ঢাকা, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ক্যারিয়ার মাত্র ১২ টেস্টের হলেও দলের সেরা স্পিনার হয়ে উঠতে সাকিব আল হাসানের লেগেছে আসলে ছয় টেস্ট! ৩৫ টেস্ট উইকেটের ৩২টিই যে তার খেলা সর্বশেষ ছয় টেস্টে পাওয়া। এই সময়ের মধ্যে টেস্টে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড (৭/৩৬) গড়া সাকিবের ব্যাটিংটাও ভুলে যাওয়ার নয়। কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে ম্যান অফ দি ম্যাচ হওয়ার ক্ষেত্রে ছয় উইকেটের পাশাপাশি তার ৯৬ রানের ইনিংসটারও বড় ভূমিকা। এর ঠিক দুই সপ্তাহ পর তার ব্যাটে চড়েই গ্রামীণফোন ট্রাইনেশন কাপের ফাইনালে বাংলাদেশ। এখন তাকে ব্যাটিং না বোলিং অলরাউন্ডার, এভাবে আলাদা করার কোনো মানেই দেখেন না জয়ের নায়ক, "আমি একজন ক্রিকেটার।" যে কিনা ব্যাটে না পারলে বলে, বলে না পারলে ব্যাটে; কিছু না কিছু করে দেয়।
৬ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশুন্য থাকার পর এদিন (বুধবার) যেমন ব্যাটিংয়ে উজাড় করে দেওয়া পারফরম্যান্স। সেটা কখন? যখন ফাইনালে যেতে হলে ৩১ ওভারের ম্যাচে ১৪৭ রান তাড়া করে জিততে হবে ২৪.৫ ওভারের মধ্যেই; যখন ১১ রানে ৩ উইকেট হারিয়ে এই প্রথম কোনো ফাইনাল খেলার স্বপ্ন দিবাস্বপ্নেই রূপ নিতে চলেছিল। সেখান থেকে ৬৯ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস তার ভাগ্যে ম্যাচ সেরার পুরস্কারটা লিখেই রেখেছিল। সেটি নিয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানের 'অ্যাঙ্কর' রানিল আবেনায়েকেকে বলে এলেন, "এটা আমার ক্যারিয়ারের সেরা ইনিংস।" এর ব্যাখ্যাটা পাওয়া গেল একটু পরেই সংবাদ সম্মেলনে আসার পর, "আসল বিষয় পরিস্থিতি। এর আগে আমার সেরা ইনিংস ছিল পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিটি (মুলতানে ১০৮, ২০০৮ সালের ১৬ এপ্রিল)। ওই ম্যাচেও পরিস্থিতি এমনই ছিল। সেবার হারলেও এবার আমরা জিতেছি। ওই ইনিংসের সঙ্গে এই ইনিংসের পার্থক্য এখানেই। তবে দুটো ইনিংসেই খুব 'ক্লিন' ব্যাটিং করেছি। নিজের কাছেই মনে হয়েছে, তেমন কোনো ভুল করিনি।"
পরিস্থিতি বিবেচনায় এটা তার অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কাছেও পাচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা ইনিংসের মর্যাদা। তার ব্যাটিং প্রসঙ্গে বলতে গিয়ে অভাবী সংসারের টানাপড়েনের কথাও বেরিয়ে আসে আশরাফুলের মুখ থেকে, "সাকিব ধারাবাহিকভাবে রান করছে। সেই সঙ্গে বোলিং-ফিল্ডিংও ভালো হচ্ছে। কোনো দলে এরকম আরো দুয়েকজন থাকলে ওই দল খুব ভালো ফল করে। আশা করব, ওর সঙ্গে সঙ্গে আমাদের টপ অর্ডারও ধারাবাহিকভাবে রান করবে। তাহলে আমাদের দল আরো ভালো করবে।" সাকিবের সঙ্গে চতুর্থ উইকেটে ৯১ রানের পার্টনারশিপ গড়ার পথে ৪১ বলে ২৬ রান, দ্রুত রান তোলার দাবি আছে যেখানে সেখানে তার নামের সঙ্গে বেমানান ব্যাটিংয়ের কারণও নাকি এই সাকিবই, "পরিস্থিতির দাবি মিটিয়ে এটা বাংলাদেশের অন্যতম সেরা ইনিংস। দ্রুত তিন উইকেট পড়ার পর ও যেভাবে চার্জ করল, আমার আর মেরে খেলার দরকার পড়েনি। সাকিবের ব্যাটিং আমার এবং দলের কাজ অনেক সহজ করে দিয়েছিল।"
হারের পরও তাই সাকিবের ব্যাটিংয়ের প্রশংসায় কার্পণ্য নেই মাহেলা জয়াবর্ধনের। শ্রীলঙ্কান অধিনায়ক অকপটেই স্বীকার করলেন, "বিশেষ করে সাকিব দুর্দান্ত ব্যাটিং করেছে। দারুণ পরিণত এক ইনিংস খেলে আমাদের চাপে ফেললো। যদিও শুরুতে তিনটা উইকেট তুলে নিয়েছিলাম আমরাই। সেখান থেকে সাকিবই বাংলাদেশকে বের করে আনলো।" অথচ শুনলে যে কেউই অবাক না হয়ে পারবেন না; প্রায় শেষমুহূর্ত পর্যন্ত জেতার চিন্তা নাকি মাথায়ই আসছিল না সাকিবের, "সত্যি বলতে কী, জেতার চিন্তা মাথাতেই আনিনি। জেতার জন্য যখন আমাদের ৮ রান দরকার, তখন নাঈম ভাই (নাঈম ইসলাম) একটা চার মারলো। তখনই প্রথম মনে হয়েছে যে ম্যাচটা জিততে পারি।"
এর আগে জেতার ভাবনা উঁকি না দেওয়ার কারণ, "আমার নিজেরই মনে হয় যে আমি ভালো ফিনিশার না। ভালো খেলি, দলের জন্য অনেক চেষ্টা করি- কিন্তু শেষমেষ কোনো কাজ হয় না। একারণেই জেতার কথা ভাবতে পারছিলাম না।" তবে এবার 'ফিনিশ' করে আসার পর অন্যদের ব্যর্থতার ঢালও হয়ে যাচ্ছেন তিনি। ধারাবাহিক ব্যর্থতার পরও তাই সাকিবকে পাশেই পাচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা, "আমিও যখন দুটো সিরিজে রান করিনি, অনেক চাপে ছিলাম। তখন ভুল হয়, নানান সমস্যা দেখা দেয়। যেগুলো সমস্যা না, সেগুলোকেও সমস্যা মনে হয়। সবাই তো চেষ্টা করছে। শিগগিরই দেখবেন ওরা ব্যর্থতা থেকে বেরিয়ে আসছে।" মুত্তিয়া মুরালিধরন আর অজন্তা মেন্ডিস ভীতি জয়ের মহৌষধও বোধহয় সতীর্থরা দেখে ফেলেছেন তার ব্যাটে, "মুরালির বিপক্ষে সফল হওয়ার কারণ আমি ওকে অনেক সুইপ শট খেলেছি। যে কারণে ওকে বারবার লাইন-লেন্থ বদলাতে হয়। এর ফলে আমার খেলাটা সহজ হয়ে যায়। আর মেন্ডিসের জন্য আমাদের গেমপ্ল্যান ছিল ওকে সোজা সোজা খেলব। কারণ ও ফ্ল্যাট বোলিং করে, জোরে জোরে মারে। হালকা টার্নও করে তবে ওই টার্নের কথা ভাবতে গেলেই সমস্যা।"
সমস্যা তাকে ব্যাটিং কিংবা বোলিং অলরাউন্ডারের পরিচয়ে আলাদা করতে গেলেও। কারণ কখনো তিনি বোলিংয়ে ঝলসে উঠবেন, আবার কখনো ব্যাট হাতেও জয়ের নায়ক হয়ে উঠবেন। একজন পরিপূর্ণ ক্রিকেটারের ছবিটা বোধহয় এমনই দাঁড়ায়!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.
bdnews24