২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন ধোনি

শ্রীলঙ্কায় প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ উদযাপনের আগেই আরেকটা সুখবর পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই সিরিজেই দারুণ ব্যাটিংয়ের সুবাদে ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন ভারত-অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 09:14 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, ২৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শ্রীলঙ্কায় প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ উদযাপনের আগেই আরেকটা সুখবর পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই সিরিজেই দারুণ ব্যাটিংয়ের সুবাদে ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন ভারত-অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দু ম্যাচে হার, আর তারপর ইনজুরির কারণে সিরিজের বাকি ম্যাচগুলোর দল থেকে বাদ পড়া দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথকে পেছনে ফেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং আছেন তিন নম্বরে। আর শচীন টেন্ডুলকারের অবস্থান নয় নম্বরে। পন্টিংয়ের সতীর্থ ন্যাথান ব্র্যাকেন আছেন বোলারদের র‌্যাংকিংয়ের শীর্ষে, দুই আর তিন নম্বরে নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি আর শেন বন্ড। সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ভালো অবস্থান বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের। বোলারদের র‌্যাংকিংয়ে তিনি আছেন ২৭ নম্বরে। বোলারদের মধ্যে সেরা পঞ্চাশে আরো আছেন মাশরাফি বিন মর্তুজা (৩৮), সৈয়দ রাসেল (৪৩) এবং সাকিব আল হাসান (৪৮)। আছেন অবসর নিয়ে ফেলা মোহাম্মদ রফিকও (৩৫)। সাকিব আবার ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়েও আছেন সেরা পঞ্চাশেই। সেখানে তার অবস্থান বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয়, ৪৪ নম্বরে। তামিম ইকবাল (৪১) আছেন সবচেয়ে এগিয়ে। অন্যদের মধ্যে মোহাম্মদ আশরাফুল ৫২, আফতাব আহমদ ৬০ এবং রাকিবুল হাসান ৮৯ নম্বরে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪৫২ ঘ.