তারা ৯০ রানের জুটি গড়ে তুললে নিউ সাউথ ওয়েলসের ইনিংস থামে ১৩০ রানে।
রীতিমতো ঝড়ের গতিতে অর্ধ শতকে পৌঁছান হেনরিক। অপরাজিত ৫১ রান করেন মাত্র ৩৩ বলে। তিনটি চার ও দু'টি ছক্কা দিয়ে তিনি তার ইনিংসটি সাজান।
অপরাজিত অর্ধ শতক করেন হিউজেসও (৬২)। তবে এজন্য তাকে খেলতে হয় ৬৪ বল।
সাসেক্স অধিনায়ক এড জয়েস ঘুরিয়ে-ফিরিয়ে সাত বোলার ব্যবহার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩১৪ ঘ.
bdnews24