২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েরও মনে হয়েছিল এটা খুব ভালো ব্যাটিং উইকেট!

বোলারদের ব্যাট হাতে বাংলাদেশের বিপক্ষে ঘাতক হয়ে ওঠা অব্যাহত জিম্বাবুয়ে সিরিজে এসেও। গ্রামীণফোন ট্রাইনেশন কাপের ফাইনালে বাংলাদেশের জয় কেড়ে নিয়েছিলেন টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন। আর সোমবার স্বাগতিকদের হোয়াইটওয়াশ স্বপ্ন বিলীন করার পথে মুরালিধরন হয়ে উঠেছিলেন রেমন্ড প্রাইসও, বাঁ হাতি স্পিনার হিসেবেই যার সবসময় দলে অন্তর্ভূক্তি। মুরালির (৩৩*) মতো এদিন তিনিও খেলেছেন তার ওয়ানডে ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ২৩ রানের ইনিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, ১৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বোলারদের ব্যাট হাতে বাংলাদেশের বিপক্ষে ঘাতক হয়ে ওঠা অব্যাহত জিম্বাবুয়ে সিরিজে এসেও। গ্রামীণফোন ট্রাইনেশন কাপের ফাইনালে বাংলাদেশের জয় কেড়ে নিয়েছিলেন টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন। আর সোমবার স্বাগতিকদের হোয়াইটওয়াশ স্বপ্ন বিলীন করার পথে মুরালিধরন হয়ে উঠেছিলেন রেমন্ড প্রাইসও, বাঁ হাতি স্পিনার হিসেবেই যার সবসময় দলে অন্তর্ভূক্তি। মুরালির (৩৩*) মতো এদিন তিনিও খেলেছেন তার ওয়ানডে ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ২৩ রানের ইনিংস। তবে এর আগে তার মূল ভূমিকায়ও দারুণ সফল প্রাইস (১০-২-২২-৪)। ব্যাটে-বলে তার ম্যাচ সেরার পুরস্কার জিতে নেওয়া পারফরম্যান্স, তবে জিম্বাবুয়ে অধিনায়ক প্রোসপার উতসেয়া দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না। সেটাই স্বাভাবিক। স্বীকৃত ব্যাটসম্যানরা তাদের কাজ ঠিকমতো করলে তো আর প্রাইসের ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হয় না তাদের। এজন্যই উতসেয়া বললেন, "জানতাম যে নতুন বলের বোলাররা শুরুতে উইকেট থেকে সুবিধা পাবেন কিছুটা। দরকার ছিল আমাদের টপ ফোরের অন্তত একজনের লম্বা সময় ব্যাটিং করে যাওয়া এবং অন্যদের তাকে সঙ্গ দিয়ে যাওয়া। ব্যাটিংয়ে উন্নতির কোনো বিকল্প নেই। নিজেদের কারণেই এখন আমাদের ব্যাটিংটা খারাপ দেখাচ্ছে। ১২৫ রান তাড়া করে আমাদের মাত্র ২ উইকেটে জেতা উচিত বলে মনে হয় না আমার।" টস হারার পর বাংলাদেশ অধিনায়কের কাছ থেকে কেমন সিদ্ধান্ত আশা করেছিলেন জানতে চাইলে উতসেয়া বলেন, "সত্যি কথা বলতে কী, এটাকে দেখে আমার খুব ভালো ব্যাটিং উইকেটই মনে হয়েছিল আমার। কিন্তু এখানকার উইকেট বেশ বিভ্রান্তিতেই ফেলে। দিনের শেষে তাই টস হেরে ভালোই হয়েছে বলে মনে হচ্ছে।" বাংলাদেশের সঙ্গে নিজেদের পার্থক্য নিরূপণ করতে গিয়ে নিজের দলকেই এগিয়ে রাখলেন উতসেয়া, "আমি তো বলবো আমরা তাদের চেয়ে অনেক গোছালো একটা দল। এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই সিরিজ আমাদেরই জেতা উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.