ঢাকা, ২৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ক্রিকেটে ইদানিং তারুণ্যের জয়-জয়কার। বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকদের সংগঠন বেঙ্গল টাইগার্স-এর দেওয়া বর্ষসেরার পুরস্কারেও দেখা গেল সেটাই। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তারা পুরস্কৃত করেছে গত দুই মৌসুমে বাংলাদেশের বর্ষসেরা ক্রিকেটারদের। ২০০৬-০৭ মৌসুমের জন্য পুরস্কারটা পেয়েছেন সাকিব আল হাসান, আর ২০০৭-০৮ মৌসুমের জন্য তামিম ইকবাল।
এছাড়া ২০০৭-০৮ মৌসুমে প্রথমবারের মতো চালু হওয়া বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কারটি পেয়েছেন সালমা খাতুন।
ইংল্যান্ডের বার্মি আর্মির আদলে গড়া বাংলাদেশ দলের সমর্থকদের সংগঠন বেঙ্গল টাইগার্স এই পুরস্কারটা প্রথম দিয়েছিল ২০০৫-০৬ মৌসুমে। সেবার পুরস্কারটা পেয়েছিলেন মোহাম্মদ রফিক।
দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সাংবাদিক, সংগঠক ও খেলোয়াড়দের ভোটেই নির্বাচিত হয়েছেন তামিম-সাকিবরা। আরেকটু হলেই সাকিব পেতে পারতেন দুটি পুরস্কারই। ২০০৬-০৭ মৌসুমে ২৬৪ ভোট পেয়ে সেরা হওয়া এই অলরাউন্ডার পরের মৌসুমের জন্য ভোটাভুটিতে ২৬৫ ভোট পেয়ে হয়েছেন দ্বিতীয়। বর্ষসেরা তামিম এবার পেয়েছেন ৩১২ ভোট।
সাকিব ছাড়াও দুবারই মনোনয়ন পেয়েছিলেন আরো একজন। গত মৌসুমে ২০৯ ভোট পেয়ে দ্বিতীয় হওয়া মাশরাফি বিন মর্তুজা এবার ১০৫ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়।
২০০৬-০৭ মৌসুমের জন্য মনোনয়ন পাওয়া অন্য ক্রিকেটার আব্দুর রাজ্জাক ১৩২ ভোট পেয়ে হয়েছিলেন তৃতীয়।
নির্বাচিত বর্ষসেরা ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে ট্রফি আর নগদ ২০ হাজার টাকা। পুরস্কার তুলে দিয়েছেন পৃষ্ঠপোষক অ্যারামেক্স গ্র"পের কর্মকর্তা ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আনাম এবং বিসিবির আরেক সাবেক কর্মকর্তা আজিজ আল কায়সার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২০০৬ ঘ.
bdnews24