২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক আশরাফুলকে নিয়ে চিন্তিত ক্রিকেট বোর্ডও

প্রকাশ্যে মোহাম্মদ আশরাফুলকে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েই ভুলটা করেছেন জেমি সিডন্স। তা না করে নিজের মতামতটা বোর্ডের কাছে তুলে ধরলেই আর কোনো সমস্যা ছিল না। কারণ আশরাফুলের নেতৃত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর কোচের চিন্তায় তেমন একটা ফারাক নেই। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপুর কথায় সেটাই বোঝা যাচ্ছে। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে তিনি বলেছেন, "নেতৃত্ব বিষয়ক আলোচনাটা এড়িয়ে যাওয়ার মতো কিছু নয়। তাছাড়া আশরাফুলের অধিনায়কত্ব অনেকদিন ধরে আমাদের পর্যবেক্ষণেও আছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রকাশ্যে মোহাম্মদ আশরাফুলকে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েই ভুলটা করেছেন জেমি সিডন্স। তা না করে নিজের মতামতটা বোর্ডের কাছে তুলে ধরলেই আর কোনো সমস্যা ছিল না। কারণ আশরাফুলের নেতৃত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর কোচের চিন্তায় তেমন একটা ফারাক নেই। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপুর কথায় সেটাই বোঝা যাচ্ছে। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে তিনি বলেছেন, "নেতৃত্ব বিষয়ক আলোচনাটা এড়িয়ে যাওয়ার মতো কিছু নয়। তাছাড়া আশরাফুলের অধিনায়কত্ব অনেকদিন ধরে আমাদের পর্যবেক্ষণেও আছে।" নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে আশরাফুলের জন্য দুঃসংবাদ, বিসিবির পর্যবেক্ষণটা তার জন্য একদমই ইতিবাচক নয়। "আসলে ধারাবাহিকতা হারিয়ে ফেললে কারো পক্ষে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আশরাফুলের ক্ষেত্রেও তাই হচ্ছে। তাছাড়া কারো পারফরম্যান্স দলের প্রথম একাদশে থাকার জন্য যথেষ্ট কিনা, সেটাও ভেবে দেখার আছে"- বলেছেন লিপু। তবে ক্রিকেট অপারেশন্সের কর্তার কথায় বাংলাদেশ অধিনায়কের জন্য 'লাইফলাইন'ও আছে, "এমন একটা সময়ে অধিনায়কত্ব নিয়ে আলোচনাটা হচ্ছে, যখন পুরো দলটাই একসঙ্গে ভালো করছে না। বিশেষ করে ব্যাটিং ডিপার্টমেন্টে। এই অবস্থায় একজনের কাঁধেই সব দায়িত্ব চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে কিনা, ভাবনার অবকাশ আছে এটা নিয়েও।" তার মানে আশরাফুলের নেতৃত্বের পক্ষে এবং বিপক্ষেও যুক্তি আছে। এসবের কাটাকুটি শেষে সিদ্ধান্তটা কেমন হচ্ছে? লিপু এখনই কোনোধরনের আভাস দিতে চাইলেন না। তার কথা, "আগেও বলেছি এটা এড়িয়ে যাওয়ার বিষয় নয়। আর এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আমি মনে করি বোর্ডের পুর্ণাঙ্গ সভার মাধ্যমেই হওয়া উচিত। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে মতামত নেওয়া হবে। একটা ভাষ্য থাকবে ক্রিকেট অপারেশন্স কমিটিরও। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বোর্ডও চাপের মুখে থাকবে। কারণ আন্ডারডগ দলের অধিনায়ক ঠিক করাটা খুবই কঠিন একটা ব্যাপার। অন্য কাউকে অধিনায়ক হিসেবে নিয়ে আসলেও যে সে ভালো করবে, তারও তো নিশ্চয়তা নেই। বোর্ড সভায় আলোচনার পর যদি আশরাফুলকে অধিনায়কত্বে বহাল রাখার সিদ্ধান্ত হয়, তাহলে বহাল থাকবে। না হলে নয়।" মহাগুরুত্বপূর্ণ ওই বোর্ড সভার তারিখ এখনো ঠিক হয়নি। তবে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তড়িঘড়ি করার পক্ষপাতী নন, "নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে এখনো বেশ কিছুটা সময় আছে। আর এমন তো নয় যে সিদ্ধান্তটা আজ-কালের মধ্যেই নিতে হবে।" আশরাফুল ও মাশরাফি বিন মর্তুজাকে আগামী ডিসেম্বর পর্যন্ত অধিনায়ক এবং সহ-অধিনায়ক রাখার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল বিসিবি। কিন্তু অস্ট্রেলিয়া সফরের চরম বাজে পারফরম্যান্সে এমন শোরগোল উঠেছে যে, এখন বোর্ড সভার ওপরই ঝুলছে আশরাফুলের নেতৃত্বের ভাগ্য! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.