২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলতেই রাজি নন হাবিবুল-নাফীসরা

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্পোরেট অফিসের অভ্যর্থনা কক্ষে তখন সাংবাদিকদের ভিড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্পোরেট অফিসের অভ্যর্থনা কক্ষে তখন সাংবাদিকদের ভিড়। বিকেলে ক্রিকেট অপারেশন্স কমিটির জরুরী সভা থেকে বেরিয়ে সেখানেই সংবাদ সম্মেলনটা করে ফেললেন চেয়ারম্যান গাজী আশরাফ লিপু। ৬ ক্রিকেটারের অবসর চেয়ে দেওয়া চিঠিতে বিসিবির হতাশাই প্রকাশ করলেন তিনি, "এসব খেলোয়াড়দের পেছনে দেশের অনেক বিনিয়োগ আছে। এমনকি তাদের অনেককে বিদেশে পাঠিয়ে চিকিৎসাও করানো হয়েছে। তাদের কাছ থেকে এভাবে অবসরের চিঠি পাবো আশাই করিনি। আমরা যারপরনাই বিস্মিত হয়েছি।" হাবিবুল বাশার, আফতাব আহমেদ, শাহরিয়ার নাফীস, ধীমান ঘোষ, ফরহাদ রেজা ও মোশাররফ হোসেন রুবেল- বিসিবি'র সঙ্গে চুক্তিবদ্ধ এই ৬ ক্রিকেটারের চিঠি পড়ে লিপুর মনে হয়েছে, "ওদের প্রত্যেকের চিঠির ভাষা একইরকম। যেগুলো পড়ে মনে হয়েছে ওরা কিছুদিনের জন্য অবসর নিতে চাইছে।" কিন্তু বাংলাদেশ থেকে ১৪ জন ক্রিকেটারের বিদ্রোহী ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) খেলতে যাওয়ার যে খবর তার কোনো আভাসই নেই চিঠিতে। লিপু এদের একজন ফরহাদ রেজার চিঠি সংবাদ সম্মেলনে পড়েও শোনালেন, যেখানে বলা আছে, "আমি ব্যক্তিগত কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সবধরনের আসর থেকে অবসর নিচ্ছি।" আইসিএলে খেলার খবরটা যেহেতু পত্রিকা পড়ে জানা এবং চিঠিতে ওই ছয়জন এটা উল্লেখ না করায় বিসিবি বিষয়টাকে আনুষ্ঠানিক বলে ধরতে পারছে না। তাই তাদের সঙ্গে আগে আলাপ করে নিতে চায় দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন। কিন্তু ক্রিকেটারদের কাছ থেকে একদমই আশাব্যঞ্জক সাড়া পাওয়া যায়নি, "আমরা আজ (রোববার) ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু বেশিরভাগই ফোন ধরেনি। আর ধরলেও ধরেছেন অন্য কেউ। তাই ওদের মোবাইলে এসএমএস পাঠিয়ে পরশু দিন (১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার) দুপুর দুইটায় বিসিবিতে আসতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখিত ওদের নিজ নিজ ঠিকানায় চিঠিও পাঠানো হয়েছে। আমরা ওদের কাছে অবসরের ব্যাখ্যাটা জানতে চাইবো।" চিঠিতে 'ব্যক্তিগত কারণ' উল্লেখ করলেও আইসিএলে খেলতে যাওয়া নিয়ে কোনো লুকোছাপাই করেননি বাংলাদেশের সফলতম অধিনায়ক হাবিবুল বাশার। তিনি বলেছেন, "হ্যা, আমি আইসিএলে খেলতে যাচ্ছি। তবে চুক্তিতে এখনো সই করিনি।" এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিসিবির প্রতি রাগ-ক্ষোভ-অভিমানের বেশ বড় একটা ভূমিকা আছে বলেই মনে হল তার কথায়, "এমন সিদ্ধান্ত নেওয়ার একশোটা কারণ আছে। বোর্ডের কাছ থেকে কোনো সহযোগিতাই পাচ্ছিলাম না। তাছাড়া গত কিছুদিন ধরে কোচের কাছ থেকেও অবহেলা পেয়ে আসছিলাম। এটুকু বলতে পারি, শুধুই অর্থের জন্য এই সিদ্ধান্ত নয়।" এই প্রসঙ্গে লিপু শুধু একটা উদাহরণই দিলেন, "আমি বেশি কিছু বলবো না। শুধু পাশের দেশের সৌরভ গাঙ্গুলীর উদাহরণ দিতে চাই। একসময় ভারতীয় দলের একজন বিদেশী কোচ তার সম্পর্কে অনেক কিছু বলেছিলেন। কিন্তু সৌরভ ঠিকই দলে ফিরেছিলেন।" তবে হাবিবুলের আর দলে ফেরার স্বপ্ন নেই। গত কিছুদিনের অভিজ্ঞতায় তিনি নিশ্চিত জাতীয় দলে তার আর কোনো ভবিষ্যত নেই। তবে এটাও জানেন, আইসিএলে খেলার পরিণতি। সেজন্য অবসর নিয়ে দেশের ক্রিকেটের সঙ্গে সবধরনের সম্পর্ক চুকোনোর আগাম ব্যবস্থা। লিপু জানালেন, "আইসিএলে খেললে কী হবে, সেবিষয়ে প্রতিটা দেশের তো একটা 'কমন গাইডলাইন' আছেই। তবে আমরা সেরকম কিছু করার আগে ওদের সঙ্গে আলাপ করে নিতে চাই।" ক্রিকেটাররা এরকম কিছু করতে যাচ্ছেন, সেটা আগেই টের না পাওয়ার ব্যর্থতা প্রসঙ্গে লিপুর ভাষ্য, "গত বছরও শুনেছিলাম আমাদের কয়েকজন ক্রিকেটার নাকি যেতে পারে। কিন্তু শেষপর্যন্ত যায়নি। আসলে এটা ঠেকানোর কোনো কৌশল তো আমাদের নেই।" সংবাদ সম্মেলনে উঠেছিল অধিনায়ক মোহাম্মদ আশরাফুল প্রসঙ্গও। বিভিন্ন সূত্রের দাবি, প্রস্তাবটা প্রথম আসে তার কাছেই। এরপর তিনি 'ঢাকা ওয়ারিওর্স' নামে দল গঠনে অগ্রণী ভূমিকা নেন এবং অনেককে আইসিসির অনুমোদনহীন আইসিএলে যোগ দেওয়ার বিষয়ে অনুপ্রাণিতও করেন। কিন্তু শেষপর্যন্ত তিনি পিছটান দেয়ায় অন্যরা বেকায়দায় পড়েছেন বলে জানিয়েছে সূত্রগুলো। এমন অভিযোগ থাকলেও অধিনায়ককে কাঠগড়ায় দাঁড় করাতে রাজী নয় বিসিবি। লিপু বললেন, "আশরাফুল আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিল যে সে প্রস্তাব পেয়েছে এবং 'না'ও করে দিয়েছে।" আশরাফুল 'না' করলেও জাতীয় দলের অলক কাপালি ও নাজিমউদ্দিনও আছেন হাবিবুলদের সঙ্গে। আরো আছেন পেসার তাপস বৈশ্য, মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও মোহাম্মদ শরীফ, বাংলাদেশ দলের সাবেক বাঁ হাতি স্পিনার মোহাম্মদ রফিক এবং দুই নবীন ক্রিকেটার মাহবুবুল করীম মিঠু ও গোলাম মাবুদ শিশির। ক্রিকেটারদের এহেন সিদ্ধান্তে লিপুর হতাশা আরো বাড়ছে, কারণ, "আমি এবার আইসিসির সভায় গিয়ে কথা বলেছিলাম ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা ললিত মোদীর সঙ্গে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে পরবর্তী আইপিএলে বাংলাদেশের কমপক্ষে তিনজন ক্রিকেটার থাকবে। সংখ্যাটা আরো বেশিও হতে পারে। ২০১০ সালের চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের একটা দল খেলানোর বিষয়েও কথা বলে এসেছি। আমাদের ক্রিকেটারদের কথা ভেবেই তো এসব করা হচ্ছিল।" কিন্তু দুবাইয়ে আইসিসির সভা থেকে ফিরেই লিপু দেখলেন, দেশের ক্রিকেটে একটা 'নীরব ক্যু' হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.