লাহোর, ২৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথমে তিলকরত্নে দিলশানের অসাধারণ অপরাজিত ১৩৭ রান। পরে প্রতিপক্ষের দুই নতুন বলের বোলার নুয়ান কুলাসেকারা ও থিলান তুশারার দুর্দান্ত বোলিং। সবকিছুর যোগফলে নিজেদের আঙ্গিনায় পাকিস্তান বিধ্বস্ত! শনিবার সিরিজ-নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা, হেরেছে ২৩৪ রানের বিশাল ব্যবধানে। টসজয়ী শ্রীলঙ্কানদের ৫ উইকেটে ৩০৯ রানের জবাবে ২২.৫ ওভারে মাত্র ৭৫ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। সুবাদে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে মাহেলা জয়াবর্ধনের দল।
ঢাকায় অনুষ্ঠিত গ্রামীণফোন ত্রিদেশীয় সিরিজে দলে সুযোগ পাননি দিলশান। সেই উপেক্ষার জবাব কী দুর্দান্তভাবেই না দিলেন তিনি! প্রথম দুই ম্যাচে করেছিলেন ৪২ ও ৭৬ রান। আগের দুই ম্যাচের পারফরম্যান্সকে অনেক পেছনে ফেলে শনিবার পাকিস্তানের বোলারদের একেবারে সাধারণ স্তরে নামিয়ে এনেছেন তিনি। ব্যাট 'ক্যারি' করা অর্থাৎ ইনিংসের আদ্যান্ত খেলে যাওয়া যে ইনিংস গড়ে উঠেছে ১৩৯ বলে, ১০ বাউন্ডারিতে। এই সিরিজে নতুন ভূমিকা অর্থাৎ ওপেনার হিসাবে আবির্ভূত দিলশান সনাৎ জয়াসুরিয়াকে নিয়ে ৭৬ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে এনে দিয়েছেন বড় সংগ্রহের ভিত।
৫টি চার ও এক ছক্কায় ৫০ বলে ৪৫ রান করা জয়াসুরিয়াকে ফিরিয়ে উমর গুল পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দিলেও তা বিন্দুমাত্র হতোদ্যম করতে পারেনি দিলশানকে। দ্বিতীয় উইকেটে কুমার সাঙ্গাকারাকে (৫০) সঙ্গে নিয়ে তিনি গড়েছেন ১০৪ রানের আরেকটি মূল্যবান জুটি। মূলত এই তিন জনের জন্যই শ্রীলঙ্কানরা পেয়েছে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো বড় সংগ্রহ।
সেই চ্যালেঞ্জের জবাব দিতে নেমে পাকিস্তান চরমভাবে ব্যর্থ! কুলাসেকারা ও তুশারা তিনটি করে উইকেট নিয়ে নবম ওভারেই ৬ উইকেটে ২২ রানের ধ্বংসস্তুপে পরিণত করেছেন স্বাগতিকদের। ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তারও সেখানেই সমাপ্তি। বরং পাকিস্তানের সামনে তখন ওয়ানডেতে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার আশঙ্কা! ২০০৪ সালের ২৫ এপ্রিল হারারেতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই ৩৫ রানে অলআউট হয়ে যে 'রেকর্ড'টা এখনো জিম্বাবুয়ের দখলে।
শেষ পর্যন্ত লজ্জাজনক ঐ রেকর্ডের বোঝা বইতে হয়নি পাকিস্তানীদের। সপ্তম উইকেটে শোয়েব মালিক ও উমর গুল ৪৬ রানের জুটি গড়ে সেই লজ্জা থেকে রেহাই দিয়েছেন দলকে। যদিও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এটাই সর্বনিম্ন স্কোর। ২৭ রান করা গুলকে এলবিডব্লু করে জুটিটা ভেঙ্গেছেন অজন্তা মেন্ডিস। ফারভিজ মাহারুফের করা পরের ওভারের প্রথম বলেই প্রতিপক্ষ অধিনায়ক জয়াবর্ধনেকে ক্যাচ দিয়েছেন শোয়েব মালিক (১৯)।
বাকি দুটো উইকেটই মুত্তিয়া মুরালিধরনের। এই ম্যাচে পাঁচ উইকেট পেলে ওয়াসিম আকরামকে (৫০২) পেছনে ফেলে ওয়ানডের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হতেন তিনি। সতীর্থরা উইকেট নেয়ার উৎসবে মেতে ওঠায় তা আর হয়নি। তবে সেটা না হলেও দ্বিতীয় বোলার হিসাবে ওয়ানডেতে পাঁচ শ' উইকেটের অনন্য মাইলফলক ঠিকই স্পর্শ করেছেন সর্বকালের সেরা অফস্পিনার।
১৩৭ রানের দুর্দান্ত ইনিংসটার জন্য দিলশানকে ম্যাচ-সেরা নির্বাচিত করতে বিন্দুমাত্র সমস্যা হয়নি অ্যাডজুডিকেটরের। তিন ম্যাচে ১৫৪ রান করার সুবাদে ম্যান অব দ্য সিরিজও তিনিই।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ৩০৯/৫ (দিলশান ১৩৭*, জয়াসুরিয়া ৪৫, সাঙ্গাকারা ৫০, কানদাম্বি ৩২, জয়াবর্ধনে ১৮, কাপুগেদারা ০, মাহারুফ ৮*, অতিরিক্ত ১৯; গুল ৩/৪৫, সোহেল খান ১/৫২, আঞ্জুম ০/৫৩, আজমল ০/৫১, আফ্রিদি ০/৬০, মালিক ০/৪৩)
পাকিস্তান : ২২.৫ ওভারে ৭৫ (মঞ্জুর ৩, ইউনিস ৪, সালমান ০, আকমল ৯, মালিক ১৯, মিসবাহ ০, আফ্রিদি ০, গুল ২৭, আঞ্জুম ০, সোহেল খান ৪, আজমল ২*, অতিরিক্ত ৭; কুলাসেকারা ৩/১৭, তুশারা ৩/৩৩, মেন্ডিস ১/১০, মাহারুফ ১/১২, মুরালিধরন ২/২)
ফল : শ্রীলঙ্কা ২৩৪ রানে জয়ী
সিরিজ : শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ : তিলকরতে
bdnews24