২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

না জিতলে তো আর ভালো খেলার কথা কেউ মনে রাখে না!

পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে চোখ মুছতে মুছতে সাজঘরে ফিরছিলেন মাশরাফি বিন মর্তুজা। একটু আগেই ইতিহাস গড়ার চৌকাঠ থেকে ফিরে আসা তার মনোজগতে কষ্টের চোরাস্রোতই বইয়ে দিচ্ছিল তখন। এমন পরিস্থিতিতে কান্না সামলানো একটু কঠিনই। ২০০৩ সালে মুলতানে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জয়ের দুয়ার থেকে ফিরে আসা কাঁদিয়েছিল তখনকার বাংলাদেশ অধিনায়ক খালেদ মাহমুদকেও। পরের পাঁচ বছরে এমন আরো অনেক পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেদনাদায়ক বোধহয় গ্রামীণফোন ট্রাইনেশন কাপের শিরোপা ছুঁতে ছুঁতেও শেষপর্যন্ত ছুঁতে না পারা। কারণ এর আগে বাংলাদেশের জয় কেড়ে নিয়েছেন ইনজামাম উল হক, রিকি পন্টিংদের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানরা। শুক্রবারও একজন ব্যাটসম্যানই তাই করলেন তবে ক্রিকেট বিশ্ব তাকে বিশ্বসেরা অফস্পিনার বলেই জানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 03:51 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে চোখ মুছতে মুছতে সাজঘরে ফিরছিলেন মাশরাফি বিন মর্তুজা। একটু আগেই ইতিহাস গড়ার চৌকাঠ থেকে ফিরে আসা তার মনোজগতে কষ্টের চোরাস্রোতই বইয়ে দিচ্ছিল তখন। এমন পরিস্থিতিতে কান্না সামলানো একটু কঠিনই। ২০০৩ সালে মুলতানে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জয়ের দুয়ার থেকে ফিরে আসা কাঁদিয়েছিল তখনকার বাংলাদেশ অধিনায়ক খালেদ মাহমুদকেও। পরের পাঁচ বছরে এমন আরো অনেক পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেদনাদায়ক বোধহয় গ্রামীণফোন ট্রাইনেশন কাপের শিরোপা ছুঁতে ছুঁতেও শেষপর্যন্ত ছুঁতে না পারা। কারণ এর আগে বাংলাদেশের জয় কেড়ে নিয়েছেন ইনজামাম উল হক, রিকি পন্টিংদের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানরা। শুক্রবারও একজন ব্যাটসম্যানই তাই করলেন তবে ক্রিকেট বিশ্ব তাকে বিশ্বসেরা অফস্পিনার বলেই জানে। এবারের হন্তারকের নাম মুত্তিয়া মুরালিধরন, টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক। তার খেলা ৩২১ ওয়ানডের মধ্যে ব্যাট করার সুযোগ পেয়েছেন ১৪৮ ইনিংসে। এর আগে তার ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসটাই ছিল ২৭ রানের, ২০০৬ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটি খেলতেও লেগেছিল ২৪ বল। অথচ এদিন বাংলাদেশকে হতাশার চোরাবালিতে টেনে নামানো অপরাজিত ৩৩ রানের ইনিংসটা মাত্র ১৬ বলের। চার বাউন্ডারি ও দুই ছক্কার সবই পেসার রুবেল হোসেনের বলে মারা। এমন একটা ইনিংসের পর বোলার মুরালির (বাংলাদেশের বিপক্ষে ১১ টেস্টে ৮৯ উইকেট) চেয়ে ব্যাটসম্যান মুরালিকেই বেশি মনে থাকবে মোহাম্মদ আশরাফুলদের। তিন ম্যাচে দুটো ফিফটি ও পাঁচ উইকেট- এমন অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সিরিজ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া সাকিব আল হাসানকেই শোনা গেল এমন কথা বলতে, " আমার তো মনে হয় বোলার মুরালির চেয়ে ব্যাটসম্যান মুরালিকেই এবার আমাদের বেশি মনে রাখতে হবে। বিশেষ করে এই ম্যাচের জন্য। হ্যাঁ, প্রথম টেস্টে খুব ভালো বোলিং করেছে কিন্তু এরপর থেকে ওর বোলিং আমাদের বিপক্ষে আর অতোটা কার্যকর ছিল না। এক্ষেত্রে ব্যাটসম্যান মুরালিকেই সবাই বেশি মনে রাখবে মনে হয়।" এই ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। তবে শ্রীলঙ্কান ইনিংসের প্রথম বলেই তার থ্রো'তে সনাত জয়াসুরিয়া রানআউট হয়েছেন। কুমার সাঙ্গাকারা ও ফারভিজ মাহরুফ মিলে যখন ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন, তখন তিন বলের মধ্যে দুটো উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচেও ফেরান তিনিই। সবমিলিয়ে তার জন্য দুর্দান্ত একটা টুর্নামেন্ট গেলেও মুরালির ওই ইনিংসের কাছে নিজের সাফল্য মূল্যহীনই হয়ে যাচ্ছে সাকিবের কাছে, "দিনের শেষে ম্যাচ না জিতলে কোনো কিছুরই আর কোনো মানে থাকে না। এটা কেউই মনে রাখবে না। আজকে যতোই ভালো বোলিং-ফিল্ডিং করি না কেন, দু'দিন পরেই ভুলে যাবে। তবে এর আগেরদিন যে ম্যাচটা জিতেছি, সেটার কথা মানুষ অনেকদিন মনে রাখবে।" সেই ম্যাচ জিতেই তো ফাইনালে উঠেছিল বাংলাদেশ। প্রথম কোনো আসরের ফাইনালে উঠে ইতিহাস গড়তে না পারার ঘটনা বাংলাদেশ অধিনায়কের পুরনো সব বেদনাকেও জাগিয়ে তুলেছে, "আসলে ভালো ক্রিকেট খেলে হারলে দু'দিন পর কেউ মনে রাখে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লায় কিংবা মুলতানে পাকিস্তানের সঙ্গে আমরা জয়ের খুব কাছে গিয়েছিলাম। ওয়েস্ট ইন্ডিজে এক উইকেটে হেরেছিলাম (নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের খুব কাছে গিয়ে ফিরে আসার কথা উল্লেখ করতে বোধহয় ভুলে গেছেন)। সবগুলো হারই খুব কষ্ট দেয়।" এই কষ্টের মধ্যে কিছুটা আত্মসমালোচনাও আছে এবং সেটি স্বাভাবিকভাবেই ব্যাটিংকেন্দ্রিক, "খুব খারাপ লাগছে আমার। কিন্তু যে রান আমরা করেছি তা নিয়ে আসলে জেতা খুব কঠিন। বোলাররা দুর্দান্ত বোলিং করে কাছাকাছিই নিয়ে গিয়েছিল আমাদের। ইনিংসের প্রথম বলে সাকিব রানআউট করার পরই আমাদের মধ্যে এই বিশ্বাস জন্মাল যে এই ম্যাচেও কিছু একটা করা সম্ভব। কারণ শ্রীলঙ্কার টপ অর্ডার এই মুহূর্তে রানে নেই। শেষপর্যন্ত আর হলো না।" কিন্তু নিজেই বলেছেন ১৫২ রান করে জেতা যায় না। তাহলে ফিল্ডিংয়ে নামার আগে কী লক্ষ্য নিয়ে নেমেছিলেন? আশরাফুল জবাবটা দিলেন এভাবে, "লক্ষ্য ছিল যথাযথ ক্রিকেট খেলার। ফিল্ডিংটা যেন ভালো হয়, বোলাররা যেন জায়গামতো বোলিং করে- এইসব আর কী! তাছাড়া আমরা জানতাম শুরুতে দুই তিনটা উইকেট তুলে নেওয়া গেলে অনেক কিছুই সম্ভব। জিম্বাবুয়ের ২০৫ তাড়া করতে নেমে শুরুতে কিছু উইকেট হারিয়ে আমাদের ড্রেসিংরুমে যে অবস্থা হয়েছিল, জানতাম শ্রীলঙ্কারও তাই হবে। শেষপর্যন্ত লড়াই করে যাওয়ার লক্ষ্যই ছিল আমাদের।" লড়াই জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেলেও বাংলাদেশকে কক্ষচ্যুত করেছেন মুরালিধরন। তবে ৬ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কান ব্যাটিংয়ের হাল ধরে রাখার কৃতিত্বটা কুমার সাঙ্গাকারার। ৫৯ রানের ইনিংসটার জন্য ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেওয়া এই ক্রিকেটারের কাছে তবুও পুরস্কারটা তার প্রাপ্য মনে হচ্ছে না। কারণ ওই মুরালি, "অসাধারণ ইনিংস খেললো। আমার মনে হয় ওরই ম্যান অফ দি ম্যাচ হওয়া উচিত ছিল। বল হাতে নয়, এবার ও আমাদের ম্যাচ জেতালো ব্যাটিংয়ে। অসাধারণ।" আর এজন্যই চূড়াটা দেখতে পেল বাংলাদেশ, কিন্তু চূড়াটা জয় করা আর হলো না! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.