দুবাই, ৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিশ্বের সেরা ক্রিকেটারের সম্মানটা তাহলে এবার হারাচ্ছেন রিকি পন্টিং! টানা দুবার আইসিসির ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কারজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক এবার প্রাথমিক মনোনয়নই পাননি এই পুরস্কারের জন্য।
আগামী ১০ই সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠেয় আইসিসির অ্যাওয়ার্ড নাইট-এ ক্রিকেটের বিভিন্ন শাখায় চলতি বছরের সেরা পারফরমারদের পুরস্কৃত করবে ক্রিকেটের এই বিশ্ব সংস্থা। চালু হওয়ার পর পঞ্চম বছরে ক্রিকেটের সব শাখা মিলিয়ে বছর সেরার পুরস্কার ক্রিকেটার অফ দ্য ইয়ারের জন্য মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে এবং দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও গ্রায়েম স্মিথ।
এদের মধ্যে প্রথম তিনজন বছরের সেরা টেস্ট ক্রিকেটার হিসেবেও মনোনয়ন পেয়েছেন, এই পুরস্কারের জন্য গ্রায়েম স্মিথের জায়গায় মনোনীত হয়েছেন তার সতীর্থ জ্যাক ক্যালিস।
ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও পেয়েছেন দুটি শাখায় মনোনয়ন। বছরের সেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার প্রতিযোগিতায় তার সঙ্গে আছেন সতীর্থ শচীন টেন্ডুলকার, পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ আর অস্ট্রেলিয়ার ন্যাথান ব্র্যাকেন। আর নতুন পুরস্কার টোয়েন্টি-টোয়েন্টির বর্ষসেরা হওয়ার পথে তার প্রতিদ্বন্দ্বীরা হলেন সতীর্থ যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল আর অস্ট্রেলিয়ার ব্রেট লি।
এছাড়া বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কার অজন্ত মেন্ডিস, ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল আর ভারতের ইশান্ত শর্মা।
চলতি বছরের পারফরম্যান্স বাংলাদেশ দলের কাউকেই এই মনোনয়নের ধারে-কাছেও যেতে দেয়নি। তবে একেবারে দর্শকের ভূমিকায় থাকতে হচ্ছে না বাংলাদেশকেও। দল হিসেবে 'স্পিরিট অফ ক্রিকেট' শাখায় মনোনয়ন পেয়েছে বাংলাদেশ, সেখানে সঙ্গী হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫০৫ ঘ.
bdnews24