ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে নিউ সাউথ ওয়েলস ব্লুজ ৫৩ রানে হারিয়েছে ডায়মন্ড ইগলসকে। দিল্লীর ফিরোজ শাহ কোটলা মাঠে নিউ সাউথ ওয়েলসের ছুঁড়ে দেয়া ১৪৪ রানের জবাবে ইগলস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে মাত্র ৯১ রান।
'গ্র"প বি'-র ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউ সাউথ ওয়েলস অধিনায়ক সায়মন ক্যাটিচ। দ্বিতীয় ওভারে পিটসাঙ্গের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ফিলিপ হিউজ। দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ৭৯ রানের জুটি গড়ে তোলেন অধিনায়ক ক্যাটিচ। কিন্তু তারপরই ২ রানের মধ্যে ওয়ার্নার ও ক্যাটিচকে হারিয়ে বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়ার দলটি। ক্যাটিচ আউট হন ৪১ বলে ৫৩ রান করে। ৬টি চার ও ২টি ছয়ের মার ছিল তার ইনিংসে। ওয়ার্নার করেন ২৩ রান। অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রানের মাঝারি স্কোরই পায় ব্লুজরা। শ্যাডলে ভ্যান শ্যকুইক ২২ রানে নেন ২ উইকেট।
এই ছোট্ট টার্গেট তাড়া করতে নেমেও মুখ থুবড়ে পড়ে ডায়মন্ড ইগলস। ব্রেট লি ও স্টুয়ার্ট ক্লার্কের দুর্দান্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো পড়ে যেতে থাকে তাদের উইকেট। ২৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। বিরতিহীন উইকেট পতনের মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছিলেন রায়ান ম্যাকলারেন। কিন্তু দলকে জয়ের স্বপ্ন দেখাতে পারেন নি। পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছেন শুধু। ৪ টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৪০ রান করেন তিনি। তার কল্যাণে নির্ধারিত ২০ ওভারের পুরোটা খেলতে সক্ষম হয় ইগলস। কিন্তু স্কোর বোর্ডে ৯১ রানের বেশি তুলতে পারে নি তারা। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট পাওয়া স্টুয়ার্ট ক্লার্ক পান ম্যাচ সেরার পুরস্কার। ব্রেট লি মাত্র ১ উইকেট পেলেও ৪ ওভারে রান দেন ১৪।
আগের দিন (বৃহস্পতিবার) চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি টোয়েন্টির প্রথম ম্যাচে জেপি ডুমিনির ৫২ বলে হার না মানা ৯৯ রানে কেপ কোবরা ৫ উইকেটে হারায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। রস টেলরের ২৪ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংসের কল্যাণে ২০ ওভারের ১৮০ রানের বিশাল স্কোর গড়ে রাহুল দ্রাবিড়ের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু ডুমিনির অতিমানবীয় ইনিংসের কল্যাণে দুই বল হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় কেপ কোবরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২২১৪ ঘ.
bdnews24