ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিন পিছিয়ে ১৪ অক্টোবর থেকে শুরু হতে পারে ঢাকা প্রিমিয়ার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটির (সিসিডিএম) এক সভায় টুর্নামেন্ট পিছিয়ে দেয়ার আবেদন জানায় অংশগ্রহণকারী দলগুলো।
সিসিডিএম সভাপতি জিএস হাসান তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"বৃষ্টির কারণে প্রস্তুতি ভালো না হওয়ায় দলগুলো টুর্নামেন্ট পিছিয়ে দেয়ার দাবি তুলেছে। নীতিগতভাবে আমরাও পিছিয়ে দেয়ারই পক্ষে। কাল (মঙ্গলবার) গ্রাউন্ডস কমিটির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেব।"
মৌসুমি বৃষ্টির কারণে লিগের জন্য মাঠও প্রস্তুত করতে পারেনি গ্রাউন্ডস কমিটি। তামিম জানান, এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গেও কথা হয়েছে তাদের। দু'একদিন পরই বৃষ্টি বন্ধ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে ক্ষেত্রে ১৪ অক্টোবরই শুরু হতে পারে টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর প্রথম বিভাগ লিগ শুরু হতে পারে ২০ অক্টোবর থেকে। আগের সূচি অনুযায়ী ৯ অক্টোবর থেকে প্রথম বিভাগ এবং ১০ অক্টোবর থেকে টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৫৮ ঘ
bdnews24