সিডনি, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আবারও নায়কের নাম অ্যালবি মরকেল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার প্রায় পকেটে ঢুকে যাওয়া জয়টাকে কেড়ে নিয়ে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দিয়েছিলেন তিনি। শুক্রবার তৃতীয় ম্যাচে প্রয়োজনের সময় আবার জ্বলে উঠল তার ব্যাট। ফল, ৩ উইকেটে ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা এখন ৫ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল অস্ট্রেলিয়া। নতুন হার্ডহিটার ব্যাটসম্যান ওয়ার্নারই ছিলেন তাণ্ডবের পুরোভাগে, ৬০ বলে ৬টি বাউন্ডারি ও দুটো ছক্কায় তিনি করেছেন ৬৯ রান। তার সঙ্গী শন মার্শও করেছেন ৪৩, দুজনের উদ্বোধনী জুটিটি ছিল ১১৪ রানের। ১৮.৫ ওভারে ১১৪ রানের জুটি হওয়ার পর তিন'শ রানের ইনিংসই প্রত্যাশিত, কিন্তু অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা ঠিক তালটা ধরে রাখতে পারেননি। ডেভিড হাসি (৩৬)এবং জেমস হোপস (৩৩) যদিও রান পেয়েছেন কিছু, কিন্তু সেজন্য তাদের খেলতে হয়েছে যথাক্রমে ৪৪ ও ৩৬ বল। শেষ দিকে আবার দ্রতলয়ে চালাতে গিয়ে উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতেই তারা ২৬৯ রানে অলআউট।
২৯ রানেই আমলাকে (১৩) হারালেও গিবস ও ক্যালিস মাত্র ১৩.৪ ওভারে ৯৬ রানের জুটি গড়ে সেই ক্ষতি ভালোমতোই সামাল দেন। গিবস করেছেন ৫২ বলে ৬৪ আর ক্যালিসের ৬০ রানের ইনিংসটি ৭২ বলে আসা। কিন্তু তারপরই পথ হারিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা, ফল ১৬৩ রানেই নেই ৫ উইকেট। তারপর ৪০তম ওভারে ২০৯ রানের মাথায় ম্যাকেঞ্জিকে (২৭) হারানোতে ভালোমতোই চাপে পড়েছিল তারা। সেখান থেকে ম্যাচের বাকি অংশটা মরকেলের। মাত্র ২২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে কাজটা এমন সহজ করে দেন যে জয় যখন আসে তখনও বাকি ২১ বল। ৬টি বাউন্ডারি এবং একটি ছক্কার সাহায্যে আসা এই ইনিংসটি খেললেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। ৫ রান দূরে থাকতে ফিরে যান। তাহলেও সমস্যা হয়নি, বাকি কাজ সারার জন্য তখনও উইকেটে ছিলেন বাউচার। অপরাজিত ৩১ রান করে দল জিতিয়ে তবেই ফেরেন তিনি।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৯৪৫ঘ.
bdnews24