ঢাকা, ২২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এক সপ্তাহের মধ্যে দু'দুটো ফাইনাল খেলতে হচ্ছে বাংলাদেশকে। গত শুক্রবার গ্রামীণফোন ট্রাইনেশন কাপের ফাইনালে অল্পের জন্য গৌরবের মালা গলায় ওঠেনি তাদের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ফাইনাল খেলতে নামার আগে যতোটা না ছিল, তার চেয়ে শতগুণ বেশি চাপ নিয়ে এই শুক্রবারের 'ফাইনাল' খেলতে নামছে মোহাম্মদ আশরাফুলের দল। কারণ প্রতিপক্ষ জিম্বাবুয়ে, যাদের বিপক্ষে গ্রামীণফোন সিরিজের ৩-০ ফলই প্রত্যাশিত ছিল। সেখানে ১-১ এর সমতা নিয়ে শেষ ম্যাচ খেলতে নামাটাই তো অপ্রত্যাশিত।
আবারো অপ্রত্যাশিত কোনো কিছু যাতে না ঘটে, সেজন্য তাই খুব সিরিয়াস বাংলাদেশ শিবির। সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মুখ থেকেই শোনা গেল সে কথা, "একটা ম্যাচ জেতার পর এখন আর পেছন ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। প্রথম ম্যাচটা জিতলে এরমধ্যেই সিরিজ জেতা হয়ে যেত। তখন হয়তো শেষ ম্যাচটা আমরা অন্যভাবে খেলতাম। কিন্তু এখন আরো বেশি সিরিয়াস থাকতে হবে। কারণ এই ম্যাচটা আমাদের জন্য একরকম ফাইনালই হয়ে গেছে।"
জিম্বাবুয়ের কাছেও তো এটা ফাইনালের মর্যাদাই পাচ্ছে। হ্যামিল্টন মাসাকাদজা যেমন বললেন, "এটা কে না জানে, বাংলাদেশ দারুণ লড়াকু এক দল। আগের ম্যাচটায় ওরা জিতেছে, তবে ফিরে আসতে হলে আমাদের যথাযথ প্রস্তুতি থাকতে হবে। আমরাও এটাকে ফাইনাল হিসেবেই নিচ্ছি। এবং আমরা এও জানি যে এই ম্যাচে কারা সফল হবে।" মাসাকাদজা একটা হুঙ্কারই দিয়ে রাখলেন বোধহয়। গ্রামীণফোন ট্রাইনেশন কাপের উদ্বোধনী ম্যাচের পর এই সিরিজের প্রথম ম্যাচেও জয়ই হয়তো এমন আত্মবিশ্বাসের যোগান দিয়ে যাচ্ছে তাদের।
কিন্তু দেশের মাটিতে খেলে আসা শ্রীলঙ্কা সিরিজ থেকেই রান নেই জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটে। এখানে এসেও সেটা অব্যাহত। একারণেই মাসাকাদজাকে এটাও বলে রাখতে হল, "শ্রীলঙ্কা সিরিজ থেকেই ব্যাটিং নিয়ে বেশ দুঃশ্চিন্তায় থাকতে হচ্ছে আমাদের। ব্যাটিং অর্ডারের প্রথম চার-পাঁচজন ব্যাটসম্যান যদি পারফরম না করে, তাহলে সেটা বড় এক সমস্যাই।" এই সমস্যা তো বাংলাদেশেরও আছে। ক'দিন পরপরই তো 'টপ ফোর' এর পারফরম্যান্স নিয়ে রীতিমতো হাহাকার শোনা যায় কোচ জেমি সিডন্সের কন্ঠে।
কিন্তু সিরিজ ফয়সালার ম্যাচের আগেরদিন সেই হাহাকার কিছুটা নমনীয় হয়েছে বলেই মনে হল মাশরাফির কথায়। কারণ সিরিজের দ্বিতীয় ম্যাচে রানের দেখা পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। এর ভিত্তিতেই আশরাফুলের ডেপুটি বললেন, "কিছু কিছু ভুলের জন্য আমরা জিম্বাবুয়ের কাছে আগের দুটো ম্যাচ (একটা ত্রিদেশীয় সিরিজের) হেরে গেছি। দুই ম্যাচেই টপ অর্ডার রান করতে পারেনি। বোলিং কিন্তু সব ম্যাচেই ভালো করেছে। দ্বিতীয় ম্যাচে টপ অর্ডারও ভালো করেছে বলে আমাদের জিততে কোনো সমস্যা হয়নি। আশা করি, শেষ ম্যাচেও বোলিংটা আগের মতোই থাকবে। সেই সঙ্গে টপ অর্ডার ব্যাটসম্যানরাও রান করে দলকে জেতাবে।"
কথাটা টপ অর্ডার ব্যাটসম্যানদের কানে ভালোমতো গেলে এই ফাইনাল জিততে সমস্যা হওয়ার কথা নয় বাংলাদেশের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.
bdnews24