করাচি, ২০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী ডিসেম্বরে টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে রাজি নন ইউনিস খান। সে সময় অস্ট্রেলিয়ার ঘরোয়া ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট চলবে। দক্ষিণ অস্ট্রেলিয়ার খেলোয়াড় ইউনিস তাই এই টুর্নামেন্টে খেলার জন্য সরে দাঁড়ালেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে।
ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দুটো করে দল এবং পাকিস্তান ও ইংল্যান্ডের ঘরোয়া টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে নিয়ে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসর। ৩ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় টুর্নামেন্টটির প্রাইজমানি দারুণ লোভনীয় --- ৬০ লাখ মার্কিন ডলারের।
কিন্তু এই লোভনীয় প্রাইজমানিও আকৃষ্ট করতে পারেনি ইউনিসকে। পাকিস্তানের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যানের কাছে বরং ফার্স্ট ক্লাস ক্রিকেটের আকর্ষণই বেশি, "মানুষের কাছে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা থাকতে পারে। কিন্তু আমার কাছে এটা ফার্স্ট ক্লাস ক্রিকেটের তুলনায় কিছুই নয়। আমি ফার্স্ট ক্লাসে খেলতেই পছন্দ করি। কারণ সেটাই আসল ক্রিকেট। এবং সেখানেই এক জন খেলোয়াড়কে আসল পরীক্ষা দিতে হয়।"
পাকিস্তানের ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি এবং কানাডার টরন্টোতে একটি চার জাতি টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেয়ার পর অক্টোবরের মাঝামাঝি ইউনিসের দক্ষিণ অস্ট্রেলিয়া দলে যোগ দেয়ার কথা ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১২২ঘ.
bdnews24