২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেনের আত্মপক্ষ সমর্থন

হুট করে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দিয়ে কি আফসোস হচ্ছে কেভিন পিটারসেনের? নইলে তিনি কেন বলবেন, "আমি মনে করি ইংল্যান্ড অধিনায়ক হিসাবে আমার আরও দেয়ার ছিল। আমার সত্যিই তাই ধারণা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

লন্ডন, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হুট করে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দিয়ে কি আফসোস হচ্ছে কেভিন পিটারসেনের? নইলে তিনি কেন বলবেন, "আমি মনে করি ইংল্যান্ড অধিনায়ক হিসাবে আমার আরও দেয়ার ছিল। আমার সত্যিই তাই ধারণা।" গত বুধবার কোচ পিটার মুরসের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করেছেন পিটারসেন। মুরসের চাকরিও থাকেনি, তাকে সরিয়ে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দায়িত্ব ছেড়ে দেয়ার পর ইংলিশ ট্যাবলয়েড 'নিউজ অব দ্য ওয়ার্ল্ড'-এর সঙ্গে প্রথম কথা বলেছেন পিটারসেন। দীর্ঘ সাক্ষাৎকারটিতে উঠে এসেছে অধিনায়ক হিসাবে তার অপূর্ণতা, ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞাসহ নানা প্রসঙ্গ। হঠাৎ করে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার আকাক্সক্ষা জোরের সঙ্গেই ব্যক্ত করেছেন তিনি, "এই মুহূর্তে আমার জন্য সঠিক হবে মাঠে ফিরে খেলা চালিয়ে যাওয়া। এমন কিছু করা যা আমি সত্যি, সত্যিই ভালবাসি। আর সেটা হলো রান করা, ইংল্যান্ডের জন্য আরো বেশি রান করা।" নতুন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে পূর্ণ সহযোগিতা দিতেও দৃঢ় প্রতিজ্ঞ ইংল্যান্ডকে মাত্র তিনটি টেস্টে নেতৃত্ব দেয়া 'কেপি', "অধিনায়কের পেছনে থেকে দলকে জয় এনে দিতে আমি শতভাগ অঙ্গীকারাবদ্ধ। প্রতিদিন সকালে আমি হাসিমুখে উঠবো এবং ইংল্যান্ডকে জয় এনে দিতে সর্বাত্মক চেষ্টা করবো। মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলাও আমার লক্ষ্য। কারণ আমি জানি লোকে আমার ব্যাটিং দেখতে কতটা পছন্দ করে। এ ধরনের ব্যাপার আমার দারুণ উজ্জীবিত করে তোলে।" এত সব লক্ষ্যের ভীড়ে একটা ব্যাপার ভীষণ আহত করেছে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া পিটারসেনকে। পদত্যাগের পর তার ব্যক্তিত্ব নিয়ে যে সব নেতিবাচক সমালোচনা হয়েছে তাতে তিনি মর্মাহত, "লোকে আমার ইগো নিয়ে অনেক কথাবার্তা বলেছে। এটা যেন নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু কোনো ধরনের ইগো থাকলে আমি তো অধিনায়কত্ব চালিয়েই যেতাম। আর আনুষঙ্গিক সব ধরনের সুযোগ-সুবিধাও নিতাম। অথচ আমি এ ব্যাপারে ঝুঁকি নিয়েছি। কারণ আমার মনে হয়েছে সব কিছু যে ঠিকঠাক চলছে না তা জানানো আমার দায়িত্ব। আমি ঝুঁকি নিয়েছি কারণ ইংল্যান্ড অধিনায়ক হিসাবে আমার দায়িত্ব হলো কিভাবে আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিৎ তা সবাইকে জানানো। আমার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাটা-ছেড়া ভীষণ আহত করেছে আমাকে। কারণ সেটা একেবারেই ভিত্তিহীন। আমি আমার সব কাহিনী বলে যেতে চাই যাতে করে লোকে বোঝে যে আমি একদমই ভুল কিছু করিনি।" ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন পিটারসেন, "ফ্রেডির (ফ্লিনটফের) সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই খুব ভালো। সবকিছু শেষ হওয়ার (অর্থাৎ অধিনায়কত্ব ছেড়ে দেয়ার) পর তার সঙ্গে বসে আমি বলেছি, 'বন্ধু, ব্যাপারটা এভাবে হয়েছে।' কোচের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে মিটিংয়ের ব্যাখ্যাও দিয়েছি তাকে। তার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি। ফ্রেডি আমাকে বলেছে, 'তুমি ইংল্যান্ডের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে পার না।" তবে প্রগাঢ় বন্ধুত্ব থাকলেও ফ্লিনটফের কথায় কান দেননি পিটারসেন। এদিকে ইংল্যান্ডের কোচ হওয়ার ব্যাপারে দুজন আগ্রহ প্রকাশ করেছেন। একজন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ড্যারেন লেম্যান। অন্যজন দক্ষিণ আফ্রিকার সাবেক এবং ইংলিশ কাউন্টি কেন্টের বর্তমান কোচ গ্রাহাম ফোর্ড। ইসিবি অবশ্য এ নিয়ে এখনো কিছু জানায়নি। শুধু জানা গেছে মুরসের জায়গায় তার সহকারী সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারকে আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য অন্তবর্তী কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৫০ঘ.