করাচি, ২০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার অপবাদ থেকে মুক্তি চান মোহাম্মদ আসিফ। সে জন্য আপিলও করেছেন তিনি। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষের কাছে করা সেই আপিলের শুনানি হচ্ছে না বলে হতাশ তার আইনজীবীও। যতো দ্রুত সম্ভব ওই আপিলের শুনানি করার দাবি জানিয়েছেন তিনি।
দারুণ আলোচিত ভারতের ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের প্রথম আসরে খেলতে গিয়ে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। তার মূত্র নমূনার 'বি' স্যাম্পল পাঠানো হয়েছিল সুইজারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক ডোপিংবিরোধী সংস্থা ওয়াডার ল্যাবরেটরিতে। তাদের পরীক্ষায়ও পাওয়া গেছে উত্তেজক ড্রাগ ন্যানড্রোলন। কিন্তু ভারত থেকে ফেরার পথে দুবাই বিমানবন্দরে মাদক রাখার অপরাধে ১৯দিন আটক থাকা আসিফ বরাবরই দাবি করে আসছেন তিনি নির্দোষ। তার পক্ষে করাচির আইনজীবী শাহিদ করিম আইপিএল কর্তপক্ষের কাছে আপিল করেছিলেন গত মাসে মূত্র নমূনার দ্বিতীয় পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরই।
করিম শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই আপিলের শুনানির জন্য দিন ধার্য হচ্ছে না বলে তিনি হতাশ, "একটা তারিখ দিতে এত দীর্ঘ সময়ক্ষেপণ অস্বাভাবিক। কারণ শুরুতে ওরাই যত দ্রুত সম্ভব শুনানি করতে চাইছিল। আর এখন আমরা প্রস্তুত, কিন্তু ওরা বলছে অপেক্ষা করুন, আমরা যোগাযোগ করবো।"
তিনি জানিয়েছেন, আইপিএল চেয়েছিল ৩০ আগস্ট ওই শুনানি করতে। কিন্তু প্রস্তুতির জন্য ১৫দিন সময় চেয়েছিলেন তিনি, চেয়েছিলেন শুনানিটা হোক ১৫ সেপ্টেম্বর। কিন্তু সেই তারিখ পেরিয়ে গেলেও আইপিএল কর্তৃপক্ষ আর যোগাযোগ করেনি তাদের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৩২ ঘ.
bdnews24