ঢাকা, ১২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটিংটা তেমন ভালো হয়নি। কিন্তু শ্রীলঙ্কার সেই আক্ষেপ পুষিয়ে দিয়েছেন বোলাররা। তারা সবাই একসঙ্গে জ্বলে ওঠায় ২৮.২ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়ে গেছে জিম্বাবুয়ে। সুবাদে সোমবার ১৩০ রানের বিশাল জয় দিয়ে গ্রামীণফোন ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা করেছে শ্রীলঙ্কা। এর আগে অ্যাঞ্জেলো ম্যাথুসের অপরাজিত ফিফটি ও থিলান তুশারার আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে ৬ উইকেটে ২১০ রান করেছিল তারা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু থেকেই জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের সূচনা। নুয়ান কুলাসেকারার প্রথম স্পেল শুরুতেই অস্বস্তিতে ফেলে দিয়েছে তাদের। কুলাসেকারার তৃতীয় ও ইনিংসের পঞ্চম ওভারেই ভুসিমুজি সিবান্দা (৭) বোল্ড। ১৫ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার ধাক্কা সামলে উঠতে না উঠতে আরেকটি আঘাত। কুলাসেকারার পরের ওভারেই এলবিডব্লু হয়ে গেছেন অন্য ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা (৩)। জিম্বাবুয়ের স্কোর তখন ২ উইকেটে ১৬ রান।
টাটেন্ডা টাইবু শুরুতে একটা সুযোগ দিয়েছিলেন। তবে তুশারার বলে তার ব্যাট থেকে আসা কঠিন ক্যাচটা হাতে জমাতে পারেননি স্লিপে দাঁড়ানো মাহেলা জয়াবর্ধনে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি জিম্বাবুয়ের সেরা ব্যাটসম্যান। মাত্র ৯ রান করে ঐ কুলাসেকারার বলেই বোল্ড হয়ে গেছেন টাইবু। ২৭ রানে তৃতীয় উইকেট হারানো জিম্বাবুয়েকে ৪ উইকেটে ৪৭ রানে পরিণত করেছেন তুশারা, শন উইলিয়ামসকে (৮) বোল্ড করে।
এরপরই মঞ্চে আবির্ভাব অজন্তা মেন্ডিসের। গত নভেম্বরে জিম্বাবুয়ে সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫ উইকেট নিয়েছিলেন। একই প্রতিপক্ষকে আবার সামনে পেয়ে উইকেট শিকারের আনন্দে মেতে উঠতে দেরি করেননি 'স্পিন-বিস্ময়'। নিজের প্রথম বলে ওয়াইড দিয়েছিলেন। পরেরটায় কোনো রান হয়নি। পরের বলেই স্টুয়ার্ট মাৎসিকেনেরি (১৫) বোল্ড! এবং জিম্বাবুয়েও ৫৩ রানে পঞ্চম ব্যাটসম্যানকে হারিয়ে পরাজয়ের আশঙ্কায় জর্জরিত।
সেই আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছেন অধিনায়ক প্রোসপার উতসেয়া (৮), দলীয় ৭০ রানে ম্যাথুসের বলে স্লিপে জয়াবর্ধনের হাতে ক্যাচ দিয়ে। সতীর্থদের সাফল্যে উদ্বেলিত মুত্তিয়া মুরালিধরনও দেরি করেননি দলকে উইকেট উপহার দিতে। বিশ্বসেরা অফস্পিনারের প্রথম বলেই জয়াবর্ধনেকে ক্যাচ দিয়েছেন কিথ দাবেংওয়া (৬)। পরের ওভারে রেমন্ড প্রাইসকে (২) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ওয়ানডেতে পঞ্চাশতম উইকেট তুলে নিয়েছেন ১৯তম ম্যাচ খেলতে নামা মেন্ডিস। ওয়ানডেতে এটাই দ্রুততম পঞ্চাশ উইকেট শিকার। আগের রেকর্ডটা ছিল ভারতের অজিত আগারকারের (২৩ ম্যাচে)।
বাকি উইকেট দুটো পড়তেও সময় লাগেনি। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের জয়ের নায়ক এলটন চিগুম্বুরা (৬) মুরালির 'দুসরা'য় বিভ্রান্ত হয়ে স্টাম্পড হওয়ার পর ম্যাচ শেষ করে দিয়েছেন মেন্ডিস, টাওয়ান্ডা মুপারিওয়াকে (০) ডিপ মিডউইকেটে থারাঙ্গার ক্যাচ বানিয়ে। ১০ রানে শেষ ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তাই ৮০ রানেই শেষ! যে ইনিংসে মাৎসিকেনেরি ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। সর্বোচ্চ ১৬ রান এসেছে অতিরিক্ত থেকে। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটা তাদের চতুর্থ বারের মতো একশ'র কমে গুটিয়ে যাওয়া। কুলাসেকারা ও মেন্ডিস দুজনই ৩টি করে উইকেট নিলেও দলের ঘোর বিপদের সময় ফিফটির পাশাপাশি উতসেয়ার উইকেট নেয়ার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ম্যাথুস।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে বেশ ভালো সূচনা এনে দিয়েছিলেন সনাৎ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গা। কিন্তু উদ্বোধনী জুটিতে ৫১ রান ওঠার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। শ্রীলঙ্কানদের বিপদের সূচনা চিগুম্বুরার মাধ্যমে। ইনিংসের নবম ওভারে তিনি জয়াসুরিয়াকে স্লিপে মাসাকাদজার ক্যাচ বানিয়ে ব্রেক থ্রু এনে দেন দলকে। 'মাতারা হারিকেন'-এর ৩২ বলে ২২ রানের ইনিংসে ছিল ৩টি চার ও একটি ছক্কা।
পরের জুটিতে ২২ রান ওঠার পর আবার ধাক্কা। মাত্র ৪ রান করে কুমার সাঙ্গাকারা এড রাইন্সফোর্ডের বলে এলবিডব্লু! জয়াবর্ধনে তো রানের খাতাই খুলতে পারেননি। রাইন্সফোর্ডের পরের ওভারেই কট বিহাইন্ড হয়ে গেছেন শ্রীলঙ্কা অধিনায়ক। চামারা কাপুগেদেরাও (৪) একই বোলারের শিকার। তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে নিজের তৃতীয় উইকেটের আনন্দে মেতে উঠেছেন রাইন্সফোর্ড।
অন্যপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখতে, দেখতে থারাঙ্গাও আর নিজেকে টিকিয়ে রাখতে পারেননি। ৪৩ রান করে প্রতিপক্ষ অধিনায়ক প্রোসপার উতসেয়ার বলে এলবিডব্লু হয়ে গেছেন তিনি। ২৪ রানের মধ্যে ৪ এবং ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তখন ভীষণ বিপদে।
সেই বিপদ থেকে তাদের টেনে তুলেছেন জিহান মুবারক ও ম্যাথুস। দুজনে ধীরে-সুস্থে, ঠান্ডা মাথায় খেলে ২১ ওভারে গড়ে তুলেছেন ৬৯ রানের এক মূল্যবান জুটি। জুটিটা ভেঙ্গেছে মুবারকের আক্রমণাত্মক শট খেলতে চাওয়ার মাশুল দিয়ে। তৃতীয় ও শেষ পাওয়ার প্লে'র সুযোগ নিতে প্রাইসকে উড়িয়ে মারতে চেয়েছিলেন মুবারক। কিন্তু বল চলে গেছে মিড-অনে দাঁড়ানো শন উইলিয়ামসের হাতে। ৬২ বলে ৩টি বাউন্ডারিসহ ৩১ রান এসেছে মুবারকের ব্যাট থেকে।
পরের ব্যাটসম্যান তুশারা ব্যক্তিগত ৩ রানে একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু কঠিন রিটার্ন ক্যাচটা ধরতে পারেননি রাইন্সফোর্ড। সেজন্য চরম মূল্যও দিতে হয়েছে জিম্বাবুইয়ানদের। 'জীবন' ফিরে পেয়েই ব্যাটে ঝড় তুলেছেন তুশারা, দাবেংওয়ার পরপর দুই বলে ছক্কা মেরেছেন তিনি। অন্যপ্রান্তে আস্থার প্রতিমূর্তি হয়ে থাকা ম্যাথুসের ব্যাট থেকেও এসেছে দুটো ছক্কা। মাত্র তৃতীয় ওয়ানডে খেলতে নামা ম্যাথুস ক্যারিয়ারের প্রথম ফিফটিতে পৌঁছেছেন ৯৪ বলে। শেষ পর্যন্ত ৯৬ বল খেলে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। তুশারাকেও আউট করতে পারেননি জিম্বাবুয়ের কোনো বোলার। তার অপরাজিত ২৮ রান এসেছে মাত্র ২৭ বলে। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে দুজনে যোগ করেছেন ৪৪ রান। ৪১ রানে ৩ উইকেট নেয়া রাইন্সফোর্ড জিম্বাবুয়ের সফলতম বোলার।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২১০/৬ (থারাঙ্গা ৪৩, জয়াসুরিয়া ২২, সাঙ্গাকারা ৪, জয়াবর্ধনে ০, কাপুগেদেরা ৪, মুবারক ৩১, ম্যাথুস ৫২*, তুশারা ২৮*, অতিরিক্ত ২৬; রাইন্সফোর্ড ৩/৪১, মুপারিওয়া ০/৪৬, চিগুম্বুরা ১/৪২, উতসেয়া ১/২৮, প্রাইস ১/২১, দাবেংওয়া ০/২৬)
জিম্বাবুয়ে : ২৮.২ ওভারে ৮০ (মাসাকাদজা ৩, সিবান্দা ৭, মাসসিকেনেরি ১৫, টাইবু ৯, উইলিয়ামস ৮, উতসেয়া ৮, দাবেংওয়া ৬, চিগুম্বুরা ৬, প্রাইস ২, মুপারিওয়া ০, রাইন্সফোর্ড ০*, অতিরিক্ত ১৬; কুলাসেকারা ৩/১৩, তুশারা ১/১৯, ম্যাথুস ১/১৯, মেন্ডিস ৩/১৫, মুরালিধরন ২/৪)।
ফল : শ্রীলঙ্কা ১৩০ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : অ্যাঞ্জেলো ম্যাথুস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৩৫ঘ.
bdnews24