কলকাতা, ৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তার জন্য এটা নতুন কিছু নয়। দল থেকে বাদ পড়েছেন এর আগেও, আবার ফিরেও এসেছেন। ইরানি ট্রফির রেস্ট অফ ইন্ডিয়া দল থেকে বাদ পড়ার পর এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, তিনি হাল ছেড়ে দিচ্ছেন না। আরো অন্তত দু বছর ক্রিকেট খেলতে চান ভারতের সফলতম অধিনায়ক।
ইরানি ট্রফির দল থেকে বাদ পড়া মানেই ভারতের টেস্ট দল থেকে বাদ পড়া নয়। তাই সোমবার নির্বাচকদের ওই সিদ্ধান্তের পর যোগাযোগ করা হলে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি সৌরভ। কিন্তু বলেছেন, "আরো অন্তত দু বছর খেলতে পারলে খুশি হবো আমি।"
ওয়ানডে দল থেকে বাদ পড়াটা অবশ্য নিয়তি বলেই মেনে নিয়েছেন 'মহারাজ', তবে টেস্ট আর টোয়েন্টি-টোয়েন্টিকে ঘিরে এখনো স্বপ্ন দেখেন বলে জানিয়েছেন তিনি।
আর এই দুঃসময়ে তিনি যথারীতি পাশে পাচ্ছেন পশ্চিম বাংলাকে। সাধারণ্যে তার জনপ্রিয়তা তো আছেই, অরুণ লাল, উৎপল চ্যাটার্জিদের মতো সাবেক ক্রিকেটাররাও বলছেন, সৌরভ দলে ফিরতে পারেন যে কোনো সময়।
অরুণ লালকে এ ব্যাপারে মন্তব্য করতে বললে তিনি জবাব দিয়েছেন, "সিদ্ধান্তটা নির্বাচকদের, এ ব্যাপারে মন্তব্য করার আমি কে? কিন্তু আমি একটা কথা মনে করিয়ে দিতে পারি, ওকে একেবারে বাদ দেওয়ার কথা কখনোই ভাবা উচিত হবে না। দুর্দান্ত একটা লড়াকু মানসিকতা আছে সৌরভের, তাছাড়া ও ব্যাটসম্যান হিসেবেও দারুণ। গাঙ্গুলি শেষ হয়ে গেছে এটা বলা ঠিক হবে না।"
বাংলার নতুন কোচ উৎপল চ্যাটার্জি আরো এক ধাপ এগিয়ে সরাসরি বলেই ফেলেছেন, " এটা খুবই অন্যায় হয়েছে। তার মতো একজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে এ রকম আচরণ করা মোটেই উচিত হয়নি নির্বাচকদের।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৫০ ঘ.
bdnews24