ঢাকা, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ---- এই প্রথম ফাইনালে উঠে শিরোপার খুব কাছে গিয়েও বাংলাদেশের জিততে না পারার কারণ কী? উত্তরদাতা কুমার সাঙ্গাকারা বলে দিলেন, "জানি, বাংলাদেশের জন্য এই হার মেনে নেওয়া কঠিন। তবে আমার মনে হয়, ফাইনাল খেলার অভিজ্ঞতাই আমাদের জিতিয়েছে।" তার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও বললেন, এরকম চাপ সামলে জেতার যথেষ্ট স্মৃতিই জমা আছে তাদের ভাণ্ডারে, "অনেক ম্যাচে আমরা এমন চাপে ছিলাম। এর মধ্যে কিছু বিশ্বকাপ ম্যাচও আছে যেগুলোতে আমরা ঘুরে দাঁড়িয়ে জিতেছি।" সংবাদ সম্মেলনে বললেন এমন আরো অনেক কথাই।
প্রশ্ন : এই জয়টা নিশ্চয়ই ভীষণ স্বস্তিদায়ক।
মাহেলা জয়াবর্ধনে : এমন খেলার পর জয়টা হয়তো আমাদের প্রাপ্য না। কিন্তু দিন শেষে তো আমরা জিতলাম। কুমার, মাহরুফ, মুরালিকে টুপি খুলে অভিনন্দন। শেষ ক'ওভারের আগে তো মনেই হচ্ছিল না যে আমরা জিতব। তবুও আমরা লড়াই চালিয়ে গেছি। সব মিলয়ে এটা ছিল দারুণ এক ম্যাচ।
প্রশ্ন : এটাকে তো বোধহয় অসাধারণ এক ফাইনালের মর্যাদাই দেবেন!
মাহেলা জয়াবর্ধনে : এক কথায় অসাধারন এক ফাইনাল। বোলাররা ভালো বোলিং করেছে। কিন্তু ব্যাটিংয়ে নেমে ৬ রানে হারিয়ে ফেললাম ৫ উইকেট। এরপর পরিস্থিতি সামলিয়ে আমরা দারুণভাবে জিতেছি। টেস্ট সিরিজের পর ত্রিদেশীয় সিরিজের শিরোপাও জিততে পেরে অধিনায়ক হিসেবে আমি খুব খুশি।
প্রশ্ন : বাংলাদেশ দলের উদ্দেশে কিছু বলুন।
মাহেলা জয়াবর্ধনে : এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশে অনেক কৃতিত্ব দাবি করতে পারে। বিশেষত জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে হারের পর তাদের ফিরে আসা ছিল বিস্ময়কর। আগের দিন তারা আমাদের বোনাস পয়েন্টসহ হারাল। ফাইনালেও এত লড়াই করল। পাশাপাশি তাদের কিছু দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্য আছে। সাকিব অসাধারণ খেলেছে। আমার মনে হয় মাশরাফি তাদের 'আনসাং হিরো'। নতুন বলে সে অসংখ্য সুযোগ তৈরি করেছে। আমার তো মনে হয় এই সিরিজের সবচেয়ে ধারাবাহিক খেলেয়াড় ও-ই। এই সিরিজের প্রাপ্তিগুলোকে সঙ্গী করে বাংলাদেশের এখন খেটে যাওয়া দরকার। তারা বুঝেছে বড় দলকে কিভাবে হারাতে হয়। পরিশ্রম চালিয়ে গেলে তারা যে কোন দলকে হারাতে পারবে।
প্রশ্ন : ১৫২ রান তাড়া করতে নামার সময় ভাবনা...
মাহেলা জয়াবর্ধনে : টার্গেট খুব বড় ছিল না। আমরা ইতিবাচক থাকতে চেয়েছি। কিন্তু পরিস্থিতি আমরা খুব ভালোভাবে সামলাতে পেরেছি বলে মনে হয় না। জানতাম নতুন বলের বোলারদের জন্য এই উইকেটে কিছু আছে। আর বাংলাদেশের বোলাররাও খুব ভালো জায়গায় বল করায় রান করা কঠিন ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০৫ঘ.
bdnews24