জয়পুর, ভারত, ২৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে তার সম্পর্কটা অম্ল-মধুর। প্রায় দু বছর ভারতের কোচ থাকার সময় বেশ কিছু বিতর্কের জন্ম দেয়ায় গ্রেগ চ্যাপেলকে ঘিরে ভারতীয় ক্রিকেটের তিক্ত স্মৃতির সংখ্যাই অবশ্য বেশি। সেই গ্রেগ চ্যাপেল এবার ভারতের প্রতিপক্ষ! সোমবার চার টেস্টের সিরিজ খেলতে ভারতের মাটিতে পা রাখা অস্ট্রেলীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন তিনি।
২০০৫ থেকে '০৭ পর্যন্ত ভারতের কোচ থাকার সময় সৌরভ গাঙ্গুলীর দল থেকে বাদ পড়ার পেছনে বড় ভূমিকা ছিল গ্রেগ চ্যাপেলের। ভারতের সফলতম টেস্ট অধিনায়ক দল থেকে বাদ পড়ায় সে সময় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলকাতা। প্রিয় 'দাদা' দলে সুযোগ না পাওয়ায় কলকাতার মানুষ গ্রেগ চ্যাপেলের কুশপুত্তলিকা পর্যন্ত পুড়িয়েছিল তখন। ইরফান পাঠানকে অলরাউন্ডার বানানোর অভিপ্রায়ে তাকে তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়েও কম বিতর্কের জন্ম দেননি অস্ট্রেলিয়ার এই গ্রেট ব্যাটসম্যান। ভারতে অনেক ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সময় কাটানো গ্রেগ চ্যাপেল গত বিশ্বকাপে 'টিম ইন্ডিয়া'র ব্যর্থতার পর আর চাকরি টিকিয়ে রাখতে পারেননি। প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার মাশুল দিয়ে ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাকে।
তবে ভারতের সঙ্গে সম্পর্ক পুরোপুরি চুকে যায়নি গ্রেগ চ্যাপেলের। এখন তিনি রাজস্থান ক্রিকেট একাডেমীর সঙ্গে কাজ করছেন। তার পাশাপাশি অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বও পেয়েও আনন্দিত। অস্ট্রেলিয়ার বিখ্যাত 'হেরাল্ড সান' পত্রিকার সঙ্গে কথা বলার সময় সেই আনন্দই ফুটে উঠলো তার কণ্ঠে, "এবার (দলের সঙ্গে) যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে।" দলের তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েও তিনি রোমাঞ্চিত, "আমি বেশ কয়েক জন তরুণ খেলোয়াড়ের সঙ্গে কাজ করার সুযোগ পেতে যাচ্ছি। মূলত ভারতের কন্ডিশন নিয়েই তাদের সঙ্গে আমি কথা বলবো। এই ভূমিকায় ভারতে তাদের কাছ থেকে কী প্রত্যাশা, এখানকার কন্ডিশন, আবহাওয়া, খাদ্য ইত্যাদি বিভিন্ন বিষয় থাকবে।" সেই সঙ্গে ব্যাটিং-বোলিং নিয়ে আলাপ-আলোচনা তো থাকবেই, "আমরা সম্পূর্ণ কলাকৌশল নিয়ে আলোচনা করবো। যেখানে থাকবে ভারতে ব্যাটিং ও বোলিং সংক্রান্ত কৌশলও। কোচিং স্টাফের সঙ্গে আলোচনা তো অবশ্যই থাকবে। আলাদা-আলাদাভাবে প্রত্যেকের সঙ্গে আলোচনাও হতে পারে।"
গ্রেগ চ্যাপেলের এই নতুন ভূমিকায় কারো (বিশেষ করে কোনো ভারতীয়র) কপাল কুঁচকালেও অস্ট্রেলিয়ার জন্য এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। ব্রিসবেনে 'সেন্টার অব এক্সেলেন্স'-এর প্রধান কোচের দায়িত্বে আছেন তিনি। আর এই দায়িত্বে থাকা ব্যক্তিদের অস্ট্রেলিয়ার সহকারী কোচ হওয়া নতুন কোনো ঘটনা নয়। সে কথা পরিষ্কার করে জানিয়ে দিয়ে সন্দেহবাদীদের উদ্দেশ্যে গ্রেগ চ্যাপেলের মন্তব্য, "সেন্টার অব এক্সেলেন্সের প্রধান অনেক বারই এই ভূমিকা পালন করেছেন। অ্যাকাডেমীতে থাকার সময় টিম নিলসেনও (অস্ট্রেলিয়ার কোচ) নিঃসন্দেহে বেশ কয়েক বার তা করেছিলেন। অর্থাৎ অতীতে এমন ঘটনা কম হয়নি। কেউ কেউ হয়তো এটাকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চাইবে। কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয়।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৫০ঘ.
bdnews24