২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনিকে হুমকি দিয়েছে দাউদ ইব্রাহিমের দল

হুমকি পাওয়া তার জন্য নতুন কিছু নয়। গত বছর মাওবাদী বিদ্রোহীরা মহেন্দ্র সিং ধোনিকে মৃত্যু-হুমকি দিয়েছিল। এবার তাকে দুটো হুমকি-চিঠি দিয়েছে কুখ্যাত 'গ্যাংস্টার' দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে দাবি করা এক ব্যক্তি। যে কারণে ভারত অধিনায়কের রাচির বাসা এখন কড়া নিরাপত্তার ঘেরাটোপে বন্দী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 12:43 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

রাচি, ভারত, ১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হুমকি পাওয়া তার জন্য নতুন কিছু নয়। গত বছর মাওবাদী বিদ্রোহীরা মহেন্দ্র সিং ধোনিকে মৃত্যু-হুমকি দিয়েছিল। এবার তাকে দুটো হুমকি-চিঠি দিয়েছে কুখ্যাত 'গ্যাংস্টার' দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে দাবি করা এক ব্যক্তি। যে কারণে ভারত অধিনায়কের রাচির বাসা এখন কড়া নিরাপত্তার ঘেরাটোপে বন্দী। গত সোমবার ৫০ লাখ রুপি দাবি করে ধোনির পরিবারের কাছে প্রথম চিঠি দেয় ঐ ব্যক্তি। খবরটা জানতে পেরে তড়িঘড়ি করে পরদিনই বাসায় পৌঁছান ধোনি। কিন্তু তার পরদিন অর্থাৎ বুধবার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে বাসা উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আরেকটা চিঠি আসে। ধোনি অবশ্য এই হুমকিকে পাত্তা না দিয়ে সেদিনই দেখা করেন এক স্থানীয় পুলিশ কর্মকর্তার সঙ্গে। এ ব্যাপারে ঝাড়খন্ড পুলিশের মুখপাত্র সত্য নারায়ণ প্রধান বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, "তসলিম নামে এক ব্যক্তি চিঠিগুলো পাঠিয়েছে। তার দাবি সে দাউদ ইব্রাহিমের একজন ঘনিষ্ঠ সহযোগী।" ১৯৯৩ সালে মুম্বাইয়ে এক ভয়ঙ্কর বোমা হামলার (যে হামলায় অন্তত আড়াই শ' জন নিহত হয়েছিল) প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে অভিযুক্ত দাউদ ইব্রাহিম ভারতের 'মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার'। হুমকি-চিঠি দুটোকে তাই হালকাভাবে না নিয়ে ধোনির বাসায় ৪৫ জনের বেশি কমান্ডো রাখা হয়েছে। এছাড়া চিঠিগুলোর ব্যাপারে তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ। মাওবাদীদের হুমকি পাওয়ার পর থেকেই অতিরিক্ত নিরাপত্তা পেয়ে আসছিলেন ভারত অধিনায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪০ঘ.