২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩-০ ছাড়া আর কিছুই ভাবছে না বাংলাদেশ

বাংলাদেশের অপ্রত্যাশিত সাফল্যের পর এখন ভীষণ প্রত্যাশিত স্কোরলাইন, ৩-০। এবং সেটা সোমবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের। যদিও জিম্বাবুয়ের এই দলটার কাছে হেরে গ্রামীণফোন ট্রাইনেশন কাপের ফাইনালেই ওঠার কথা ছিল না তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 01:27 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, ১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের অপ্রত্যাশিত সাফল্যের পর এখন ভীষণ প্রত্যাশিত স্কোরলাইন, ৩-০। এবং সেটা সোমবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের। যদিও জিম্বাবুয়ের এই দলটার কাছে হেরে গ্রামীণফোন ট্রাইনেশন কাপের ফাইনালেই ওঠার কথা ছিল না তাদের। সেখান থেকে শিরোপা ছুঁতে ছুঁতেও না ছোঁয়া পর্যন্ত চলে যাওয়া নতুন আরেকটা সিরিজে পা হড়কানোর ভয়ও আর দেখাচ্ছে না। এজন্য প্রত্যাশার কথা বলতে গিয়ে গলা কেঁপে ওঠেনি মোহাম্মদ আশরাফুলেরও, "আমরা সবাই ধরে নিচ্ছি, এই সিরিজের ফল ৩-০ হবে।" কিন্তু ধরে নিলেই তো আর সব হয়ে যায় না। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেও বাংলাদেশের জয়ই ধরে রাখা হয়েছিল। অথচ ২০৫ রান তাড়া করতে নামা স্বাগতিকরা দেখেছিল ৩৮ রানে হারের মুখ। ওই হারের পর বাংলাদেশ অধিনায়কের দেখানো অনেক কারণের একটা ছিল এরকম, "সবাই ধরে রেখেছিল আমরা জিতবো। এই প্রত্যাশার চাপও আমাদের বাজে পারফরম্যান্সে কিছুটা ভূমিকা রেখেছে।" তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও একইরকম প্রত্যাশাই থাকছে। এবারো কী তাহলে চাপে নুয়ে পড়ার আশঙ্কা থাকছে? আশরাফুলের জবাব, আশঙ্কা নেই। আর না থাকার কারণ জানার আগে কোচ জেমি সিডন্সের কথাই শুনে নেওয়া যাক। যিনি জিম্বাবুয়ের কাছে ওই হারের অন্য ব্যাখ্যাও খুঁজে পেয়েছেন, "জিম্বাবুয়ের বিপক্ষে আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু প্রথম ম্যাচে ওভাবে হোঁচট খেলাম। আমার ধারণা টেস্ট ক্রিকেট খেলার পর ওই মুহূর্তে ওয়ানডে খেলার জন্য আমাদের প্রস্তুতি যথাযথ ছিল না। ওই ম্যাচে ওয়ানডে ক্রিকেটের তালের সঙ্গে তাল মেলাতে আমরা তাই হিমশিম খেয়েছি। দ্রুতই অবশ্য আমরা ওয়ানডের মেজাজটা ধরে ফেলেছিলাম।" কোচের সঙ্গে পুরো একমত হয়ে গেলেন তার অধিনায়কও, "কোচ যেটা বললেন, জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচের আগে আমরা বেশ কিছুদিন ওয়ানডে খেলিনি। শ্রীলঙ্কার সঙ্গে দুটো টেস্ট খেলার পর ওয়ানডে খেলতে নেমে একটু সমস্যাই হয়েছিল তাই। আমরা ঠিকমতো চেজ করতে পারিনি।" ওই ম্যাচটাকে এখন তারা স্মৃতি থেকে 'ডিলিট'ও করে দিতে পারছেন কারণ, পরের দুটো ম্যাচ। যার একটাতে সাকিব আল হাসানের ৯২ রানে বোনাস পয়েন্ট নিয়ে জিতে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। আর চরম নাটকীয় ফাইনালের কথা এখানে আর না বললেও চলছে। সিডন্স তো পরের দুটো ম্যাচের উচ্ছ্বাস এখনো গোপন করতে পারছেন না, "দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ ওভারে দেড়শোর মতো টার্গেট ছিল। সত্যি বলতে কী, ওই ম্যাচে বোনাস পয়েন্টসহ জিতে ফাইনালে উঠবো- এতোটা আমি প্রত্যাশা করিনি। এটা অবশ্যই প্রত্যাশা ছাপানো প্রাপ্তি। এরপর একটা বিস্ময়কর ফাইনাল খেললাম, যেখানে খুব বেশি ভুল আমরা করিনি। কিন্তু মুরালি আমাদের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নিল।" এমন দুটো ম্যাচের পর আবারো হোঁচট খাওয়ার আশঙ্কা উবে যাওয়াই স্বাভাবিক। আশরাফুল বললেনও সেরকমই, "আমার বিশ্বাস আমরা জিতবো। গত দুটো ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে আমরা যেমন খেলেছি, তাতে আত্মবিশ্বাসের স্তরটা খুব ভালো জায়গায় আছে। প্রত্যাশার চাপ এখন আর তাই ততোটা চাপ নয়।" অবশ্য জিম্বাবুয়েও নিজেদের আত্মবিশ্বাস খুব ভালো জায়গায় আছে বলে দাবি করছে। বাংলাদেশের কোচ এবং অধিনায়ক এই সিরিজ ৩-০ তে জিততে চান, জানানোর পর জিম্বাবুয়ের অধিনায়ক প্রোসপার উতসেয়া খুব রাশভারী কন্ঠে জবাবও দিলেন, "আমি আগেও বলেছি, এখানে আমরা সব ম্যাচ জিততেই এসেছি। কাজেই এই সিরিজে আমাদের লক্ষ্যও অভিন্ন নয়।" বাংলাদেশ যেমন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটা ভুলে পরের দুটো মনে রাখছে, তেমনি জিম্বাবুয়েও। শ্রীলঙ্কার সঙ্গে মাত্র ৮০ রানে অলআউট হওয়ার লজ্জা ভুলে গিয়ে তারা বাংলাদেশের বিপক্ষে জয়কে পুঁজি করেই নামছে বলে মনে হল উতসেয়ার কথায়, "আমরা কিন্তু বাংলাদেশকে হারিয়েছিলাম। কাজেই কালকের (সোমবার) ম্যাচ খেলতে নামার সময় ওই আত্মবিশ্বাসও আমাদের সঙ্গী হবে।" আত্মবিশ্বাসী জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগে রোববার ১২ জনের দল জানিয়েছে বাংলাদেশ, যেখানে নেই পেসার মাহবুবুল আলম রবীন ও বাঁ হাতি স্পিনার এনামুল হক জুনিয়র। অর্থাৎ ফাইনালের ১২তেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। একাদশও অপরিবর্তিত থাকারই সম্ভাবনা বেশি। কিন্তু এই ম্যাচের আগে কিছু পরিবর্তনের দাবিও উঠছে। দাবিটা ব্যাটসম্যানদের পারফরম্যান্সে পরিবর্তন আনার দাবি, সিডন্সই দলের হয়ে জানাচ্ছেন সেটা, "আমাদের লক্ষ্য অবশ্যই হোয়াইটওয়াশ। কিন্তু তার আগে তো প্রথম ম্যাচটা জিততে হবে। আমাদের বোলিং ভালো হচ্ছে। তবে চাপের মুখে বোলিং করার মতো তেমন বোলার আমাদের নেই। এটা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু দলের এই মুহূর্তেও ব্যাটিং নিয়ে আমি উদ্বিগ্নই। আমাদেও ব্যাটিং পরিকল্পনা ও প্রক্রিয়া ঠিক হচ্ছে না। আগে ব্যাটিং করলে ভালো স্কোর গড়া কিংবা স্কোর তাড়া করতে নামলে ভালোভাবে ব্যাটিং করাটা নিশ্চিত করতে হবে।" তাহলেই না অপ্রত্যাশিত সাফল্যের পর প্রত্যাশিত স্কোরলাইন গড়াটা অনায়াস হবে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২৫ঘ.