২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটকে বিদায় বললেন হেইডেন

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে অপাঙক্তেয় হয়ে পড়েছেন, টেস্ট দলে থাকবেন কিনা সেটাও অনিশ্চিত। ম্যাথু হেইডেন তাই আর ঝুঁকি নিলেন না- নির্বাচকরা চূড়ান্তভাবে ছুঁড়ে ফেলার আগে অস্ট্রেলিয়ার পক্ষে টেস্টে সবচেয়ে সফল এই ওপেনিং ব্যাটসম্যান নিজেই জানিয়ে দিয়েছেন তিনি আর খেলবেন না অস্ট্রেলিয়া দলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 10:24 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ব্রিসবেন, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে অপাঙক্তেয় হয়ে পড়েছেন, টেস্ট দলে থাকবেন কিনা সেটাও অনিশ্চিত। ম্যাথু হেইডেন তাই আর ঝুঁকি নিলেন না- নির্বাচকরা চূড়ান্তভাবে ছুঁড়ে ফেলার আগে অস্ট্রেলিয়ার পক্ষে টেস্টে সবচেয়ে সফল এই ওপেনিং ব্যাটসম্যান নিজেই জানিয়ে দিয়েছেন তিনি আর খেলবেন না অস্ট্রেলিয়া দলে। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, মঙ্গলবার নিজের হোমগ্রাউন্ড ব্রিসবেনের গাব্বায় সাংবাদিকদের সামনে তিনি দিয়েছেন সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা। মঙ্গলবার ওই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের সময় ভক্তদের সামনে শেষবারের মতো হাজির হবেন এই বাঁহাতি। তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে সেখানেই। হেইডেন অবশ্য এই ম্যাচের অস্ট্রেলিয়া দলে নেই, নেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলেও। নির্বাচকরা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ানডেতে তার ফেরার সম্ভাবনাও আসলে নেই। ৩৭ বছর বয়সী হেইডেন ওই খবরটা শোনার পর থেকেই ভাবছিলেন অবসরের কথা, অবশেষে সেই সিদ্ধান্তটা জানিয়েছেন মঙ্গলবার। "ক্রিকেট থেকে অবসর নিচ্ছি, জীবন থেকে নয়। এখনো অনেক কিছুই অর্জন করতে চাই আমি, সমাজের জন্য অনেক কিছু করারও আছে"