ঢাকা, ১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চারদিনের ম্যাচের প্রতিযোগীতায় শিরোপার লড়াইটা মূলত ছিল রাজশাহী ও বরিশালের মধ্যে। তবে শেষ পর্যন্ত শিরোপা জয়ী রাজশাহীকে হারিয়েই ইস্পাহানি মির্জাপুর চা দশম জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে প্রতিযোগীতা শুরু করেছে বরিশাল। নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে বৃহষ্পতিবার তারা লো স্কোরিং ম্যাচে মাত্র ২ উইকেটের জয় পেয়েছে।
উদ্বোধনী দিনের অন্য দুটো ম্যাচও হয়েছে লো স্কোরিং। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে খুলনার ১২৫ রান টপকাতে মাত্র ১১.৪ ওভার লেগেছে সিলেটের। ওপেনার সৈকত আলী (৩৩ বলে অপরাজিত ৫১) ও মোহাম্মদ মিথুনের (৩৫ বলে অপরাজিত ৪৮) ঝড়ো ব্যাটিং তাদের এনে দিয়েছে ৯ উইকেটের অনায়াস জয়। এর আগে খুলনাকে অল্পতে গুটিয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তাপস ঘোষ (৩/১৫) ও নাজমুল হোসেন (৩/৩১)। খুলনাকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য ম্যাচ সেরা হয়েছেন পেসার নাজমুল।
বিকেএসপির দুই নাম্বার মাঠে ঢাকার বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে চট্টগ্রাম। নাফিস ইকবালের (৫৭) ফিফটি ও রেজাউল করিমের ৪৯ রানে ঢাকার ১৭৩ রান ৪৫.৩ ওভারেই টপকে যায় তারা। এর আগে বোলিংয়েও ২৫ রানে ৪ উইকেট তুলে নেওয়া রেজাউল করিম অলরাউন্ড পারফরম্যান্সের জন্য হয়েছেন ম্যান অফ দি ম্যাচ। তবে বরিশাল এতো সহজে জেতেনি। অফস্পিনার রনি তালুকদারের (৩/২০) বোলিংয়ে রাজশাহী মাত্র ১৪৪ রানে শেষ হয়ে গেলেও এই রান টপকাতে ৪৮.৪ ওভার লেগেছে বরিশালের। সঙ্গে খোঁয়াতে হয়েছে ৮ উইকেটও। ম্যান অফ দি ম্যাচ হয়েছেন রনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২২৫ঘ.
bdnews24