সেঞ্চুরিয়ন, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিনায়ক রিকি পন্টিং এবং উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসনের জোড়া অপরাজিত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।
শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৪৭.৪ ওভারে ২৫৮ রান করে অলআউট হয়ে যায়।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন টিমোথি ব্রেসনান। এছাড়া ফিলিপ রাইট ৪৮, জোসেফ ডেনলি ৩৬ এবং পল কলিংউড ৩৪ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে পিটার সিডল ৫৫ রানে ৩টি এবং ব্রেট লি ৪৬ রানে ২ উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া দলীয় মাত্র ৬ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান টিমোথি পেইনকে হারালেও পন্টিং এবং ওয়াটসনের জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় সহজেই।
ইংলিশ বোলারদের হতাশায় মুড়িয়ে এদিন ওয়াটসন ১৩২ বল খেলে দশটি চারের মার এবং সাত ছক্কায় ১৩৬ রানে অপরাজিত থাকেন। অন্যেিদক অধিনায়ক পন্টিং ১১৫ বলে বারোটি চার এবং এক ছক্কায় ১১১* রান করেন।
ফলে ৪১.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ২৫৮ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।
সোমবারের ফাইনালে অস্ট্রেলিয়াকে মোকাবিলা করতে হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সঙ্গে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৪৭.৪ ওভারে ২৫৭( ব্রেসনান ৮০, রাইট ৪৮, ডেনলি ৩৬; সিডল ৫৫/৩, লি ৪৬/২)
অস্ট্রেলিয়া: ৪১.৫ ওভারে ২৫৮/১(ওয়াটসন ১৩৬*, পন্টিং ১১১*; ওনিয়ন্স ৪৭/১)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৪০০ ঘ.
bdnews24