চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- গত টেস্টের শেষ ইনিংসে যেমনটা খেলেছিল তাতে চট্টগ্রাম টেস্ট নিয়ে বড় একটা আশা তৈরি হয়েছিল। কিন্তু চারদিনে টেস্ট হওয়া টেস্টটিতে বাংলাদেশ হেরেছে ৫৬৫ রানের বিশাল ব্যবধানে। কেন এমন হলো, জেতার পর শ্রীলঙ্কাই বা কী ভাবছে এসব প্রশ্নের উত্তর শুনুন সংশ্লিষ্টদের মুখেই।
বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ---
প্রশ্ন : চতুর্থ ইনিংসে ছয়শোর বেশি টার্গেট নাকি শ্রীলঙ্কান স্পিনার- কোনটায় বেশি চাপ অনুভব করছিলেন?
মোহাম্মদ আশরাফুল : চট্টগ্রামের উইকেট থেকে স্পিনাররা সুবিধা পায় ঠিকই, তবে টার্গেট ৬২৪ রান হওয়ার চাপও ছিল। সেশন বাই সেশন পার করার লক্ষ্য নিয়েই আমরা নেমেছিলাম কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় আর সেটা করা হয়ে ওঠেনি।
প্রশ্ন : এই উইকেটে শট খেলাও তো কঠিন ছিল।
আশরাফুল : মেন্ডিস যেভাবে বল করে তাতে শট না খেলে টিকে থাকা কঠিন। সাকিব শট খেলায় রানও পেয়েছে। কিন্তু রান নেয়ার পাশাপাশি টিকেও থাকতে হবে। সে জায়গায় আমরা ব্যর্থ।
প্রশ্ন : ঢাকায় ভালো পারফরম্যান্সের পর চট্টগ্রামে দলের এমন হালের কারণ-
আশরাফুল : ভাগ্য সহায় ছিল না। লঙ্কানদের প্রথম ইনিংসে ৭৫ রানে ৪ উইকেট ফেলে দেয়ার পরও আমরা সুযোগটা কাজে লাগাতে পারিনি। বোলিংটা এরপর ভালো হয়নি, পরে ব্যাটিংটাও নয়।
প্রশ্ন : শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে বোলিং পরিবর্তনের ক্ষেত্রে নিজের কোনো ভুল-ভ্রান্তি দেখেছেন ?
আশরাফুল : হ্যাঁ। একটা সময় রক্ষণাত্মক কৌশল অবলম্বন করা হয়নি। এছাড়া তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে সাকিবকে দিয়ে বেশি বল করানো হয়নি।
প্রশ্ন : চতুর্থ ইনিংসে নিজের আউট প্রসঙ্গে---
আশরাফুল : ক্রিজে শুধু দাঁড়িয়ে থাকলে হয় না। স্কোরও করতে হয়। শট খেলতে গিয়েই আউট হয়েছি।
বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্স---
প্রশ্ন : দলের এমন পারফরম্যান্সে নিশ্চয়ই হতাশ।
জেমি সিডন্স : হ্যাঁ, আমি হতাশ। আমি হতাশ হতাম না যদি এই উইকেটটা টার্নিং হতো যা প্রতিপক্ষের বোলারদের সুবিধাই করে দিত। আমাদের কয়েকটা আউটে উইকেটের কোনো ভূমিকাই তো আমি দেখলাম না।
ঢাকায় চতুর্থ ইনিংসে চারশোর বেশি রান করার পর আমিসহ সবাই এই ছেলেদের মাঝে বিশাল উন্নতি দেখেছিলাম। এখানে যা হল তা কিছুতেই প্রত্যাশিত নয়। তবে আমি এটাও দেখছি যে আমাদের প্রথম আট ব্যাটসম্যানের অনেকেরই এখনো ১০টা টেস্টই খেলা হয়নি। যাদের খেলতে হয়েছে এই মুহূর্তে সম্ভবত বিশ্বের সেরা দুই বোলারকে। এটাও কম কঠিন ছিল না ওদের কাছে।
ওদের মধ্যে ভীতিও কিছুটা বেশি কাজ করেছে বলে আমার মনে হয়। দেখুন না মেন্ডিস কতো দ্রুত তিনটা উইকেট তুলে নিল। আবারো আমরা অল্প রানেই বেশ কিছু উইকেট হারিয়ে বসলাম। হতাশ এজন্য যে আমাদের টপ ফোর ধারাবাহিকভাবে রান করছে না এবং সবসময়ই অ্যাশ, সাকিব ও মুশিকে (মুশফিকুর রহিম) লড়তে হচ্ছে আমাদের মুখ রক্ষার জন্য। কোনো সন্দেহই নেই যে আমরা উন্নতি করছি কিন্তু সেটা আমরা আজ দেখাতে পারলাম না। এটাও হতাশার।
প্রশ্ন : এরকম বাজে পারফরম্যান্স নিয়ে আপনার মূল্যায়ন--
সিডন্স : যখন টার্গেট থাকে ছয়শোর বেশি এবং জেতার কোনো সম্ভাবনাই থাকে না, তখন কাজটা এমনিতেও কঠিন। ঢাকায়ও বিশাল টার্গেট ছিল কিন্তু আমরা ভালো করেছিলাম। তবে আজকের পারফরম্যান্সের জন্য অজুহাত দাঁড় করানোর কিছু নেই।
উইকেট ঠিকই ছিল। মেন্ডিস, মুরালি ও ভাসরা যে চাপে ফেলেছিল, তা সামলানোর মতো অভিজ্ঞতা আমাদের অনেকেরই ছিল না। আমি বলতে চাইছি যাদের এখনো ১০টা টেস্টও খেলা হয়নি তাদের পক্ষে ওই মানের বোলারদের সামলানো বেশ কঠিনই। প্রথম ইনিংসে দেখেছেন আশরাফুলের ৪৫ রানের ইনিংসটা বেশ সাবলীল ছিল। সাকিব ও মুশফিকের ব্যাটিং দেখিয়েছে যে অভিজ্ঞতা প্রতিভাবান একটা দলের কাজেই আসে।
এখন তারা অভিজ্ঞ হচ্ছে। দুই বছরের মধ্যেই দেখবেন এই ছেলেরাই ভালো খেলছে। আমি নিশ্চিত করে বলতে পারি আমরা অনেক ভালো দল হবো।
প্রশ্ন : আইসিসি প্রেসিডেন্ট স
bdnews24