২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগে ব্যাট করার সিদ্ধান্ত আমার একার নয় : আশরাফুল

গ্রামীণফোন ট্রাইনেশন কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটের হারে যতোটা গৌরব ছিল, ঠিক ততোটাই লজ্জা মিশে আছে সোমবার একই ব্যবধানে জিম্বাবুয়ের কাছে হারে। গৌরবের পরও রেহাই পাননি অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, ১৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গ্রামীণফোন ট্রাইনেশন কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটের হারে যতোটা গৌরব ছিল, ঠিক ততোটাই লজ্জা মিশে আছে সোমবার একই ব্যবধানে জিম্বাবুয়ের কাছে হারে। গৌরবের পরও রেহাই পাননি অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ফাইনালে শেষ পাওয়ার প্লে'তে মাত্রই দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রুবেল হোসেনকে দিয়ে বল করানোর জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন। এবার জিম্বাবুয়ের কাছে হারের পর আরো প্রশ্নবিদ্ধ হবেন স্বাভাবিক। সংবাদ সম্মেলনে এসে তাই আশরাফুলকে একের পর এক বাউন্সারই সামলাতে হল। প্রশ্ন : টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা কী আপনার একার? মোহাম্মদ আশরাফুল : টস করতে যাওয়ার আগে কোচ ও খেলোয়াড়দের বলে গিয়েছিলাম, টস জিতলে ব্যাটিং করতে পারি। প্রশ্ন : কিন্তু এরকম উইকেটে আগে ব্যাটিং নেওয়ার কারণ... মোহাম্মদ আশরাফুল : গতকাল এবং আজ সকালেও দেখলাম, অন্য উইকেটের চেয়ে এই উইকেট অনেক হার্ড ছিল। জানতাম যে বল সুইং করবে। সর্বোচ্চ ১০ ওভার এখানে বল সুইং করবে বলে মনে হয়েছিল। ভাবছিলাম ওই সময়টা পার করে দিতে পারলেই ব্যাট করা সহজ হবে। কিন্তু ওই অবস্থাটা অনেক সময় ধরেই ছিল। জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ম্যাচে ২০৬ রান তাড়া করতে গিয়ে ১৬০-এর ঘরে অলআউট হয়ে গিয়েছিলাম। ওদের তিনজন ভালো বাঁহাতি স্পিনার আছে। ওই চিন্তা করেই আমরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম ভালো সংগ্রহ দাঁড় করাতে পারলে ওটা ডিফেন্ড করতে পারব। প্রশ্ন : আগে ব্যাটিং নিয়েও তো খুব একটা লাভ হল না। মোহাম্মদ আশরাফুল : ওরা যে ধরনের বোলিং করেছে, তাতে শুরুতে রান হচ্ছিল না। এরপর দ্রুত রান নেওয়ার তাড়াতেই কয়েকজন আউট হয়েছে। দুইশোর বেশি রান করার লক্ষ্য ছিল আমাদের। তিন উইকেট পড়ার পর অবশ্য আমাদের মনে হচ্ছিল দেড়শো কিংবা ১৭০ রান করলেও এই ম্যাচ জেতা যাবে। কিন্তু সেভাবে তো আমরা খেলতে পারলাম না। প্রশ্ন : টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা কার, সেটা তো এখনো পরিষ্কার করলেন না। মোহাম্মদ আশরাফুল : আসলে এখানে টস জিতলে সব দলই বোলিং করতে চায়। কারণ প্রথম এক ঘণ্টা কুয়াশা থাকে। তাছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে (গ্রামীণফোন ট্রাইনেশণ কাপের উদ্বোধনী ম্যাচ) ২০৬ রান তাড়া করতে গিয়ে সমস্যা হয়েছিল আমাদের। হ্যাঁ, টস করতে যাওয়ার আগে কোচের সঙ্গে আলাপ করেছিলাম। জানিয়েছিলাম যে ব্যাটিং করবো। উনিও সায় দিয়েছিলেন। প্রশ্ন : জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার চাপেই পারফরম্যান্স এমন হল কিনা? মোহাম্মদ আশরাফুল : আসলে অন্য কোনো চাপ নয়, ব্যাটিংটাই আমরা ভালো করতে পারিনি। কারণ এটাই। প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার মতো জায়গাতেও বাংলাদেশের ব্যাটিং এমন ছিল না। হঠাৎ এমন হল কেন? সমস্যা মানসিকতায় নাকি অন্য কিছুতে? মোহাম্মদ আশরাফুল : মূল কথা হচ্ছে আমরা ব্যাটসম্যানরা পারছি না। আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে। আমরা হয়তো নেটে বেশি আউট হচ্ছি। আমাদের আরো যথাযথ অনুশীলন করতে হবে। প্রশ্ন : পাওয়ার প্লে'তে কে বল করবে এই সিদ্ধান্তগুলো কে নেয়? মোহাম্মদ আশরাফুল : দলে বোলিং কোচও আছে। মাঠে অবশ্যই সিদ্ধান্ত আমি নেই। তবে আগে থেকেও একটা পরিকল্পনা থাকে- কে কোথায় বোলিং করবে; কখন আসবে। প্রশ্ন : মাশরাফিকে দিয়ে টানা ১০ ওভার করিয়ে দেওয়ার কারণ... মোহাম্মদ আশরাফুল : মাশরাফি এখনো পুরনো বলে বোলিং করতে অতোটা সাচ্ছন্দ্যবোধ করে না। তৃতীয় পাওয়ার প্লেতে বল করতে ওর আরেকটু সময় লাগবে; ও নিজেই বলেছে। ওই পরিস্থিতিতে আরেকটা উইকেট পেলে ম্যাচ হয়তো আমাদের দিকে আসত। এই ভেবেই ওকে দিয়ে পুরো বোলিং করিয়ে নিয়েছি। প্রশ্ন : ৮ উইকেট ফেলেও জিততে পারলেন না... মোহাম্মদ আশরাফুল : আসলে আমাদের একটু কম রান হয়ে গেছে। তবুও ওদের আট উইকেট ফেলে দিয়েছি। শেষ দুই উইকেট সেদিনও ফেলতে পারিনি(শ্রীলঙ্কার সঙ্গে ফাইনাল), আজও পারলাম না। ভাগ্যও হয়তো সহায় হয়নি। প্রশ্ন : শেষদিকে তো জুয়াও খেলতে পারতেন। কোনো স্পিনারকেও তো ওই সময় আক্রমণে আনলেন না। বিশেষ কওে রিয়াদ যখন ৬ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন... মোহাম্মদ আশরাফুল : হাতে যেহেতু জেনুইন বোলার ছিল, তাই গ্যাম্বলিং করিনি। তাছাড়া স্পিনার যারা ছিল তাদের আত্মবিশ্বাসও সেভাবে ছিল না। প্রশ্ন : আপনি বল দিতে চাওয়ার পর 'না' বলেছিল? মোহাম্মদ আশরাফুল : অনেকটা ওইরকমই। তাছাড়া রুবেল যখন বোলিং করছিল তখন ওদের ব্যাটসম্যানরাও খুব স্বচ্ছন্দ ছিল না। এটাও ওই সময়ে স্পিনার না আনার কারণ। প্রশ্ন : হোয়াইটওয়াশ তো হল না। এখন ২-১ কী হবে? মোহাম্মদ আশরাফুল : আমি বিশ্বাস করি, আগামী দুটো ম্যাচ ভালো ক্রিকেট খেলে জিততে পারব। আমাদের বোলিং খুব ভালো হচ্ছে। ব্যাটসম্যানদের এখন দায়িত্ব নিয়ে খেলতে হবে। ২০০'র বেশি রান করলে অবশ্যই বাকি দুটো ম্যাচ জিতবো। প্রশ্ন : পরের দুই ম্যাচ জেতার চাপ নেওয়ার সামর্থ্য দলের আছে? মোহাম্মদ আশরাফুল : অবশ্যই। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারার পরও কিন্তু ভালোভাবেই ফিরেছিলাম আমরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.