সিডনি, ৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডনিতে দক্ষিণ আফ্রিকার সামনে দুটো লক্ষ্য। এক. অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল। এবং দুই. অস্ট্রেলীয়দের প্রায় সোয়া শ' বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবানো। সেই দুটো লক্ষ্যের পথে শনিবার তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ভালোমতোই এগিয়েছে প্রোটিয়ারা। কারণ ৬ উইকেটে ২৬৭ রান নিয়ে দিনটা স্বস্তিতে শেষ করতে পারেনি অস্ট্রেলিয়া। ৭৩ রানে অপরাজিত মাইকেল ক্লার্ক দু বার 'জীবন' ফিরে না পেলে স্বাগতিকদের অবস্থা আরো খারাপও হতে পারতো।
৮, ০, ২৪, ১২, ৪, ৮, ২৩ --- সর্বশেষ ৪ টেস্টে ম্যাথু হেইডেনের রান। এমন নড়বড়ে পারফরম্যান্সের জন্য সিডনি টেস্টের আগে তাকে বাদ দেয়ার ব্যাপারে সোচ্চার হয়ে উঠেছিল অস্ট্রেলীয় মিডিয়া। তবে সেই দাবিতে কর্ণপাত করেনি রিকি পন্টিংয়ের দল। সম্মান রক্ষার লড়াইয়ে হেইডেনকে নিয়েই নেমেছে তারা।
টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিকদের শুরুটা কিন্তু খারাপ হয়নি। সাইমন ক্যাটিচের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৬২ রান এনে দিয়ে দলকে মোটামুটি ভালো সূচনাই উপহার দিয়েছিলেন হেইডেন। কিন্তু তারপরই জোড়া ধাক্কা। ৪৭ রান করা ক্যাটিচকে স্লিপে এবি ডি ভিলিয়ার্সের ক্যাচ বানিয়ে প্রোটিয়াদের ব্রেক থ্রু এনে দেন জ্যাক ক্যালিস। পরের ওভারেই রিকি পন্টিংয়ের বিদায়! মেলবোর্নে দ্বিতীয় টেস্টে সিরিজ হার নিশ্চিত হয়ে গেলেও ১০১ ও ৯৯ রানের দুটো দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। কিন্তু এবার মুখোমুখি হওয়া প্রথম বলেই তিনি আউট! মর্নে মরকেলের বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে চলে গেছে মার্ক বাউচারের গ্লাভসে।
শুরু থেকে সাবধানী হেইডেন মাইক হাসিকে সঙ্গে নিয়ে মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত আর কোনো ক্ষতি হতে দেননি। কিন্তু মধ্যাহ্ন-বিরতির পর বেশিদূর যেতেও পারেননি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার। ডেল স্টেইনের অফস্টাম্পের বাইরে পিচ পড়া বল ড্রাইভ করতে গিয়ে টেনে এনেছেন উইকেটে। ৭৮ বলে ৩১ রান করে বাদ পড়ার দাবিটা আরো জোরালো করেই তুললেন হেইডেন।
হেইডেনের মতো হাসির ব্যাটেও বেশ কিছু দিন ধরে রান-খরা। কিন্তু প্রথম দুই টেস্টের ৪ ইনিংসে মাত্র ১০ রান করা হাসি ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেননি। পল হ্যারিসের বলে স্লিপে ক্যালিসের মুঠোবন্দী হওয়ার সময় তার নামের পাশে লেখা ছিল মাত্র ৩০ রান।
অভিষিক্ত অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড করেছেন ঠিক তার অর্ধেক। তার আগে মরকেল জ্বালিয়ে মেরেছেন তাকে। প্রথমে খাটো লেন্থের বলে শরীরে আঘাত টেনে টেস্ট ক্রিকেটের কঠিন আঙ্গিনায় ম্যাকডোনাল্ডকে অভ্যর্থনা (!) জানিয়েছেন মরকেল। দু বল পর ব্যাটের কানায় লাগা বল অল্পের জন্য স্লিপ কর্ডনের কাছে পৌঁছাতে পারেনি। এবং তার খানিকক্ষণ পর ম্যাকডোনাল্ডের হেলমেটে আঘাত হেনেছেন প্রোটিয়াদের দীর্ঘদেহী পেসার। তবে এই উইকেটটা মরকেলের নয়। ম্যাকডোনাল্ডকে কট বিহাইন্ড করে ১২ রানে থাকা ক্লার্কের ক্যাচ ফেলার দুঃখ কিছুটা হলেও ভুলতে পেরেছেন এনটিনি।
১৬২ রানে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তখন ভীষণ সঙ্কটে। ব্র্যাড হ্যাডিনকে (৩৮) সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়ে সেই সঙ্কট থেকে দলকে কিছুটা হলেও বের করে এনেছেন ক্লার্ক। দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে হ্যাডিনকে বোল্ড করে জুটিটা ভেঙ্গেছেন স্টেইন। মিচেল জনসন (১৭*) আর ক্লার্ক মিলে দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন কোনো রকমে। তবে এনটিনির বলে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়েও হাশিম আমলার ব্যর্থতায় বেঁচে গেছেন ক্লার্ক। আর তাই প্রথম ইনিংসে বড় স্কোর গড়ার স্বপ্নও বেঁচে আছে অস্ট্রেলিয়ার।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৮৮ ওভারে ২৬৭/৬ (হেইডেন ৩১, ক্যাটিচ ৪৭, পন্টিং ০, হাসি ৩০, ক্লার্ক ৭৩*, ম্যাকডোনাল্ড ১৫, হ্যাডিন ৩৮, জনসন ১৭*, অতিরিক্ত ১৬; স্টেইন ২/৭১, এনটিনি ১/৫৩, মরকেল ১/৪৯, ক্যালিস ১/৪৩, হ্যারিস ১/৪৪)।
বিবিসির সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯১৪ঘ.
bdnews24