চট্টগ্রাম, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম টেস্টে ৬২৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপদে পড়ে গেছে বাংলাদেশ। দুই ওপেনার ইমরুল কায়েস (৫) ও তামিম ইকবাল (১৭) এবং জুনায়েদ সিদ্দিকীর (৪) উইকেট তিনটি হারিয়ে ১৬ ওভারে স্বাগতিকরা তুলেছে ৩২ রান। ব্যাট করছিলেন রাকিবুল হাসান (৪) আর অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (০)।
এর আগে মঙ্গলবার চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির সময় ৬ উইকেটে ৪৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে দেন শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। সব মিলিয়ে তাদের লিড ৬২৩ রানের, ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চাইলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের তাই প্রয়োজন ৬২৪ রান।
দ্বিতীয় ইনিংসের শুরুতে যতক্ষণ শ্রীলঙ্কার দুই নতুন বলের বোলার বল করছিলেন, ততক্ষণ ভালোই খেলছিলেন ইমরুল আর তামিম। কিন্তু অজন্তা মেন্ডিস বল হাতে নিতেই শুরু হয় বিপত্তি। নিজের প্রথম ওভারেই ইমরুলকে প্রথম স্লিপে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের শিকার বানিয়েছেন এই রহস্যময় স্পিনার। আর পানি পানের বিরতির পর আবার বল হাতে নিয়েই জুনায়েদকে ফেলেছেন এলবিডব্লুর ফাঁদে। মাঝে তামিম ইকবাল প্রথম ইনিংসের অ্যাকশন রিপ্লের মতো করেই চামিন্ডা ভাসের বলে ক্যাচ দিয়েছেন উইকেট কিপার প্রসন্ন জয়াবর্ধনেকে।
ঢাকার প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আশরাফুলদের দারুণ লড়াইয়ের কথা মনে রেখেই কি না, কোনো ঝুঁকি নেননি জয়াবর্ধনে। পাঁচ সেশন সময় হাতে রেখে বাংলাদেশের সামনে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন পাহাড় সমান এক টার্গেট। তৃতীয় দিনশেষে তোলা ৪ উইকেটে ২৯৬ রানের সঙ্গে চতুর্থ দিনের সকালে দুটি উইকেট হারিয়ে আরো ১৫১ রান তুলেছে লঙ্কানরা।
আউট হওয়ার আগে মাত্র চতুর্থ শ্রীলঙ্কান হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন তিলকরতে
bdnews24