ঢাকা, ২৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রিমিয়ারে উঠেই বড় দলের মর্যাদা পাচ্ছে তারা। কারণ বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলসহ জাতীয় দলের নাঈম ইসলাম, ইমরুল কায়েস, এনামুল হক জুনিয়র ও রুবেল হোসেনদের দলে ভিড়িয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। রোববার প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী দিনে বড় দল হিসেবে প্রত্যাশিত জয়ই পেয়েছে তারা। নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে সিসিএসকে (ক্রিকেট কোচিং স্কুল) ৪ উইকেটে হারানোর আগে একই মাঠে ইয়াং পেগাসাসের বিপক্ষে ১৬ রানের জয় পেয়েছে মোহামেডান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পারটেক্সকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। তবে একই ভেন্যুতে পরের ম্যাচে সূর্যতরুণের কাছে একই ব্যবধানে হেরে গেছে বিমান। বিকেএসপিতে দিনের অন্য দুই ম্যাচে ভিক্টোরিয়ার বিপক্ষে ৯ উইকেটের অনায়াস জয় ওল্ড ডিওএইচএসের আর সিটি ক্লাব ৩৮ রানে হেরেছে বিকেএসপির কাছে।
এক ভেন্যুতে দুটো করে ম্যাচ তবে ভারী কুয়াশার কারণে প্রতিটা ভেন্যুর প্রথম ম্যাচের কোনোটাই যথাসময়ে শুরু হতে পারেনি। আবাহনী-পারটেক্স ম্যাচটা যেমন নেমে আসলো ১৭ ওভারে। তাতে ৫ উইকেটে পারটেক্সের তোলা ১০৩ রান আবাহনী টপকে গেছে ১০ বল বাকি থাকতেই। মাত্র ৩২ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে বর্তমান চ্যাম্পিয়নদের জয় সহজ করে দিয়ে যাওয়া সগীর হোসেন হয়েছেন ম্যাচের সেরা।
১৩ ওভারের ম্যাচে মোহামেডান ৯৩ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। তবে প্রতিপক্ষ ইয়াং পেগাসাস বলেই বোধহয় হোঁচট খেতে হয়নি তাদের। পেগাসাস নির্ধারিত ওভারে ৫ উইকেটে তুলতে পেরেছে মাত্র ৭৭ রান। এমন একটা ম্যাচে পারফরমার খুঁজে পাওয়া কতোটা কঠিন, তা বোঝা যাচ্ছে ১৬ বলে ২৬ রানের ইনিংস খেলেই মোহামেডানের ফয়সাল হোসেনের ম্যাচ সেরা হয়ে যাওয়া থেকেই।
ওল্ড ডিওএইচএস-ভিক্টোরিয়া ম্যাচটি প্রায় 'সিক্স-এ-সাইড'। ৭ ওভারের ম্যাচে ভিক্টোরিয়ার (৪২/৫) ছুঁড়ে দেওয়া ৪৩ রানের টার্গেটে পৌছাতে ৪.৫ ওভার লেগেছে ডিওএইচএসের। তাদের বোলার ফজলে রাব্বি হয়েছেন ম্যান অফ দি ম্যাচ কারণ এতো ছোট দৈর্ঘ্যরে ম্যাচে ২ রানে ২ উইকেট পাওয়া বড় কৃতিত্বই।
সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাকদের ছাড়া খেলতে নামা বিমানের ব্যাটিংকে একরকম ছন্নছাড়াই মনে হয়েছে। বিশেষ করে ক্রিকেটের সুবাদে এখন পুরোদস্তুর বিমানের চাকুরেদের সুবাদে! হাসানুজ্জামান, সানোয়ার হোসেনরা রান না করলেও করেছেন মুশফিক বাবু, তার ধুঁকে ধুঁকে করা সর্বোচ্চ ৩৮ রানে অলআউট হওয়ার আগে শেষপর্যন্ত একশোও পার করেছে বিমান (১০১) কিন্তু এর আগে দু'দুটো রানআউটে তার ভূমিকার কথা না বললেই নয়! ভুল বোঝাবুঝির সময় নিজে ত্যাগ স্বীকার করে তুষার ইমরানকে উইকেটে রেখে আসলে অন্তত বিমান আরো কিছুদূর যাওয়ার স্বপ্ন দেখতে পারতো।
১০১ রানের পূঁজি নিয়েও শুরুতে সূর্যতরুণকে কাঁপিয়েই দিয়েছিল তারা, ৪ রানে ২ উইকেট তুলে নিয়ে। কিন্তু সেখান থেকে অধিনায়ক রাজিন সালেহ ও হান্নান সরকারের ১০১ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট পার্টনরাশিপ ১৭ বল বাকি থাকতেই অনায়াস জয় এনে দেয় সূর্যতরুণকে। জাতীয় ক্রিকেট লিগে দারুণ ফর্মে থাকা হান্নানের ব্যাটিংয়ে থাকলো সেটিরই ধারাবাহিকতা ধরে রাখার আভাস। ৪৪ রান করে অপরাজিত থাকলেন। তবে তার অধিনায়কও কম যাননি। অপরাজিত ৫০ রানের ইনিংসের জন্য রাজিন ম্যাচের সেরাও হয়েছেন।
এনামুল হক জুনিয়র (৩/১৫) ও নাঈম ইসলামের (২/২২) ঘূর্নিতে সিসিএসের ইনিংস গুটিয়ে যায় ১০৬ রানে। অন্য স্পিনার সাজু দত্তও তুলে নেন ১৩ রানে ২ উইকেট। নিজের লেগস্পিনে ২০ রান খরচায় একটা সাফল্যের মুখ দেখা গাজী ট্যাংকের অধিনায়ক আশরাফুলের ব্যাটে এদিন রানে ফেরার লক্ষণও দেখা গেছে। ওপেনার মিথুন আলীকে (৪৫) সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৩৪ রান যোগ করা আশরাফুল দলকে জয়ের তীরে পৌছে দিয়েই ফিরেছেন। চার বাউন্ডারিতে সাজানো ছিল ২৯ বলে তার অপরাজিত ৩৭ রানের ইনিংসটি। ম্যাচের সেরা হয়েছেন অবশ্য বাঁ হাতি স্পিনার এনামুলই।
সিটি ক্লাবের বিপক্ষে বিকেএসপির ৮ উইকেটে ১২৩ রানের ভিতটা সৈকত আলীর গড়ে দেওয়া। ৪৯ বলে তার ৫২ রান এবং মোহাম্মদ ফোরকানের ৩২ রান ছাড়া তাদের আর একজনই মাত্র দুই অঙ্কে পৌছাতে পেরেছেন। জবাব দিতে নামা সিটি ক্লাবকে ৮৫ রানে গুটিয়ে দেওয়ায় দারুণ ভুমিকা নতুন বলের বোলার আরমান বাদশার। তিনি ১০ রানে ৩ উইকেট নিলেও ম্যাচ সেরা বাছতে গিয়ে ফিফটির জন্য সৈকতকেই এগিয়ে রেখেছেন ম্যাচ রেফারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.
bdnews24