চট্টগ্রাম, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তিলকরত্নে দিলশানের দুর্দান্ত এক সেঞ্চুরি চট্টগ্রাম টেস্টে পথে ফিরিয়েছে শ্রীলঙ্কাকে। ৭৫ রানে চার উইকেট হারানোর পর ব্যাট করতে নেমে এই ডানহাতি ১৬২ রান করে আউট হয়েছেন শেষ বিকেলে, তবে তার আগে শ্রীলঙ্কাকে পৌঁছে দিয়েছেন নিরাপদ স্থানে। দিনশেষে ৬ উইকেটে ৩৭১ রান তুলেছে সফরকারীরা। ৯৩ রানে অপরাজিত রয়েছেন চামারা কাপুগেদারা, সঙ্গী চামিন্ডা ভাসের সংগ্রহ ১।
অথচ সকালে বাংলাদেশের শুরুটা যেমন হয়েছিল তাতে অন্য রকমই হতে পারতো দিনটা। হয়নি ওই দিলশানের কারণে। মালিন্দা ওয়ার্নাপুরাকে (৬৩) নিয়ে পঞ্চম উইকেটে ১১৯ আর কাপুগেদারাকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৭৩ রানের দুটি জুটি গড়ে বাংলাদেশের বোলারদের প্রাথমিক সাফল্যের কথা ভুলিয়ে দিয়েছেন তিনি।
শুরু থেকে দারুণ পাল্টা আক্রমণে বাংলাদেশের বোলারদের আত্মবিশ্বাস এলোমেলো করে দিয়েছেন এই ডানহাতি। আটটি বাউন্ডারি আর একটি ছক্কায় মাত্র ৩৭ বলে হাফসেঞ্চুরি পুরণ করেছেন, ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করতে তার লেগেছে ৯৩ বল। ওয়ার্নাপুরার সঙ্গে পঞ্চম উইকেটে ১১৯ রানের জুটির ৮৬ রানই এসেছে তার ব্যাট থেকে।
কোনো বোলারকে দিয়েই ওই জুটি ভাঙতে না পেরে শেষ পর্যন্ত নিজেই বল হাতে নিয়েছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, আর নিয়ে প্রথম বলেই ওয়ার্নাপুরাকে (৬৩) এলবিডব্লুর ফাঁদে ফেলে পেয়ে গেছেন কাক্সিক্ষত সেই সাফল্য। কিন্তু এরপর কাপুগেদারা এসে দিলশানের দেখানো পথেই হাঁটতে শুরু করায় সেই সাফল্যের কথা ভুলতে সময় লাগেনি মোটেই।
দিলশানের খুনে ইনিংসটা শেষ পর্যন্ত থেমেছে এনামুল জুনিয়রের বলে বোল্ড হয়ে। তার ১৬৫ বলের ইনিংসটা সাজানো ছিল ২১টি বাউন্ডারি আর দুটি ছক্কায়।
সকালে বাংলাদেশের শুরুটা কিন্তু হয়েছিল স্বপ্নের মতোই। ইনিংসের চতুর্থ বলেই ওপেন করতে নামা উইকেটকিপার প্রসন্ন জয়াবর্ধনেকে এলবিডব্লুর ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন মাশরাফি। দলের স্কোর তখন ১, জয়াবর্ধনের সেটাই ছিল মুখোমুখি হওয়া প্রথম বল। দু ওভার বাদে মাশরাফিরই বলে প্লেড অন হয়েছেন শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা (৫)।
তৃতীয় উইকেটে ৩২ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দিচ্ছিলেন ওয়ার্নাপুরা আর মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কান অধিনায়ককে (১১) উইকেটের পিছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে সেই জুটি ভেঙেছেন সাকিব। তাতে খানিকটা কমেছে মুশফিকের দুঃখও, কারণ দু বল আগেই ওয়ার্নাপুরাকে স্টাম্পিং করার একটি সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন তিনি। ওয়ার্নাপুরার স্কোর তখন ১৯।
তিন উইকেটে ৬৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়া লঙ্কানদের বিরতির পর পরই আরেকটি ধাক্কা দিয়েছেন শাহাদাত হোসেন। থিলান সামারাবীরাকে (১৯) বোল্ড করে দিয়েছেন তিনি। এরপরই মঞ্চে আগমন ঘটেছে দিলশানের। এবং তারপরই দিনটা নিজের করে নিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৯০ ওভারে ৩৭১/৬ (ওয়ার্নাপুরা ৬৩, প্রসন্ন ০, সাঙ্গাকারা ৫, জয়াবর্ধনে ১১, সামারাবীরা ১৯, দিলশান ১৬২, কাপুগেদারা ৯৩*, ভাস ১*, অতিরিক্ত ১৭; মাশরাফি ২/৪৮, শাহাদাত ১/৮০, সাকিব ১/১০৮, এনামুল জুনিয়র ১/৭০, মেহরাব ০/৩৬, আশরাফুল ১/১৯)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এএআর/১৭১২ঘ.
bdnews24