২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলের সাহায্য নিয়ে মুরালিকে সামলালেন মাশরাফি

টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরনের চেয়ে 'রহস্যময় স্পিনার' অজন্তা মেন্ডিসকে সামলানোই বরং তার কাছে সহজ ছিল! চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষে এমন দাবিই করেছেন মাশরাফি বিন মর্তুজা, যার ব্যাটে ভর দিয়ে ফলোঅনের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করার পথে তাই 'মুরালিকে ধরে মেন্ডিসকে মেরে খেলা'র দিকেই নাকি ঝোঁকটা বেশি ছিল তার, "মেন্ডিসের চেয়ে তুলনামূলকভাবে মুরালিকে খেলাই বেশি কঠিন মনে হচ্ছিল আমার কাছে। তাই মুরালিকে সামলে মেন্ডিসের বিপক্ষেই শট খেলার চেষ্টা করেছি বেশি।" চট্টগ্রাম থেকে জানাচ্ছেন মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

চট্টগ্রাম, ৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরনের চেয়ে 'রহস্যময় স্পিনার' অজন্তা মেন্ডিসকে সামলানোই বরং তার কাছে সহজ ছিল! চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষে এমন দাবিই করেছেন মাশরাফি বিন মর্তুজা, যার ব্যাটে ভর দিয়ে ফলোঅনের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করার পথে তাই 'মুরালিকে ধরে মেন্ডিসকে মেরে খেলা'র দিকেই নাকি ঝোঁকটা বেশি ছিল তার, "মেন্ডিসের চেয়ে তুলনামূলকভাবে মুরালিকে খেলাই বেশি কঠিন মনে হচ্ছিল আমার কাছে। তাই মুরালিকে সামলে মেন্ডিসের বিপক্ষেই শট খেলার চেষ্টা করেছি বেশি।" চট্টগ্রাম থেকে জানাচ্ছেন মিন্টু চৌধুরী কিন্তু তার ৮৯ বলের ইনিংসটার দিকে তাকালে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের কথাটাকে সত্যি বলে মনে হবে না একটুও। মুরালি-মেন্ডিস, দু'জনের বলেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। একটি ডিপ মিডউইকেট দিয়ে আর অন্যটা লংঅনের ওপর দিয়ে। এখানে সমান-সমান হলেও বাউন্ডারির হিসাব নিতে গিয়ে দেখা যাচ্ছে, মুরালির ওপরই বেশি চড়াও হয়েছেন মাশরাফি। তার মারা আট বাউন্ডারির মধ্যে পাঁচটিই মুরালির বলে, মেন্ডিসের বিপক্ষে মাত্র দুটো। অবশ্য মুরালিকে সামলানোর ক্ষেত্রে অধিনায়ক মোহাম্মদ আশরাফুলেরও কিছুটা অবদান আছে জানিয়ে দলের মূল স্ট্রাইক বোলার বললেন, "মুরালিকে কীভাবে খেললে ভালো হয়- এবিষয়ে ব্যাটিংয়ে নামার আগে আশরাফুল আমাকে কিছু টিপস দিয়েছিল। যেগুলো কাজে লেগেছে খুব।" অবশ্য মুরালিকেই কঠিন মনে করার পেছনে একটা 'মানসিক' কারণও যে ছিল, সেটাও জানাতে দ্বিধা করেননি নিজের তৃতীয় টেস্ট ফিফটির মুখ দেখা মাশরাফি, "এর আগে মুরালি সাত থেকে আটবার আমার উইকেট পেয়েছিল। এবং প্রতিবারই আমি অল্পতেই আউট হয়েছি। এজন্য এবার আমার লক্ষ্যই হয়ে গিয়েছিল ওকে আগে সামলানো। যেটা আমি আজকে করতে পেরেছি।" আর দল ১৪৫ রানে নবম উইকেট হারানোর পর কী চিন্তা কাজ করছিল তার মাথায়? - এমন প্রশ্নের জবাবে সঙ্গী আরেক পেসার শাহাদাত হোসেনের ব্যাটিং ক্ষমতার প্রতি আস্থাও ঝরেছে তার কন্ঠে, "ফলোঅন বাঁচানোর পরিকল্পনাই ছিল শুধু। আমি চাচ্ছিলাম যতো বেশি সম্ভব স্ট্রাইক রাখতে। কিন্তু রাজীবও (শাহাদাতের ডাকনাম) ছিল এক কথায় অসাধারণ। আমরা এর আগেও কয়েকবার একই পরিস্থিতিতে ব্যাটিং করেছি। যেকারণে ওর প্রতি আস্থার অভাব ছিল না।" তার ব্যাটে ফলোঅন এড়ালেও চতুর্থ ইনিংসে আরেকটি বড় টার্গেট পাওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ম্যাচে বাংলাদেশের সুযোগ কতোটা? মাশরাফি বলছেন, "আমার মনে হয় তৃতীয় দিনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো বল করে তাদের অল্পতেই আটকে রাখতে পারি, তাহলে ম্যাচটা জমবে। কিন্তু ব্যাটিংয়েও মিরপুরের মতো প্রয়োগক্ষমতা দেখাতে হবে আমাদের। আশরাফুলের আউটটাই ছিল টার্নিং পয়েন্ট। এরপর মুশফিকের আউটও। ওরা দু'জনেই সেট হয়ে আউট হয়েছে।" আশরাফুলের আউট হওয়ার কারণ ব্যাখ্যার পাশাপাশি মাশরাফির ব্যাটিংয়ের প্রশংসাও শোনা গেছে শ্রীলঙ্কার পেস আক্রমণের নেতা চামিন্ডা ভাসের মুখে। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা এই অভিজ্ঞ ক্রিকেটার বলেছেন, "স্লো উইকেটে আমরা ভালোই বল করেছি বিশেষ করে স্পিনাররা। মর্তুজা দুর্দান্ত ব্যাটিং করাতেই আমরা ওদের ফলোঅনে ফেলতে পারলাম না। অবশ্য ওদের অধিনায়ক স্পিনারদের খুব ভালো সামলেছে। কিন্তু উইকেটে থেকে রান না করাটা খুব কঠিন। আমাদের পেসাররা দু'দিক থেকেই ব্যাটসম্যানদের চাপে রাখছিল। আর তারা আক্রমণ থেকে সরে যাওয়ার পরপরই বাংলাদেশ দ্রুত কিছু রান তুলতে চাইল। আশরাফুল এই চেষ্টাটা করতে গিয়েই আউট হয়েছে বলে আমার মনে হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমপি/এমএম/২১০০ঘ.