ঢাকা, ৩১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরী সাধারণ সভা আসন্ন। তার আগে চড়া দরে ক্লাবগুলোর কাউন্সিলরশিপ কেনা-বেচার রমরমা ব্যবসায় বিপাকে পড়েছেন অনেক প্রতিষ্ঠিত ক্রিকেট সংগঠক।
৩০ লাখ টাকায় একটি ক্লাবের কাউন্সিলরশিপ কিনেছেন এক ধন্যাঢ্য ব্যক্তি, যার টাকার গরমে ওই ক্লাব থেকে ছিটকে পড়েছেন বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন। এই খবর এখন চাউর হয়ে গেছে সবখানেই। কানে গেছে বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালীরও। রোববার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এর সঙ্গে বিসিবির সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানশেষে সাংবাদিকদের বললেন, "কোনো কোনো ক্লাব নাকি তাদের আর্থিক সমস্যার জন্য কাউন্সিলরশিপ বেচাকেনা করছে। এটা তারা করতেই পারে। তবে বিষয়টি দুঃখজনক।"
আপাতত এই জমজমাট ব্যবসা রোধের কোনো উপায় অবশ্য তিনি দেখছেন না। তবে নতুন গঠনতন্ত্রে কাউন্সিলরশিপ বেচাকেনা ঠেকাতে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। তার ভাষায়, "জরুরী সাধারণ সভার জন্য ক্লাবগুলো তাদের কাউন্সিলরদের নামের যে তালিকা পাঠিয়েছে, সেখানে হয়তো এখন কোনো কাঁটা-ছেঁড়া করা যাবে না। তবে নতুন গঠনতন্ত্রে এ বিষয়ে কঠোর বিধিমালা থাকছে।"
২৭ সেপ্টেম্বরের জরুরী সভায় নতুন গঠনতন্ত্র কাউন্সিলরদের অনুমোদনের জন্য তোলা হবে। নতুন গঠনতন্ত্র অনুযায়ী কোনো ক্লাবের কাউন্সিলরকে সংশ্লিষ্ট ক্লাবের ক্রিকেট কর্মকান্ডের সঙ্গে কমপক্ষে তিন বছর সরাসরি সম্পৃক্ত থাকতে হবে। বিসিবি সভাপতি অনিয়ম ঠেকানোর জন্য এই নিয়মের দিকেই জোর দিচ্ছেন বেশি, "যে সব ক্লাব বা সংস্থা কাউন্সিলরদের নাম পাঠাবেন, তারা গঠনতন্ত্রের দিকে নজর রাখবেন বলে আশা রাখি। ক্রিকেট সংশ্লিষ্ট লোকদের নামই পাঠানোর জন্য আমার তরফ থেকে বিশেষ অনুরোধ থাকবে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে এর কোনো বিকল্প নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২২২৬ঘ.
bdnews24