২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডেতে সাকিব এখন সেরা অলরাউন্ডার

ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার এখন বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে এই স্বীকৃতিই দেওয়া হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, ২২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার এখন বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে এই স্বীকৃতিই দেওয়া হয়েছে তাকে। গত সপ্তাহে ওয়ানডের সেরা অলরাউন্ডারদের তালিকার তিন নম্বরে ছিলেন তিনি। তবে সপ্তাহ না ঘুরতেই ৩৮০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে যাওয়ার পথে সাকিব পেছনে ফেলেছেন নিউজিল্যাল্ডের জ্যাকব ওরাম (৩৬৮) এবং ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফকে (৩৬৬)। কোনো বাংলাদেশী ক্রিকেটারের আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষে যাওয়ার ঘটনা এটাই প্রথম। অবশ্য সাকিব বাংলাদেশ থেকে সেরা দশে জায়গা পাওয়া প্রথম ক্রিকেটার নন। এর আগে র‌্যাংকিংয়ে ওয়ানডের সেরা দশ বোলারের মধ্যে জায়গা করে নিয়েছিলেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ২০০৭ এর নভেম্বরে প্রকাশিত সেই র‌্যাংকিংয়ে তার অবস্থান ছিল আট নম্বরে। এখন ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে সেরা দশের খুব কাছেই আছেন সাকিবও। সেখানে ১২ নম্বরে থাকা এই অলরাউন্ডারের উন্নতি হয়েছে টেস্ট র‌্যাংকিংয়েও। টেস্টে অলরাউন্ডারদের মধ্যে তার জায়গা এ মুহূর্তে দশ নম্বরে। এবং টেস্ট র‌্যাংকিংয়ের সেরা দশে কোনো বাংলাদেশী ক্রিকেটারের জায়গা করে নেওয়ার এটাই প্রথম কীর্তি। তবে শীর্ষস্থানের সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। ওয়ানডের সেরা অলরাউন্ডারের স্বীকৃতি পাওয়ার খবর শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাকিব বলেছেন, "এক নম্বর হওয়া অসাধারণ এক অনুভূতি। পারফরম করে বাংলাদেশকে জেতানোই আমার একমাত্র লক্ষ্য। এই স্বীকৃতি এখন মাঠে সর্বস্ব উজাড় করে দেওয়ার ক্ষেত্রে আরো বেশি অনুপ্রাণিত করবে আমাকে। তবে এটাও জানি যে এক নম্বরে পৌঁছার চেয়ে সেখানে টিকে থাকাটা আরো কঠিন। সেজন্য অনেক ত্যাগ, ধারাবাহিকতা, কঠোর পরিশ্রম এবং দৃঢ়প্রতিজ্ঞা প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৮৪৬ঘ.