ঢাকা, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- উইকেট তেমন একটা না পেলেও গ্রামীণফোন ট্রাইনেশন কাপে তার দুর্দান্ত বোলিং নজর এড়ায়নি মাহেলা জয়াবর্ধনেরও। সেজন্যই হারতে হারতেও শিরোপার স্পর্শ পাওয়া শ্রীলঙ্কান অধিনায়ক আলাদা করে বলে গিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজার কথা, "মাশরাফি এই সিরিজের 'আনসাং হিরো'। নতুন বলে একের পর এক সুযোগ তৈরি করে গেছে ও।" তবে জিম্বাবুয়ে সিরিজে উইকেটের দেখা মিলেছে। সর্বাধিক ৮ উইকেট মাশরাফির ঝুলিতে। পরপর দুটো সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পর তার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল একটা সিদ্ধান্তে পৌছেই গেছেন, "গত এক বছর ধরেই ভালো বোলিং করে আসছে মাশরাফি। তবে এই মুহূর্তে করছে ওর ক্যারিয়ারের সেরা বোলিংটা।"
সেরা বোলিং প্রশ্নে অবশ্য অধিনায়কের সঙ্গে একমত হতে পারছেন না মাশরাফি। এবার তিনি পাঁচ বছর পেছনে ফিরে গিয়ে বলছেন, "না, ২০০৩ এ ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে আমি চারটা চারটা আটটা উইকেট পেয়েছিলাম। ওই সময়টাতেই আমি আমার সেরা বোলিং করছিলাম। কিন্তু দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আমার লিগামেন্ট ছিঁড়ে যায়।" তবে ওই একবারই নয়, বারবারই তার ক্যারিয়ারে হানা দিয়েছে ইনজুরি। তবে গত বেশ কিছুদিন ইনজুরি তার কাছে ঘেঁষতে পারেনি। গত অক্টোবরে দেশের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকে টানা ভালো বোলিং করে আসার রহস্য ব্যাখ্যায় বললেন, "আমার মূল সমস্যা হাটুতে। এটা কাটাতে আমি নিয়মিত জিম করেছি। ফিজিও-ট্রেনারদের কথামতো চলেছি। অস্ট্রেলিয়ার চিকিৎসক যেভাবে বলেছিলেন, সেভাবেই কাজ করেছি।"
২০০৭ এর শুরুতে জিম্বাবুয়ে এখানে খেলতে এসে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল। এবার সেটা সম্ভব না হওয়ার একটা কারণ হতে পারে এটাও, "ট্রাইনেশনের ফাইনালে আমরা শ্রীলঙ্কার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরেছিলাম। যে কারণে সবাই খুব আপসেট ছিল।" এরপর জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচেও হার, সেখান থেকে নিজেকে মেলে ধরার তাগিদ অনুভব করেছেন আরো বেশি, "অবস্থা এমন ছিল যে ওই সময় যে কারো কাছ থেকে যে কোনোভাবে ভালো পারফরম্যান্স আশা করছিল দল। তারওপর ব্যাটিংয়েও যখন রান আসছিল না তখন বোলিংটা ভালো হওয়া জরুরী ছিল। নাজমুল একদিন ভালো করেছে, একদিন আমি। আর সাকিব তো প্রতিদিনই ভালো বোলিং করেছে।"
আর ব্যাটিংটা ধারাবাহিক হতে না পারলেও আইসিএলের ধাক্কা এই বাংলাদেশ দল পুরোপুরি সামলে উঠতে পেরেছেন বলেই মনে করেন বাংলাদেশ দলের এই মূল স্ট্রাইক বোলার, "ওরা আইসিএলে চলে যাওয়ার ঠিক পরের ম্যাচটাতেই কিন্তু আমরা জিতেছিলাম। আর এটাও সত্যি কথা যে, কারও জন্য কিছু থেমে থাকে না। যারা ওই সময় নতুন এসেছিল, তারা নিজেদের শতভাগ উজাড় করে পারফরম করেছে। ওরা দলের জন্য পারফরম করছে বলেই আইসিএল ধাক্কাটা আমরা সামলাতে পেরেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.
bdnews24