করাচি, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জেনারেলের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাভেদ মিয়াঁদাদ। পিসিবি তাকে যে দায়িত্ব দিয়েছে সেটা পছন্দ না হওয়ায় বুধবার পদত্যাগ করেছেন তিনি।
এর আগে পাকিস্তানের অধিনায়ক ও কোচের পদ থেকে একাধিকবার পদত্যাগ করা মিয়াঁদাদ পিসিবির ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গত নভেম্বর মাসে। কিন্তু তার দায়িত্ব কী হবে তখন সেটা স্পষ্ট করে জানানো হয়নি। গত মাসে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট এক সার্কুলার জারি করে জানিয়ে দেন, মিয়াঁদাদ কেবল ঘরোয়া ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশোনা করবেন। এই ব্যাপারটাই পছন্দ হয়নি মিয়াঁদাদের, "আমি মনে করি না আমার অভিজ্ঞতা ও জ্ঞান কেবল ঘরোয়া ক্রিকেটের দেখাশোনায় সীমাবদ্ধ রাখা উচিত হবে। আমাকে যে দায়িত্ব ও কর্তব্য বেঁধে দেওয়া হয়েছে তাতে আমি মোটেই সন্তুষ্ট নই।"
বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বলেছেন, তিনি ভেবেছিলেন জাতীয় দলসংশ্লিষ্ট বিষয়সহ ক্রিকেট বিষয়ক সবকিছুই দেখাশোনার দায়িত্ব পাবেন। অন্যান্যবারের মতো এবার অবশ্য পদত্যাগের সময় স্বভাবসূলভ আক্রমণাত্মক কথাবার্তা বলেননি, বরং তার কণ্ঠে ছিল উল্টো সুর, "কারো বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, পিসিবি চেয়ারম্যানকেও আমি এটাই বলেছি, দায়িত্বের সীমা কমে যাওয়াটা মানতে পারছি না বলেই পদত্যাগ করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০২৬ ঘ.
bdnews24