কলম্বো, ১৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন নিজেদের সৌভাগ্যবান মনে করতেই পারেন মারভান আতাপাত্তুরা। আইসিএল-এর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার অপরাধে হাবিবুল বাশাররা ১০ বছরের জন্য নিষিদ্ধ। অথচ আইসিএল-এ যোগ দিয়েও ঘরোয়া ক্রিকেটে খেলতে আর বাধা নেই আতাপাত্তুদের। তাদের ওপর থেকে ঘরোয়া ক্রিকেটে খেলার ওপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), যদিও আন্তর্জতিক ক্রিকেটের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়ে গেছে এখনও।
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক আতাপাত্তু, রাসেল আরনল্ড, উপুল চন্দনা ও সামান জয়ন্তা এবং আম্পায়ার রানমোর মার্টিনেজ গত মৌসুমে আইসিএল-এ যোগ দেয়ায় তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী কমিটি। নিষিদ্ধ হওয়ার পরপরই সিদ্ধান্তটা প্রত্যাহারের অনুরোধ করেছিলেন আতাপাত্তুরা। সেই অনুরোধে সাড়া দিয়েই ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেয়া হয়েছে তাদের। এসএলসি'র প্রধান নির্বাহী ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দুলিপ মেন্ডিস জানিয়েছেন, "তাদের খেলার অনুমতি চাওয়ার প্রেক্ষিতে অন্তর্বর্তী কমিটি আইসিএল-এর এই খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে।"
এসএলসি'র মিডিয়া ম্যানেজার শেন ফার্নান্দো অবশ্য জানিয়েছেন অনুমতিটা শুধু ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রেই প্রযোজ্য, "এই খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবে খেলার অনুমতি দেয়া হবে। তবে তারা দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না।" আতাপাত্তু, আরনল্ড আর চন্দনার অবশ্য সেই ইচ্ছা নেইও। আইসিএল-এ খেলার জন্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে তারা দ্বিধা করেননি।
সে যাই হোক, এসএলসি'র এই সিদ্ধান্ত আতাপাত্তুদের জন্য এক বিশাল জয়। হাবিবুল বাশার, শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদরাও এটা থেকে একটা আশার আলো খুঁজে পেতে পারেন। কে জানে, আগামীতে হয়তো বিসিবির মনোভাবও তাদের ব্যাপারে একটু নমনীয় হতে পারে, দেশের মাটিতে কিংবা দেশের হয়েও আবার খেলতে পারেন তারা!
এদিকে এসএলসি'র এমন সিদ্ধান্তে দু ধরনের প্রতিক্রিয়া হয়েছে আইসিএল ও বিসিসিআই কর্মকর্তাদের মাঝে। সিদ্ধান্তটাকে স্বাগত জানিয়ে আইসিএল-এর বিপণন বিভাগের প্রধান হিমাংশু মোদি বলেছেন, "এটাকে সঠিক নির্দেশনার পথে একটা পদক্ষেপই বলতে হবে। আশা করি এই সিদ্ধান্ত শ্রীলঙ্কান ক্রিকেটারদের আইসিএল এবং অদূর ভবিষ্যতে নিজের দেশের পক্ষে খেলতে উৎসাহিত করে তুলবে।" আর বিসিসিআই'র সেক্রেটারি নিরঞ্জন শাহর প্রতিক্রিয়া, "শ্রীলঙ্কার এই সিদ্ধান্তে আমরা ভীষণ হতাশ। আমরা এখন ব্যাপারটা আইসিসির কাছে জানাবো। ইতিমধ্যে সেখানে (আইসিসিতে) অননুমোদিত ক্রিকেটের ইস্যু নিয়ে বিতর্কও শুরু হয়ে গেছে।"
শুধু বিতর্কই নয়, অননুমোদিত টুর্নামেন্টের ভবিষ্যত নির্ধারণে একটা কমিটিও করে ফেলেছে আইসিসি। যদিও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পরিষ্কার জানিয়ে দিয়েছে, অভিযুক্ত খেলোয়াড়দের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কোনো এখতিয়ার তাদের নেই। সেটা আছে শুধু সংশ্লিষ্ট বোর্ডের।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১০ঘ.
bdnews24