২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরের চিঠি প্রত্যাখ্যান, বুধবার জরুরি সভায় বসছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে সাড়া দিয়ে আলোচনায় বসতে মঙ্গলবার আসেননি অবসরের চিঠি দেওয়া ছয় ক্রিকেটার। আর বিসিবি 'চুক্তিভঙ্গ করে, একতরফাভাবে দেওয়া' তাদের অবসরের চিঠি প্রত্যাখ্যান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 11:48 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে সাড়া দিয়ে আলোচনায় বসতে মঙ্গলবার আসেননি অবসরের চিঠি দেওয়া ছয় ক্রিকেটার। আর বিসিবি 'চুক্তিভঙ্গ করে, একতরফাভাবে দেওয়া' তাদের অবসরের চিঠি প্রত্যাখ্যান করেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু জানিয়েছেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার জরুরি সভা ডাকা হয়েছে বোর্ডের। ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএলে যোগ দিতে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ছয় ক্রিকেটার হাবিবুল বাশার, আফতাব আহমেদ, শাহরিয়ার নাফীস, ফরহাদ রেজা, ধীমান ঘোষ ও মোশাররফ হোসেন রুবেল অবসরের চিঠি দিয়েছিলেন রোববার। মঙ্গলবার অবশ্য সংখ্যাটা সাতে গিয়ে ঠেকেছে। কারণ এদিন অবসর চেয়ে চিঠি পাঠিয়েছেন নাজিমউদ্দিনও। অবসরের চিঠির প্রেক্ষিতে ছয়জনকে আলোচনায় বসার জন্য পাল্টা চিঠি দেয় বিসিবি। কিন্তু মঙ্গলবার নির্ধারিত সময়ে আসেননি ওই ছয় ক্রিকেটারের কেউই। এদের মধ্যে চারজনের আসার কোনো সুযোগই অবশ্য ছিল না। কারণ তারা ততোক্ষনে ভারতে চলে গেছেন। তবু তাদের জন্য দুঘণ্টা অপেক্ষা করার পর বিসিবি কার্যালয়েই এক সংবাদ সম্মেলনে লিপু বলেন, "তারা চুক্তি ভঙ্গ করে এক তরফাভাবে অবসরের চিঠি দিয়েছেন। সেই চিঠিতে অবসর কবে থেকে কার্যকর হবে তারও উল্লেখ নেই। তাছাড়া চিঠিতে তারা উল্লেখ করেছেন 'ব্যক্তিগত কারণে' অবসর নিচ্ছেন, কিন্তু ব্যক্তিগত স্বার্থ কখনো জাতীয় স্বার্থের চেয়ে বড় হতে পারে না। তাছাড়া তারা মিডিয়ার সামনে যেসব বক্তব্য দিয়েছেন সেগুলোও চুক্তিভঙ্গের সামিল। এসব বিবেচনা করেই আমরা তাদের চিঠিগুলো প্রত্যাখ্যান করেছি।" চিঠি না হয় গ্রহণ না করা হলো, কিন্তু এ ব্যাপারে পরবর্তী করণীয় কি? এমন প্রশ্নের জবাবে লিপু বললেন, "ব্যাপারটা এমন স্পর্শকাতর যে আমরা মনে করি একা ক্রিকেট অপারেশন্স কমিটি নয়, পুরো বোর্ড মিলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। তাই আগামীকাল (বুধবার) বোর্ডের একটি জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে বোর্ডই সিদ্ধান্ত নেবে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে!" আর সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিএলের ব্যাপারে আইসিসি এবং অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের মনোভাব এবং তাদের নেওয়া পদক্ষেপ বিবেচনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক লিপু। তার ভাষায়, "অনুমোদনহীন লিগে খেললে কী শাস্তি দেওয়া হবে, তা গত মার্চে আইসিসির বোর্ড সভাতেই আলোচিত হয়েছে। কালকের (বুধবার) জরুরী সভায় বোর্ডকে এসব অবহিত করা হবে। এরপর বোর্ডই ব্যবস্থা নেবে।" তবে এদের কারোরই ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তা জেনেও বিসিবি কেন তাদের ফিরে আসার আহবান জানাচ্ছে, এমন প্রশ্ন উঠতেই লিপু বললেন, "বাংলাদেশে তো এখনো কয়েকজন রয়ে গেছেন। তবে আমরা সবাইকেই সিদ্ধান্ত পাল্টাতে বলছি। তাছাড়া আইসিএলের চুক্তি বাতিল করার সুযোগও তো আছে।" কিন্তু বিপুল অঙ্কের অর্থের হাতছানি উপেক্ষা করা কঠিনই ক্রিকেটারদের জন্য। তাদের এই কীর্তিকে লিপুর কাছে আরো বেশি দুঃখজনক মনে হচ্ছে এজন্য, "ওরা বাংলাদেশ দলের হয়ে পারফরম করেই কিন্তু ওখানে ডাক পেয়েছে। এটা ওরা একবারও বিবেচনা করলো না।" বিবেচনা আর বোধহয় করবেনও না। মঙ্গলবার ইন্ডিয়ান ক্রিকেট লিগের ওয়েবসাইটে 'ঢাকা ওয়ারিয়র্স' দলের প্রোফাইলে জানানো হয়েছে এই দলটাকে নেতৃত্ব দেবেন হাবিবুল বাশার আর কোচ বালবিন্দর সিং সান্ধু। এক নাজিমউদ্দিন ছাড়া শোনা যাওয়া বাকি ১৩ জন বাংলাদেশীর নামই আছে ওই প্রোফাইলে। এদিন এক সংবাদ সম্মেলনে আইসিএলের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান কপিল দেব নবম দল 'ঢাকা ওয়ারিয়র্স' কে স্বাগত জানিয়েছেন। আর এদিন সন্ধ্যায় হাবিবুলদের নিয়ে একটা সংবাদ সম্মেলনও হওয়ার কথা আছে দিল্লীতে। তাদের ফিরে না আসায় বাংলাদেশ দল গড়তে সমস্যা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে লিপু বললেন, "আমাদের ব্যাকআপ আছে। হয়তো অভিজ্ঞতা একটু কম হবে, তবে আমাদের দল গড়তে সমস্যা হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/এমএম/২১৩০ঘ.