২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকগেইনের প্রশংসায় ওয়ার্ন-ম্যাকগিল

এত দিন ক্রিকেট দুনিয়ায় খুব কম মানুষই জানতো তার নাম। তবে ভারতের সফরের অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়ে হঠাৎ করেই আলোচনায় ব্রাইস ম্যাকগেইন। শুধু আলোচনাতেই নয়, প্রশংসাতেও সিক্ত হচ্ছেন তিনি। শেন ওয়ার্ন আর স্টুয়ার্ট ম্যাকগিল দু জনই তার প্রশংসায় পঞ্চমুখ। ওয়ার্নের মতে ম্যাকগেইনই এখন অস্ট্রেলিয়ার সেরা স্পিনার। অন্যদিকে ম্যাকগিল মনে করেন এ বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরেই সুযোগ পাওয়া উচিৎ ছিল ম্যাকগেইনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 11:05 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এত দিন ক্রিকেট দুনিয়ায় খুব কম মানুষই জানতো তার নাম। তবে ভারতের সফরের অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়ে হঠাৎ করেই আলোচনায় ব্রাইস ম্যাকগেইন। শুধু আলোচনাতেই নয়, প্রশংসাতেও সিক্ত হচ্ছেন তিনি। শেন ওয়ার্ন আর স্টুয়ার্ট ম্যাকগিল দু জনই তার প্রশংসায় পঞ্চমুখ। ওয়ার্নের মতে ম্যাকগেইনই এখন অস্ট্রেলিয়ার সেরা স্পিনার। অন্যদিকে ম্যাকগিল মনে করেন এ বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরেই সুযোগ পাওয়া উচিৎ ছিল ম্যাকগেইনের। অস্ট্রেলিয়ার জাতীয় দল তো দূরের কথা, নিজের রাজ্য ভিক্টোরিয়াতেও কখনো সুযোগ পেতেন না তিনি। যে দলে ওয়ার্ন, কলিন মিলার আর ক্যামেরন হোয়াইটের মতো স্পিনার আছে সে দলে সুযোগ পাওয়া একটু কঠিনই বৈকি! তবে গত মৌসুমে সুযোগ পেয়েই সবাইকে চমকে দিয়েছেন ৩৬ বছর বয়সী লেগস্পিনার ম্যাকগেইন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট পিউরা কাপে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট ছিল তারই। তারপর থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে তাকে নিয়ে আগ্রহের সূচনা। দিন কয়েক আগে 'এ' দলের হয়ে ভারত সফরেও একটা ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স ছিল তার। তবে তার আগেই ম্যাকগেইনের প্রতিভার পরিচয় পেয়েছেন ওয়ার্ন। প্রায় মাস খানেক আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) ইনডোর নেটে সর্বকালের সেরা লেগস্পিনারের সান্নিধ্যে আসার সৌভাগ্য হয়েছিল ম্যাকগেইনের। ভারত সফরে সুযোগ পাবেন কি না তখনো তিনি তা জানতেন না। কিন্তু ওয়ার্ন বোধহয় আগেই বুঝতে পেরেছিলেন। তাই তখনই ম্যাকগেইনকে ভারতে ভালো বল করার কৌশল সম্পর্কে কিছু পরামর্শ দেন তিনি। গত সপ্তাহে ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে একটি ম্যাচে সেই সব পরামর্শ ভালো ভাবেই কাজে লাগিয়েছেন ম্যাকগেইন। আর তা জানতে পেরে তাকে নিয়ে 'ওয়ার্নি' রীতিমতো উচ্ছ্বসিত, "অস্ট্রেলিয়ার বর্তমান স্পিনারদের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন সে-ই (ম্যাকগেইন) এখন আমাদের সেরা স্পিনার। সে তার বলের গতি কমিয়ে এনে বল দুর্দান্তভাবে টার্ন করাতে পারছে। অভিজ্ঞতার বিবেচনায় ৩৬ বছর বয়স তার জন্য একটা বড় সুবিধাও। ক্যারিয়ারের বেশির ভাগ সময়ে সপ্তাহে মাত্র এক দিন সে ক্লাব ক্রিকেটে খেলেছে। তাই তার শারীরিক সক্ষমতা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ নেই।" ভারত সফরের দলে ম্যাকগেইন সুযোগ পাওয়ায় ম্যাকগিলও দারুণ খুশি। ওয়ার্নের জন্য তার ক্যারিয়ার সেভাবে বিকশিত হতে পারেনি। ওয়ার্নের অবসরের পর অস্ট্রেলিয়া দল তাকে নিয়ে অনেক প্রত্যাশা করলেও আশা পূরণ করতে ব্যর্থ ম্যাকগিল এ বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে হঠাৎ করেই বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তবে নিজে সরে দাঁড়ালেও ম্যাকগিলের দৃঢ় বিশ্বাস ক্যারিবিয়ানে সেই সফরেই অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়া উচিৎ ছিল ম্যাকগেইনের, "ব্রাইস (ম্যাকগেইন) শেষ পর্যন্ত সুযোগ পাওয়ায় আমি আনন্দিত। কারণ এটা তার দ্বিতীয় সফর হওয়া উচিৎ ছিল। যদি ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে ইনজুরির কারণে বাধাগ্রস্ত হওয়া এবং সেজন্য সিরিজের মাঝামাঝি সরে দাঁড়ানোর কথা জানতে পারতাম তাহলে আমি কিছুতেই সেখানে যেতাম না। এখানে আসার জন্য সে (ম্যাকগেইন) কঠোর পরিশ্রম করেছে।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৩৪ঘ.