লন্ডন, ২৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মরনে মরকেলের বলে মাথায় আঘাত পেয়েছিলেন, কিন্তু সেই আঘাত উপেক্ষা করেই অ্যান্ড্রু ফ্লিন্টফ খেলেছেন ৭৭ বলে ৭৮ রানের দারুণ এক অপরাজিত ইনিংস। আর তারপর বল হাতেও দুই উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে তিনি এনে দিয়েছেন টানা তৃতীয় জয়। আর এই জয়ে দু ম্যাচ হাতে রেখেই সিরিজও জিতে নিয়েছে তারা।
টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড ৫০ ওভারে তুলেছিল ৭ উইকেটে ২৯৬ রান। জবাব দিতে নেমে ৪২.৪ ওভারে মাত্র ১৭০ রানেই অলআউট হয়ে গেছে সফরকারীরা।
স্বাগতিকদের ভালো সূচনাই এনে দিয়েছেন তাদের দুই ওপেনার ইয়ান বেল (৭৩) আর ম্যাট প্রিয়র (৩৩)। তবে ১০১ রানের জুটি গড়ার পর এই দুজনের বিদায়ে কিছু সময়ের জন্য ম্যাচে ফিরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। ১১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া ইংল্যান্ডকে টেনে তুলেছে ফ্লিন্টফের ওই ইনিংসটাই।
বল হাতে অবশ্য ফ্লিন্টফের চেয়েও সফল ছিলেন সমিত প্যাটেল। ক্যারিয়ারের মাত্র চতুর্থ ওয়ানডে খেলতে নামা এই বাঁহাতি স্পিনার নিয়েছেন ৪১ রানে পাঁচ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ৫০ ওভারে ২৯৬/৭ (বেল ৭৩, প্রিয়র ৩৩, শাহ ২৩, পিটারসেন ১২, ফ্লিন্টফ ৭৮*, কলিংউড ১৪, প্যাটেল ৩১, রাইট ১৭, ব্রড ০*; স্টেইন ১/৬৭, এনটিনি ১/৬৮, মরনে মরকেল ০/৫১, অ্যালবি মরকেল ১/৩০, বোথা ২/৩২, ক্যালিস ২/৪২)
দক্ষিণ আফ্রিকা : ৪২.৪ ওভারে ১৭০/১০ (আমলা ৪৬, গিবস ১২, ক্যালিস ৯, ডিভিলিয়ার্স ১২, দুমিনি ১৮, বাউচার ১৯, বোথা ১৭, অ্যালবি মরকেল ১৬, মরনে মরকেল ৬, স্টেইন ৫*, এনটিনি ০; অ্যান্ডারসন ১/১৭, ব্রড ০/২৮, হার্মিসন ১/২৮, ফ্লিন্টফ ২/৩৩, প্যাটেল ৫/৪১, কলিংউড ০/১৪)
ফল: ইংল্যান্ড ১২৬ রানে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২০৮ ঘ.
bdnews24