২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলকে ব্যাখ্যাহীন সিডন্সের সতর্কবার্তা

অস্ট্রেলিয়াকে সাধ্যের মধ্যে বেঁধে রেখেও আরেকটি ব্যাটিং ব্যর্থতায় ৭৩ রানের হার বাংলাদেশের। নাহ, এবার আর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না জেমি সিডন্স। সিরিজ শেষে রীতিমতো ব্যাখ্যা হাতড়েই মরেছেন এই অস্ট্রেলিয়ান কোচ। সেই সঙ্গে মোহাম্মদ আশরাফুলকেও শুনিয়েছেন সতর্কবাণী। রানে ফিরতে না পারলে এমনিতেই নড়বড়ে হয়ে যাওয়া আসন হারানোই বাংলাদেশ অধিনায়কের নিয়তি বলে মনে হচ্ছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, ৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অস্ট্রেলিয়াকে সাধ্যের মধ্যে বেঁধে রেখেও আরেকটি ব্যাটিং ব্যর্থতায় ৭৩ রানের হার বাংলাদেশের। নাহ, এবার আর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না জেমি সিডন্স। সিরিজ শেষে রীতিমতো ব্যাখ্যা হাতড়েই মরেছেন এই অস্ট্রেলিয়ান কোচ। সেই সঙ্গে মোহাম্মদ আশরাফুলকেও শুনিয়েছেন সতর্কবাণী। রানে ফিরতে না পারলে এমনিতেই নড়বড়ে হয়ে যাওয়া আসন হারানোই বাংলাদেশ অধিনায়কের নিয়তি বলে মনে হচ্ছে তার। শনিবার ডারউইনে হোয়াইটওয়াশ হওয়ার পর আশরাফুল সংবাদ সম্মেলনেই আসেননি। চরম ব্যাটিং ব্যর্থতার মধ্যেও এক চিলতে আলোর রেখা হয়ে থাকা তামিম ইকবালকে (ম্যাচ সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ) নিয়ে সংবাদমাধ্যমের সামনে এসে আবারো অধিনায়কের ওপর চড়াও হয়েছেন সিডন্স, "ব্যাটিং অর্ডারে ঘুরিয়ে-ফিরিয়ে অনেক জায়গাতেই তো তাকে খেলানো হল। কিন্তু এখনো সে ব্যর্থই হচ্ছে। দলের নেতা হিসেবে এটা ওর জন্য ভীষণ হতাশার তো বটেই। ওর জায়গায় যদি অন্য কেউ এরকম ব্যর্থ হত তাহলে সে দলেই থাকত না। ওর রানে ফেরা প্রয়োজন। আশরাফুল নিজেও এটা ভালো করে জানে। আমরা সব সময় এটা নিয়ে ওর সঙ্গেও কথা বলি। এমন নয় যে আমি আপনাদের গোপন কথা বলছি...আশরাফুলের সুযোগ আসলেই শেষ হয়ে যাচ্ছে।" এই কমনওয়েলথ ব্যাংক সিরিজের তিন ম্যাচে আশরাফুলের রান যথাক্রমে ৫, ৩ এবং ৩। তিন ম্যাচে ১১ রান করা বাংলাদেশ অধিনায়কের ব্যাট হাতে সময়টা অবশ্য খারাপ যাচ্ছে অনেকদিন ধরেই। সর্বশেষ ৩০টি ওয়ানডে ইনিংসে ফিফটি পার করেছেন মাত্র চারবার। এর মধ্যে দুটো আবার এসেছে টেস্ট স্ট্যাটাস না পাওয়া আয়ারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। যা কোচের ধৈর্য্যচ্যূতি ঘটানোর জন্য যথেষ্ট বলেই মনে হচ্ছে। আশরাফুল আর কতো সুযোগ পাবেন, সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাবে সিডন্সের ধৈর্য্যরে বাঁধ ভাঙ্গার ব্যাপারটা সুস্পষ্ট, "আমি জানি না। এটা আমার সিদ্ধান্তও নয়। ওর রানে ফেরা দরকার। সেটা ওর নিজের জন্য যেমন, তেমনি নেতৃত্ব বাঁচানোর জন্যও।" এর আগে শনিবার মাঠে যা ঘটেছে, তাতে সুযোগ হারানোর যন্ত্রণাও ফুটে উঠেছে সিডন্সের কণ্ঠে, "অবশেষে এমন একটা উইকেট পেলাম যার সঙ্গে আমরা বেশ ভালোই মানিয়ে নিয়েছিলাম। বোলিং ও ফিল্ডিংয়ে যথেষ্ট শ্রম দিয়ে আমাদের কাঙ্খিত অবস্থাতেই পৌঁছে গিয়েছিলাম। এরপর যেটা দরকার ছিল তা হচ্ছে ব্যাটসম্যানদের কিছু না কিছু অবদান রাখা এবং তামিমকে কারো একজনের সঙ্গ দিয়ে যাওয়া। কিন্তু সুযোগটা আমরা হেলায় হারালাম। তামিম করেছে ৬৩, সাকিব ২৭। আর বাকী সবাই মিলে ২৭। এটার আসলে কোনো ব্যাখ্যা নেই।" অস্ট্রেলিয়ার নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রানের জবাবে মাত্র ২৯.৫ ওভারেই শেষ বাংলাদেশ। অথচ দুটো লজ্জাজনক হারের পর একটা জয়ের তৃপ্তি নিয়ে যদি অস্ট্রেলিয়া থেকে ফেরা যেতো! আরো এক বার ব্যাটিং ব্যর্থতার ব্যাখ্যা সিডন্স দিলেন এভাবে, "আমাদের ব্যাটসম্যানরা পাওয়ার প্লের ওভারগুলো কাজে লাগাতে চেয়েছে। এজন্য শটও খেলেছে। কিন্তু একের পর এক শট খেলার উইকেট এটা ছিল না। যদি আমরা ৪৫ ওভার পর্যন্ত ব্যাট করতাম তাহলে এই ম্যাচটা আমাদেরই হত।" হয়নি ব্যাটসম্যানদের অবিবেচনাবোধের কারণে। প্রথম ম্যাচে পুল করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েছিলেন আশরাফুল। দ্বিতীয় ম্যাচে অনেক বাইরের বলে ফ্ল্যাশ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন স্লিপে। আর শেষ ম্যাচে বাংলাদেশ অধিনায়ক আউট হলেন কাভারে ক্যাচ তুলে অল্পের জন্য বেঁচে যাওয়ার পরের বলেই। শনিবার শুধু আশরাফুল নন, অলক কাপালিও কম হতাশ করেননি সিডন্সকে। স্ট্রেট বলে পুল করতে গিয়ে অলককে বোল্ড হতে দেখে তিনি একবারে হতবাক, "এখনো অলকের সঙ্গে কথা হয়নি আমার। আশরাফুলের মতো শট খেলেই আউট হয়েছে ও। কিন্তু ওসব বলে এই ধরনের শট ওরা কেন খেলে, এটা ব্যাখ্যা করা কঠিন।" অবশ্য গভীর সাগরে খড়কুটো আঁকড়ে ধরার মতো কিছু ইতিবাচক দিকের সন্ধানও এই সিরিজ থেকে পেয়েছেন বাংলাদেশ দলের কোচ, "বোলিংয়ের কথা বলবো আমি। মাশরাফি ও সাকিব পুরো সিরিজেই দুর্দান্ত বল করেছে। আজ অসাধারণ বোলিং করেছে রাজ্জাকও। মনে হচ্ছে সে তার ছন্দ ফিরে পাচ্ছে। আমাদের খেলার ধরনের সঙ্গে মানানসই উইকেটে যে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক দল হয়ে উঠতে পারি, সেটাও প্রমাণ করা গেছে।" চতুর্থ উইকেটে সাকিব আল হাসানকে নিয়ে ৬০ রানের জুটি গড়া তামিম তার সঙ্গীর বিদায়কেই ম্যাচের টার্নিং পয়েন্ট ধরছেন। তার ভাষায়, "সাকিবের আউটটাই টার্নিং পয়েন্ট। আমরা ভালোই খেলছিলাম এবং ওকে বলেছিলাম, আমাদের যে কেউ শেষ পর্যন্ত থাকতে পারলে আমরা ম্যাচটা জিতবো। আমরা দু'জনে ৬০ রান যোগ করেছিলাম এবং সাকিব আউট হওয়ার সময় পর্যন্ত ওভার প্রতি পাঁচ রান করে তুলছিলাম। এরপর আমাকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিল না।" তথ্যসূত্র : টাইগারক্রিকেট ডটকম এবং ক্রিকইনফো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১০১ঘ.