পার্থ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট সিরিজের শেষ ম্যাচেও ঠিক এ রকমই একটা সমীকরণ ছিল। সেবার না পারলেও ওয়ানডেতে ঠিকই পেরেছে দক্ষিণ আফ্রিকা। দলের সেরা দুই বোলার ডেল স্টেইন আর মাখায়া এনটিনিকে বিশ্রাম দিয়েও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৯ রানে হারিয়ে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে তারা।
এই ম্যাচেই অভিষিক্ত বাঁহাতি মিডিয়াম পেসার লনওয়াবো সোসোবি বুঝতেই দেননি স্টেইন, এনটিনিদের অনুপস্থিতি। ৫০ রানে চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী এই তরুণই। ২৮৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতে ২৪৯ রানে অলআউট হয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। মাইক হাসি সর্বোচ্চ ৭৮ আর উইকেটকিপার ব্র্যাড হ্যাডিন ৬৩ রান করেছেন।
এর আগে হাশিম আমলা, এবি ডিভিলিয়ার্স আর জাঁ পল দুমিনির তিনটি হাফসেঞ্চুরিতে সিরিজে প্রথমবারের মতো টস জিতে ব্যাট করতে নামা সফরকারীরা তুলেছিল ৬ উইকেটে ২৮৮ রান। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ওপেনার আমলা তবে ১১৭ বলে তার ৯৭ রান গড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকানদের ইনিংসের ভিত। পরে সেই ভিতের ওপর পাহাড় গড়েছেন ডিভিলিয়ার্স (৭১ বলে ৬০) আর দুমিনিরা। মাত্র ৪২ বলে তিনটি ছক্কা আর তিনটি বাউন্ডারির সাহায্যে ৬০ রান করে অপরাজিত ছিলেন দুমিনি।
অস্ট্রেলিয়ার পক্ষে জেমস হোপস ৪৪ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজটা ৪-১-এ জিতে নিয়েছে প্রোটিয়ারা। সিরিজ জয়টা অবশ্য আগেই নিশ্চিত হয়েছিল, শেষ ম্যাচে জয় ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানটাও এনে তাদের। এই সফরের টেস্ট সিরিজের শেষ ম্যাচেও এমন একটা সমীকরণ নিয়েই খেলতে নেমে হেরে গিয়েছিল তারা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ২৮৮/৬ (আমলা ৯৭, দুমিনি ৬০*, ডিভিলিয়ার্স ৬০, অতিরিক্ত ২১; হোপস ৩/৪৪, হিলফেনহস ২/৪৩, জনসন ১/৬৮)
অস্ট্রেলিয়া : ৪৯ ওভারে ২৪৯/১০ (মাইক হাসি ৭৮, হ্যাডিন ৬৩, ডেভিড হাসি ৩২; সোসোবি ৪/৫০, মরনে মরকেল ২/৪৫, দুমিনি ১/২১, বোথা ১/৩৮, পারনেল ১/৫২)
ফল : দক্ষিণ আফ্রিকা ৩৯ রানে জয়ী।
সিরিজের ফল : দক্ষিণ আফ্রিকা ৪-১ ম্যাচে জয়ী।
ম্যান অফ দ্য ম্যাচ : হাশিম আমলা।
ম্যান অফ দ্য সিরিজ : অ্যালবি মরকেল।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮৫৭ ঘ.
bdnews24