ওয়েলিংটন, ৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। বুধবার ক্যারিবীয়দের সহজেই ৭ উইকেটে হারিয়ে ৫ ম্যাচ সিরিজে সমতা ফিরিয়ে এনেছে স্বাগতিকরা। বৃষ্টিতে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টিতে জয় পেয়েছিল ক্রিস গেইলের দল।
ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বস্ত হওয়ার কারণ ড্যানিয়েল ভেট্টোরির দুর্দান্ত বোলিং। ১০ ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন কিউই অধিনায়ক। ভেট্টোরির বাঁহাতি স্পিনে বিভ্রান্ত ক্যারিবীয়রা ৪১.৪ ওভারে অলআউট হয়ে গেছে মাত্র ১২৮ রানে। শিবনারায়ণ চন্দরপল (৪৫) ও দশ নম্বরে ব্যাট করতে নামা নিকিতা মিলার (২৫*) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি।
জবাব দিতে নেমে ড্যারেন পাওয়েলের (৩/২৫) তোপে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। তবে রস টেলর ও ড্যানিয়েল ফ্লিনের ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি কিউইদের শুধু বিপদ থেকে উদ্ধারই করেনি, প্রায় ৩০ ওভার আগেই এনে দিয়েছে মধুর এক জয়। ৫০ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থেকে যান টেলর। ফ্লিনের অবদান ৩৪ বলে অপরাজিত ২৩ রান। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভেট্টোরি।
আগামী শনিবার অকল্যান্ডে হবে সিরিজের চতুর্থ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ : ৪১.৪ ওভারে ১২৮ (চন্দরপল ৪৫, মিলার ২৫*, গেইল ১৮, এডওয়ার্ডস ১৩; ভেট্টোরি ৪/২০, মিলস ২/৩১, সাউদি ২/৩৬)
নিউজিল্যান্ড : ২০.৩ ওভারে ১২৯/৩ (টেলর ৫১*, ফ্লিন ২৩*, ম্যাককালাম ১৮, রাইডার ১৪; পাওয়েল ৩/২৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫০৫ঘ.
bdnews24